লাকসাম-মনোহরগঞ্জে ঝুঁকিপূর্ণ ৫৭ ভোটকেন্দ্র
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মোট ১৩৪টি ভোট ভোটকেন্দ্র রয়েছে। ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৫৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ১১টি ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। লাকসাম ও মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৃথকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহাম্মদ জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসনের লাকসামে মোট ৬৭টি কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। তন্মধ্যে ৫৫টি গুরুত্বপূর্ণ ও ১২টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এ ক্ষেত্রে তিনি ঝুঁকিপূর্ণ বলতে নারাজ।
ওসি বলেন, ঝুঁকিপূর্ণ বলতে কিছুই নেই। শব্দগত পরিবর্তন হয়েছে। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলছেন তিনি।
একাধিক সূত্র জানায়, লাকসামে ৬৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসনে মনোহরগঞ্জে মোট ৬৭টি কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। তন্মধ্যে ৩৬টি ঝুঁকিপূর্ণ ও ১১টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে গোপনীয়তার স্বার্থে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নাম প্রকাশ করা যাচ্ছে না।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৭৮ হাজার ৫৩৫ জন। তন্মধ্যে লাকসাম উপজেলায় ২ লক্ষ ৪৮ হাজার ৪২৯ জন এবং মনোহরগঞ্জ উপজেলায় ২ লক্ষ ৩০ হাজার ১০৬ জন।
মোট ভোটারদের মধ্যে ২ লক্ষ ৪৭ হাজার ৭৬৫ জন পুরুষ এবং ২ লক্ষ ৩০ হাজার ৭৬৯ জন নারী ভোটার রয়েছে। এছাড়া এ আসনে মাত্র একজন হিজড়া ভোটার রয়েছেন।
কুমিল্লার-৯ আসনে মোট ভোট কেন্দ্র ১৩৪টি। এসব কেন্দ্রে আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশের ন্যায় জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।









