Tag Archives: পৌরসভা নির্বাচন

নাঙ্গলকোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে আ’লীগের মেয়র আব্দুল মালেক

 

কামাল হোসেন জনি:

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনে বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে আব্দুল মালেক মনোনয়নপত্র জমা দেন। কোন প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বার মেয়র নির্বাচিত হওয়ার পথে রয়েছেন ।

১ নং ওয়ার্ডে ৬ জন,২ নং ওয়ার্ডে ১০ জন, ৩ নং ওয়ার্ডে-৮ জন,৪ নং ওয়ার্ডে-৭জন,৫ নং ওয়ার্ডে-৫জন,৬ নং ওয়ার্ডে-৮জন,৭ নং ওয়ার্ডে ৪ জন,৮নং ওয়ার্ডে-৬জন, ৯ নং ওয়ার্ডে-৬জন,সংরক্ষিত মহিলা ১-২-৩ ওয়ার্ডে-২জন, ৪-৫-৬ ওয়ার্ডে -৫জন, ৭-৮-৯ ওয়ার্ডে-৪ জন মনোনয়ন পত্র দাখিল করেন।

কাউন্সিলর পদে নিজাম উদ্দিন মজুমদার,জামাল হোসেন সোহাগ,রুবেল হোসেন,রুখসানা আক্তার,মোঃ হানিফ,আলা উদ্দিন,মীর হোসেন,জাহাঙ্গীর আলম,সহ ৭১ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সাধারণ কাউন্সিলর পদে ৬০-জন,সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১জন,মোট ৭১ জন কাউন্সিলর প্রার্থী।

শুক্রবার যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে,২৪ মার্চ প্রত্যাহারের দিন ধার্য করা হয়। ২৫ মার্চ প্রতীক বরাদ্দ দেয়া হবে। ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।

নাঙ্গলকোট উপজেলা নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম বলেন,মেয়র পদে আব্দুল মালেক একমাত্র প্রার্থী আগামীকাল যাচাই বাছাই অনুষ্ঠিত হবে।

হোমনা পৌর নির্বাচনে কাউন্সিলর পদে জামাই-শ্বশুরের ভোটযুদ্ধ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার হোমনা পৌরসভার ৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আপন মেয়ের জামাই ও শ্বশুর প্রার্থী হয়েছেন। এরা হলেন-উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কাউন্সিলর মো. রাজ মিয়া ও তার মেয়ের জামাই আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ।

শ্বশুর রাজ মিয়া উট পাখি প্রতীক এবং জামাই আবদুস সামাদ গাজর প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইকালে তাদের দু’জনের মনোনয়নপত্রই বৈধ হয়। জামাই-শ্বশুর দু’জনের মনোনয়নপত্র বৈধ হওয়ায় বিপাকে পড়েছেন তাদের আত্মীয়-স্বজনরা।

জানা গেছে, মনোনয়ন বৈধ হওয়ার আগে ও পরে তাদের স্বজনরা দু’জনকে একত্র করতে পারিবারিকভাবে বেশ কয়েক দফা বসেও ব্যর্থ হয়।

এ ব্যাপারে জামাই আব্দুস সামাদ জানান, এখন সময় যুবকদের, এলাকার যুবকরাসহ নেতৃস্থানীয় লোকজন আমার পক্ষে আছে। তাই আমি বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাল্লাহ।

শ্বশুর রাজ মিয়া জানান, গত নির্বাচনেও আমার মেয়ের জামাই এ ওয়ার্ডে আমার সাথে কাউন্সিলর পদে নির্বাচন করে হেরেছে। এবারও জনগণ তাকে নয়, আমাকেই ভোট দিয়ে এ ওয়ার্ডের কাউন্সিলর বানাবে। আশা করি নির্বাচনে জয়ী হতে কোনো বেগ পেতে হবে না।

জামাই ও শ্বশুর দু’জনেই নির্বাচনে বিজয়ের ব্যাপারে সমান আশাবাদী হলেও তারা দু’জনেই একজন অপরজনের ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য করতে নারাজ।

এদিকে মেয়ে রুবি আক্তার ও তার মা মিনা আক্তার ঘোষণা দিয়েই নিজ নিজ স্বামীকে জয়ী করতে দিন রাত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। একই সাথে মেয়ে রুবি বাবার বাড়ির আত্মীয়-স্বজনদের প্রচারে নামানোর জন্যও জোর চেষ্টা চালাচ্ছেন।

চতুর্থ ধাপে আরও ৫৬ পৌরসভার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

সূত্র: ইত্তেফাক।

দাউদকান্দিকে মডেল পৌরসভায় রূপান্তরিত করতে নৌকায় ভোট দিন : নাইম ইউসুফ সেইন

জাকির হোসেন হাজারী:
দাউদকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নাইম ইউসুফ সেইন বলেন, উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিন, উন্নয়ন বুঝে নিন। গত পাঁচ বছরে প্রায় শতকোটি টাকার অবকাঠামো উন্নয়ন হয়েছে পৌরসভায় , যা আপনাদের চোখের সামনে দৃশ্যমান।

বৃহস্পতিবার বিকেলে পৌরসভার বাড়াগাও তালতলি এলাকায় গণসংযোগকালে পথ সভায় এ কথা বলেন তিনি।

উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, কাজ করতে গিয়ে হয়তো ভুল ভ্রান্তি হতে পারে , আপনার আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর গত পাঁচ বছর আমি মেয়র থাকা অবস্থায় দাউদকান্দিকে মডেল পৌরসভা গড়ার লক্ষে কাজ করেছি। বিজয়ী হলে দাউদকান্দি পৌরসভাকে উন্নয়নের মাধ্যমে প্রথম শ্রেণীতে উন্নীত করে মডেল পৌরসভায় রূপান্তরিত করার চেষ্টা করব। আমি আপনাদের কাছে দোয়া এবং ভোট প্রার্থনা করছি।

গণসংযোগ কালে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, হাসানপুর কলেজের সাবেক ভিপি অহিদুল ইসলাম, একই কলেজের সাবেক সাধারণ সম্পাদক রবিউল সরকার বাবু, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার হোসেন মুন্নাসহ স্থানীয় নেতাকর্মীগণ।

চৌদ্দগ্রাম পৌর নির্বাচন: ব্যতিক্রমী প্রচারে ভোটারদের নজর কেড়েছেন ফিরোজা বেগম

স্টাফ রিপোর্টার:

আগামী ৩০শে জানুয়ারী চৌদ্দগ্রাম পৌরসভার ৪, ৫, ৬নং ওয়ার্ডেও সংরক্ষিত ২ (মহিলা) আসনে জবা ফুল প্রতীকে কাউন্সিলর হিসেবে নির্বাচন করছেন ২ বারের মহিলা কাউন্সিলর  ফিরোজা বেগম। অন্যান্য প্রার্থীদের ন্যায় ডাকঢোল, ডিজে গানের তালে যুবকদের নাচ-গান কিংবা মাইকিংয়ে নেই কোন বাজনা। ব্যতিক্রমী প্রচারের কারণে পৌরসভার সর্বস্তরের জনগণের নজর কেড়েছেন ফিরোজা বেগম।

তফসিল ঘোষণার পর থেকেই ওয়ার্ডের হিন্দু-মুসলমানসহ সর্বস্তরের জনগণের নিকট দোয়া ও ভালোবাসা কামনা করে ভোট চাইছেন তিনি।

৪, ৫, ৬নং ওয়ার্ডের ভোটাররা জানান, নাগরিকদের স্বাভাবিক অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র সংগ্রহে পুরুষ কাউন্সিলরের চাইতে ফিরোজা আপাকেই কাছে পাওয়া যায়, কেউ মারা গেলে মৃতের দাফন-কাফনের কাজে স্বশরীরে উপস্থিত থেকে কাজ করেন তিনি। এছাড়াও নিজ বাড়িতে মহিলা ও শিশুদের কুরআন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। তাই গত ২ বারের ন্যায় এবারও আমাদের আস্থা ফিরোজা বেগম এবং জবা ফুলের উপর। ইনশাআল্লাহ ৩০শে জানুয়ারী ভোটের মাধ্যমে ফিরোজা আপা আবারো নির্বাচিত হবেন।

নির্বাচনে বিজয়ের বিষয়ে আশাবাদী মহিলা কাউন্সিলর প্রার্থী ফিরোজা বেগম জানান, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে গত ১০ বছর আমি মানুষের সেবা করেছি। এবারো আমি প্রার্থী হয়েছি। আমি নির্বাচিত হই বা না হই ভবিষ্যতেও আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। আপনারা ভোট দিলে ইনশাল্লাহ আবারো বিজয় হবো।

বরুড়া পৌর নির্বাচন: নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ঘন্টাব্যাপি সংঘর্ষ

ইসতিয়াক আহমেদ:

কুমিল্লার বরুড়া পৌরসভা  নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী মিয়া কামরুল সমর্থিত নেতাকর্মীদের সাথে নৌকা প্রতিকের প্রার্থী বকতার হোসেনের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১১ টায় বরুড়া পৌর সদর বাজারের জিরো পয়েন্টে  আ’লীগের বিদ্রোহী প্রার্থী মিয়া কামরুল সমর্থিত নেতাকর্মীরা মিছিল নিয়ে গণসংযোগে বের হলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ প্রায় এক ঘন্টা চলে।

আ’লীগের বিদ্রোহী প্রার্থী মিয়া কামরুল সমর্থিত নেতাকর্মীরা জানান, আমরা গণসংযোগে বের হলে নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থকরা আমাদের উপর অর্তকিত হামলা চালায়। আমাদের নেতাকর্মীরা আহত হয়েছে।

অপরদিকে নৌকা প্রতিকের প্রার্থীরা সমর্থিত নেতাকর্মীরা জানায়, জেল থেকে বের হয়ে এসে মিয়া কামরুল পৌর এলাকায় মিছিল করে আতংক ছড়াচ্ছে।

উল্লেখ্য যে,  বরুড়া পৌরসভা  নির্বাচনে সংঘর্ষ বেড়েই চলেছে। নৌকা প্রতিক প্রার্থী বকতার হোসেন , আ’লীগের বিদ্রোহী প্রার্থী ( হেলমেট প্রতিক) মিয়া কামরুল এবং ধানের শীষ প্রতিকের প্রার্থী বর্তমান মেয়র জসিম উদ্দিন পাটোয়ারির সমথর্কদের মধ্যে সংঘর্ষ চলছেই। প্রায় প্রতিদিনই সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করা হচ্ছে। সব মিলিয়ে সাংঘর্ষিক নির্বাচনে রূপ নিচ্ছে বরুড়া পৌর নির্বাচন।

 

বরুড়া পৌরসভা নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন মেয়র প্রার্থীরা

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়া পৌরসভার নির্বাচনে জয় ছিনিয়ে আনতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন মেয়র পদপ্রার্থীরা। বরুড়া পৌরসভা নির্বাচন আগামী ৩০ জানুয়ারি তৃতীয়ধাপে অনুষ্ঠিত হবে।

নির্বাচনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের জয় ছিনিয়ে আনতে দিনরাত প্রচারনা করে যাচ্ছেন বিএনপির মনোনিত প্রার্থী সাবেক মেয়র ও পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পাটোয়ারী। তিনি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইচেন। ভোটারদের সামনে তুলে ধরছেন তার গত ১০ বছরের উন্নয়নমূলক কর্মকান্ড।

এদিকে নৌকা প্রতীকের জয় ছিনিয়ে আনতে অবিরাম প্রচারনা চালিয়ে যাচ্ছেন মেয়র পদপ্রার্থী বরুড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি বকতার হোসেন। তিনিও নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইচেন। দিচ্ছেন উন্নয়নমূলক নানা ধরনের প্রতিশ্রুতি। তিনি আশাবাদি এইবার বিপুল ভোটে নৌকার বিজয় হবে।

পিছিয়ে নেই স্বতন্ত্রপ্রাথীরাও। স্বতন্ত্রপ্রার্থী কুমিল্লা (দঃ) জেলা আওয়ামীগের সদস্য ও সাবেক মেয়র বাহাদুরুজ্জামান তিনিও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। পাশাপাশি ফেইজবুক প্রচারেও তরুণ ভোটারদের আকৃষ্ট করছেন তিনি। দিচ্ছেন পৌরসভাকে ঢেলে সাজানোর পরিকল্পনা ও না না ধরনের প্রতিশ্রুতি।

চমকে দিয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী মোঃ কামরুল হাসান। তিনি কারাভোগ অবস্থায় মনোয়নপত্র দাখিল করে প্রার্থীতা নিশ্চিত করে আলোচনায় আসেন। বর্তমানে তিনি কারোভোগে থাকলেও তার সমর্থকরা হেলমেট মার্কা প্রতীক নিয়ে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। সমর্থকরা আশাবাদি তিনি শীগ্রই জামিনে মুক্তি পেয়ে সরাসরি নিবার্চনী প্রচারনায় অংশ নিবেন।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী আবদুল কাদের সাঈদ মোবাইল প্রতীক, আবদুল কাদের হাতুরী প্রতীক ও আবুল বাশার হাতপাখা প্রতীক নিয়ে চালিয়ে যাচ্ছেন প্রচারনা। যাচ্ছেন ভোটারদের কাছে।

বরুড়া উপজেলা রির্টানিং অফিসার আজহারুল ইসলাম জানান, আগামী ৩০ জানুয়ারি সকাল থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হবে।

ইতিবাচক বার্তা দিল চান্দিনা পৌরসভা নির্বাচন: সফলতার কারিগর প্রশাসন  

 

ইমতিয়াজ আহমেদ জিতু:

কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনকে ঘিরে জন্ম নিয়েছিল চরম উৎকন্ঠা । অনেকেই ভেবেছিল ব্যাপক সংঘর্ষ আর হতাহতের সাক্ষী হবে এ নির্বাচন। কিন্তু দিন শেষে সকল অনিশ্চয়তার অবসান ঘটে । সুষ্ঠু ও সফলভাবেই নির্বাচন সম্পন্ন হয় । অনেকের মতে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এমন সুষ্ঠু নির্বাচন কেউ দেখেনি।  ভোটগ্রহণে শ্লথগতি ছাড়া তেমন কোন অভিযোগ নেই। এ উপজেলায় প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যার ফলে ভোটগ্রহণ পদ্ধতি সম্পর্কে সবার তেমন ধারণা না থাকায় ভোটগ্রহণ ছিল মন্থর গতিতে। এছাড়া জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের একনিষ্ঠ ও আন্তরিকতার ফসলই এ সফল নির্বাচন। বিশেষ করে শনিবার অনুষ্ঠিত চান্দিনা পৌরসভার নির্বাচনটি কুমিল্লায় সম্প্রতি যোগদান করা নতুন পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)এর জন্য বড়সড় পরীক্ষাই ছিল। সেই পরীক্ষায় তিনি সফল বলতেই হবে। কারণ এ নির্বাচনে অবাধ ও সুষ্ঠু হওয়ার পেছনে পুলিশের ভূমিকা ছিল প্রশংসনীয়।

পূর্ববর্তী নির্বাচনগুলোতে প্রশাসনের বিরুদ্ধে সরকার দলীয় প্রার্থীদের পক্ষপাতিত্বের অভিযোগ ছিল অহরহ। চান্দিনা পৌরসভা নির্বাচন ছিল ইতিবাচকভাবে ব্যতিক্রম। চলতি বছরে বেশ কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মুরাদনগর রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে। তেমন কোন সংঘর্ষ হয়নি উল্লেখ করার মত। বি-পাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রায় ৫ জন সাংবাদিক নৌকা প্রতিকের নেতাকর্মীদের হাতে শারিরীক হামলার শিকার হয়েছে। পরে সাংবাদিকরা দুলালপুর স্কুল ভোটকেন্দ্র থেকে একজন হামলাকারিকে সনাক্ত করে পুলিশকে অবহিত করলে পুলিশ তাকে আটক করে আদালতে সোর্পদ করে। এছাড়া এ মামলার সফলতা বলতে আর কিছু নেই। অন্য আসামিরা প্রকাশ্যে ঘুরছে বলে জানা গেলেও রহস্যজনকভাবে আর কেউ গ্রেফতার হয়নি। সাংবাদিক নির্যাতনের মামলাটি এখন হিমাগারে যাওয়ার দ্বারপ্রান্তে। এরপর পদোন্নতিজনিত কারণে ঢাকায় বদলি হন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। নতুন পুলিশ সুপার হিসেবে ফারুক আহমেদের যোগদানের পর এ নির্বাচন ছিল সেই হিসেবে প্রশাসনের জন্য এক অগ্নিপরীক্ষা। সেই অগ্নিপরীক্ষা সফলতার সাথেই অতিক্রম করলেন নতুন পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশ।

এ নির্বাচনের ১৫টি ভোটকেন্দ্রই অধিক ঝুকিঁপূর্ণ ছিল। মেয়র পদে হেভিওয়েট প্রার্থী ছিলেন তিনজন। নৌকা প্রতিকের শওকত হোসেন ভুঁইয়া , স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন (জগ) ও বিএনপি সমর্থিত প্রার্থী শাহ্ মো. আলমগীর খান (ধানের শীষ)। এর মধ্যে নৌকা আর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে গত কয়েকদিনে বেশ উত্তেজনা বিরাজ করেছিল। সংঘর্ষও হয়েছিল। এছাড়া প্রত্যেকটি ওয়ার্ডে প্রায় ৩/৪ জন করে কাউন্সিলর প্রার্থী ছিল। ফলে নির্বাচনের দিন সংঘর্ষ হবে এটার সবার ধারণাই ছিল।  নির্বাচনের দিন সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হারং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়েছে। তবে এর প্রভাব ভোটকেন্দ্রে পড়েনি। এছাড়া পুরো নির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ নিরপেক্ষ হয়েছে বলে স্থানীয় জনগণ ও ভোটাররা মনে করেন। বিগত বছরগুলোতে যে ধরনের নির্বাচন দেখে মানুষ অভ্যস্ত ছিল সেই ধরনের চিত্র অনুপস্থিত ছিল এবার। চান্দিনার নির্বাচনটি নতুন যুগের সূচনা বলেই মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।

সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে এবারই প্রথম রেকর্ড সংখ্যক পুলিশ সদস্য একটি নির্বাচন ঘিরে কাজ করেছেন। নির্বাচনের দিন ৪৫০ জন পুলিশ সদস্যের ৩ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলা পুলিশ। এছাড়া ২ প্লাটুন বিজিবি, র‌্যাব-১১ এর ৩টি টিম, আনসারের ১৩৫ জন সদস্য কাজ করেছেন।১৫টি কেন্দ্রের সবগুলোতেই একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। প্রত্যেকটি ভোটকেন্দ্রেই পুলিশ ছিল সর্তক অবস্থায়। বিভিন্ন দলের নেতাকর্মীদের ভোটকেন্দ্রে আধিপত্য বিস্তার করতে দেয়নি। এমনকি জড়ো হতেও দেননি। সার্বক্ষণিক তৎপরতা ছিল পুলিশের মাঝে । জেলা প্রশানক আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), এনএসআই কুমিল্লার যুগ্ম পরিচালক জি এম আলিম উদ্দিন ও কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) আজিম উল আহসান প্রায় প্রত্যেকটি ভোটকেন্দ্রেই পরিদর্শন করেছেন। ভোটারদের সাথে কথা বলেছেন। ভোটারদের ভোট প্রদানে অনুপ্রেরণা জুগিয়েছেন।

এ নির্বাচনে চান্দিনা পৌরসভার ৪ নং ওয়ার্ডে সংঘর্ষের সম্ভাবনা ছিল প্রকট। সেই ওয়ার্ডের ভোটকেন্দ্রে ৬ কাউন্সিলর প্রার্থীকে একত্রে বসে থাকতে বাধ্যও করেছে প্রশাসন। যা ছিল ব্যতিক্রমধর্মী চিত্র । প্রশাসনের এমন পদক্ষেপ বেশ প্রশংসা কুড়িয়েছে ।

প্রত্যেকটি ভোটকেন্দ্রেই ছিল ভোটারদের দীর্ঘ সারি। ভোটকেন্দ্রে আসার পথে বাধা প্রদানের বিষয়টি তেমন হয়নি বললেই চলে। এর জন্য পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন ধন্যবাদ পাওয়ার যোগ্য বলে মনে করে স্থানীয়রা।

এ নির্বাচনে কয়েকটি ভোটকেন্দ্রে বিএনপি প্রার্থী  শাহ মো: আলমগীর খান এবং স্বতন্ত্র প্রার্থী শামীমের এজেন্ট পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, তাদের এজেন্ট ভোটকেন্দ্রে যায়নি নিরাপত্তার অভাবে। হামলা -নির্যাতন হতে পারে এমন আশংকায়। কিন্তু  প্রার্থীরা তাদের এজেন্টকে কেন্দ্রে পৌছে দিলে হয়তো তাদের বের করার মত পরিবেশ থাকতো না। কারণ প্রত্যেকটি ভোটকেন্দ্রই নিরাপত্তার  চাদরে আবৃত ছিল। বা তাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে এমন অভিযোগও পাওয়া যায় নি।

অনেকেই বলছেন -সাংগাঠনিক দুর্বলতা, ভয়, নামেমাত্র নির্বাচনে অংশগ্রহণই তাদের পরাজয়ের মূল কারণ । অন্যথায় তারা সক্রিয় হলে এমন সুষ্ঠু পরিবেশে নৌকা প্রার্থীর জয় অনেকটাই অনিশ্চিত হয়ে দাড়াতো।

সব মিলিয়ে চান্দিনা পৌরসভা নির্বাচন ইতিবাচক বার্তা দিয়ে গেল। আর এই ইতিবাচক বার্তার পেছনে মূল কারিগর ছিল জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা। আর প্রথম পরীক্ষায় সফল হয়ে ভবিষ্যতে আরো ভাল কিছু করার ইঙ্গিত দিয়ে রাখলেন পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)। এখন দেখার পালা জেলাজুড়ে বিস্তৃত মাদক ব্যবসা ও চুরি-ছিনতাই এবং চাদাবাজি রোধে পুলিশ সুপার কোন কোন পদক্ষেপ গ্রহণ করেন। শুরুটা চমৎকার হয়েছে। সমাপ্তিটা বর্ণাঢ্য হবে এমনই আশা করছে কুমিল্লাবাসি।

পৌর নির্বাচনে নির্বাচিত হয়েই খুন হলেন বিএনপি সমর্থিত কাউন্সিলর

ডেস্ক রিপোর্ট:
সিরাজগঞ্জে ভোটে জয়ের পরপরই প্রতিপক্ষের সমর্থকদের হামলায় খুন হলেন বিএনপি সমর্থিত কাউন্সিলর।

শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারিকুল ইসলাম (৪৫) নামের সদ্য বিজয়ী ওই কাউন্সিলরের মৃত্যু হয়।

তিনি শহরের নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে।

পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে তিনি ৮৫ ভোটে জয়লাভ করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

১৪ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি ও হোমনা পৌরসভার নির্বাচন

স্টাফ রিপোর্টার:

চতুর্থ ধাপে ঘোষিত তফসিলে কুমিল্লার দাউদকান্দি ও হোমনা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২১ এই পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জানা যায়, ১৭ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, ১৯ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে, ২৬ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়।

দু’টি পৌরসভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ নেয়া হবে।

চান্দিনায় এলডিপি’র মেয়র প্রার্থী জামশেদ আহম্মদ জাকি’র ব্যাপক গণসংযোগ

শরীফুল ইসলাম, চান্দিনা :
কুমিল্লার চান্দিনায় পৌরসভার নির্বাচন কে সামনে রেখে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মনোনীত মেয়র প্রার্থী মো. জামশেদ আহম্মদ জাকি’র ছাতা মার্কার প্রচারণায় ব্যাপক গণসংযোগ হয়।

রবিবার (৩ জানুয়ারি) দুপুরে চান্দিনা বাজারের ব্যবসায়ী, শ্রমজীবী ও সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ছাতা মার্কার লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন।

এসময় তার সাথে প্রচারণায় অংশগ্রহণ করেন- সুলতান মঈন আহমেদ রবিন, কুমিল্লা উত্তর জেলা এলডিপি সভাপতি একেএম শামছুল হক মাস্টার, পৌর এলডিপি সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, মো. দেলোয়ার হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, পৌর গণতান্ত্রিক যুবদলের সভাপতি মনিরুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হাসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম শানু, প্রভাষক মো. রুহুল আমিন ভূইয়া, গণতান্ত্রিক যুবদল নেতা অলি শেখ, চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ গণতান্ত্রিক ছাত্রদলের সাবেক সভাপতি মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।