Tag Archives: ফরিদগঞ্জ থানা

চকলেটের প্রলোভনে দুই বছরের শিশুকে ধর্ষণ করেন ৬৫ বছরের বৃদ্ধ

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের ফরিদগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে দুই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ছিদ্দিক ব্যাপারী (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ মার্চ) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন।

গ্রেফতার মো. ছিদ্দিক ব্যাপারী ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১২ মার্চ) দুপুরে ওই শিশুকে চকলেট খাওয়ানোর কথা বলে নিজ ঘরে নিয়ে যান মো. ছিদ্দিক ব্যাপারী। সেখানে শিশুটিকে ধর্ষণ করলে কান্না শুনে তার মা ঘরে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ওই শিশুর বাবা থানায় মামলার করেন। মামলায় অভিযুক্তকে রাতেই গ্রেফতার করে পুলিশ।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘অভিযোগের ভিত্তিতে পুলিশ মো. ছিদ্দিক ব্যাপারীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

চাঁদপুরে বৃদ্ধ বাবা-মাকে মারধর করে বের করে দিয়েছে ছেলে ও তার বউ

 

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরে বৃদ্ধ বাবা-মাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছেন তাদের ছেলে নুরে আলম (৩৫) ও তার বউ।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পূর্ব বদরপুর গ্রামে এ ঘটনা।

ঘটনার পর ভুক্তভোগী বোরহান উদ্দিন (৬৫) ও তার স্ত্রী পারভিন বেগম (৪৫) ফরিদগঞ্জ থানায় ছেলে ও তার বউয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তবে পুলিশ বাড়িতে আসার আগেই পালিয়ে গেছেন ছেলে নুরে আলম।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নুরে আলমের বউ নিশু বেগম চুলায় রান্না করছিলেন। এসময় চুলায় অতিরিক্তি ধোঁয়া হওয়ায় বৃদ্ধ দম্পতি ছেলে বউকে বকাঝকা করেন। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বোরহান উদ্দিন ও তার স্ত্রী পারভিন বেগমকে লাঠি দিয়ে মারধর শুরু করেন ছেলে নুরে আলম ও তার স্ত্রী।

বৃদ্ধ দম্পতির অভিযোগ, ছেলে ও তার বউ অটোরিকশার ব্যাটারি থেকে এসিড নিয়ে এসে তাদের ওপর নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে মারধর করে। তারা চিকিৎসা নিয়েছেন এবং থানায় অভিযোগ করেছেন।

ইউপি চেয়ারম্যান ওমর ফরুক বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। বৃদ্ধ দম্পতিকে থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছি। তবে তার ছেলে আমাকে বলেছেন- এসিড নিক্ষেপের কোনো ঘটনা ঘটেনি।’

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, বোরহান উদ্দিন ও তার স্ত্রী থানার এসে অভিযোগ করেছেন। পরে একজন এসআই ঘটনাস্থলে গিয়েছিলেন। পুলিশ যাওয়ার খবরে বৃদ্ধের ছেলে বাড়ি থেকে পালিয়েছেন। প্রাথমিকভাবে আমরা জেনেছি- তাদের দীর্ঘদিনের পারিবারিক কলহ রয়েছে।