মেসির ফেরার ম্যাচে জয়হীন আর্জেন্টিনা
সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার হয়ে মাঠে নামার পর লিওনেল মেসি ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। অবশেষে তিনি ফিরেছেন এবং বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে তার ফেরার ম্যাচে আর্জেন্টিনা ১-১ গোলে ড্র করেছে।
বাংলাদেশ সময় শুক্রবার (১১ অক্টোবর) ভোর রাতে ভেনেজুয়েলার স্তাদিও মাতুরিনে ম্যাচটি অনুষ্ঠিত হয়। তবে বৃষ্টির কারণে খেলা শুরু হতে ৩০ মিনিট দেরি হয়। টানা বৃষ্টিতে মাঠে পানি জমে গেলেও খেলা চালিয়ে যায় দুই দল।
ম্যাচের শুরুতেই আর্জেন্টিনা এগিয়ে যায়। ১৪ মিনিটে মেসির ফ্রি-কিক থেকে ভেনেজুয়েলার গোলরক্ষক বল ফিরিয়ে দিলে নিকোলাস ওটামেন্ডি সেই বল পেয়ে জালে পাঠিয়ে দলকে লিড এনে দেন। আর্জেন্টিনা ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়।
বিরতির পর ভেনেজুয়েলা ঘুরে দাঁড়ায়। ম্যাচের ৬৫ মিনিটে রন্দন গোল করে দলকে সমতায় ফেরান। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতা নিয়েই ম্যাচ শেষ হয়।
এই ড্রয়ের পরও দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। আর্জেন্টিনা পরবর্তী ম্যাচে ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে।