Tag Archives: বসুন্ধরা স্পোর্টস সিটিতে কিংবদন্তি বক্সার আরবিন্দ লালওয়ানি

বসুন্ধরা স্পোর্টস সিটিতে পর্দা নামলো প্যাডেল স্ল্যাম ২.০’র

নিজস্ব প্রতিবেদক:

বসুন্ধরা স্পোর্টস সিটিতে সফলভাবে পর্দা নামলো ‘আহসান গ্রুপ প্রেজেন্টস প্যাডেল স্ল্যাম ২.০, পাওয়ার্ড বাই অ্যাসেট ডেভেলপমেন্টস’ টুর্নামেন্টের। শনিবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচগুলোর মধ্য দিয়ে শেষ হয় তিন দিনব্যাপী এই জমকালো প্রতিযোগিতা। ফাইনাল ম্যাচ উপভোগ করতে প্রতিযোগীদের পাশাপাশি বসুন্ধরা গ্রুপ ও বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মেন্স অ্যাডভান্সড ক্যাটাগরির ফাইনালে রোমাঞ্চকর লড়াই শেষে ৬-৪, ২-৬ ও ৬-২ সেটে চ্যাম্পিয়ন হন জিউসেপে ও ম্যাশ জুটি। রানারআপ হন রাকিন ও সাদমান।
মেন্স ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে ৭-৫, ৬-৩ সেটে শিরোপা জয় করেন তাইসির ও পলক। এই বিভাগে রানারআপ হন ফারহান ও নাবিল। উইমেন্স ডাবলসে ৬-০, ৬-১ সেটে একপেশে ফাইনালে চ্যাম্পিয়ন হন ব্রিয়ানা ও ফারিহা। রানারআপ হন নাভেরা ও তাশফিয়া।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বসুন্ধরা স্পোর্টস সিটির হেড অফ অপারেশনস মাসুদুর রহমান মান্না। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে স্পন্সর প্রতিষ্ঠান অ্যাসেট ডেভেলপমেন্টসের ডিরেক্টর নাভেরা খান এবং আহসান গ্রুপের প্রতিনিধির হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ক্রীড়া আয়োজন সফল করতে স্পন্সরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের সহযোগিতা ছাড়া এমন বড় পরিসরের টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয়। এরপর পর্যায়ক্রমে উইমেন্স, মেন্স ইন্টারমিডিয়েট ও মেন্স অ্যাডভান্সড ক্যাটাগরির রানারআপ ও চ্যাম্পিয়ন দলগুলোর হাতে ট্রফি, মেডেল ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়।
স্থানীয় প্যাডেল ইভেন্টগুলোর মধ্যে অন্যতম বৃহৎ আকর্ষণ হিসেবে এবারের আসরে মোট প্রাইজপুল রাখা হয় ২ লাখ ২৫ হাজার টাকা। তিনটি ক্যাটাগরিতেই চ্যাম্পিয়ন দল পেয়েছে ৫০ হাজার টাকা করে এবং রানার্সআপ দল পেয়েছে ২৫ হাজার টাকা। আকর্ষণীয় এই প্রাইজমানির কারণে প্রতিযোগিতার উত্তেজনার পাশাপাশি খেলোয়াড়দের অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

এছাড়া ফাইনালে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য আর্থিক পুরস্কারের পাশাপাশি বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হয়। শেয়ারট্রিপের পক্ষ থেকে দেওয়া হয় ঢাকা–কক্সবাজার–ঢাকা বিমান টিকিট, লোটোর তরফ থেকে পাঁচ হাজার টাকার গিফট ভাউচার এবং গোল্ডস জিমের পক্ষ থেকে মেম্বারশিপ কার্ড।

এবারের আসরে স্পন্সর হিসেবে ছিল আহসান গ্রুপ, অ্যাসেট ডেভেলপমেন্টস, দৌড়, ব্রুভানা, শেয়ারট্রিপ, লোটো, এম.এইচ.সি, গোল্ডস জিম ও জুলকানসহ আরও কয়েকটি পরিচিত ব্র্যান্ড। আসরের ব্রডকাস্ট পার্টনার হিসেবে ছিল দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস। আসরের খেলাগুলো টি স্পোর্টস চ্যানেল ও তাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সম্প্রচার করেছে। যা মাঠের বাইরেও প্যাডেলপ্রেমীদের মাঝে এই খেলার পরিচিতি ছড়িয়ে দিচ্ছে। আয়োজকদের আশা, এ ধরনের আয়োজন প্যাডেলকে বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তুলবে এবং দেশের ক্রীড়াঙ্গনে যোগ করবে নতুন মাত্রা।

প্যাডেল স্ল্যামের এটি দ্বিতীয় আসর। আমেরিকা ও ইউরোপে জনপ্রিয় র‌্যাকেটভিত্তিক এই খেলাটি টেনিসের মতো দেখতে হলেও নিয়ম ও কৌশলে ভিন্ন। তুলনামূলক ছোট, ঘেরা কোর্টে ডাবলসে খেলা হয় প্যাডেল। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্যাডেল খেলাটির ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ছে এবং এর পেছনে বসুন্ধরা গ্রুপের নিয়মিত আয়োজন ও অবকাঠামোগত সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বসুন্ধরা স্পোর্টস সিটিতে ধারাবাহিক আয়োজনের ফলে নতুন প্রজন্মের ক্রীড়াপ্রেমীদের মাঝে এই খেলার প্রতি আগ্রহ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বসুন্ধরা স্পোর্টস সিটিতে প্যাডেল স্ল্যাম ২.০ টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনে পর্দা উঠেছে ‘আহসান গ্রুপ প্রেজেন্টস প্যাডেল স্ল্যাম ২.০, পাওয়ার্ড বাই অ্যাসেট ডেভেলপমেন্টস’ টুর্নামেন্টের। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে প্যাডেল গ্রাউন্ডে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ৩৬ দল ও ১২০ জনেরও বেশি প্যাডেল খেলোয়াড়।

আমেরিকা ও ইউরোপের জনপ্রিয় র‌্যাকেটভিত্তিক এই খেলাকে বাংলাদেশে ছড়িয়ে দিতে গত আসরের মতো এবারও বসুন্ধরা স্পোর্টস সিটি উৎসবমুখর পরিবেশে আয়োজন করেছে বড় পরিসরের এই টুর্নামেন্ট।

আকর্ষণীয় প্রাইজপুল, সমান সুযোগ এবং তিনটি পৃথক প্রতিযোগিতা ক্যাটাগরি নিয়ে এবারের আসরকে সাজানো হয়েছে আরও বর্ণিলভাবে। খেলোয়াড়দের দক্ষতা অনুযায়ী রাখা হয়েছে—পুরুষদের অ্যাডভান্সড, পুরুষদের ইন্টারমিডিয়েট এবং নারীদের ডাবলস ক্যাটাগরি। প্রতিটি দলে দুজন করে খেলোয়াড় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন এবং দলপ্রতি রেজিস্ট্রেশন ফি নির্ধারিত ছিল ১২ হাজার টাকা।

স্থানীয় প্যাডেল ইভেন্টগুলোর মধ্যে অন্যতম বৃহৎ আকর্ষণ হিসেবে এবারে মোট প্রাইজপুল রাখা হয়েছে ২ লাখ ২৫ হাজার টাকা। তিনটি ক্যাটাগরিতেই চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা করে, আর রানার-আপ দল পাবে ২৫ হাজার টাকা। এতে প্রতিযোগিতার উত্তেজনা যেমন বেড়েছে, তেমনি খেলোয়াড়দের অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

পুরুষদের জন্য দুটি স্তর—অ্যাডভান্সড ও ইন্টারমিডিয়েট—রাখায় বিভিন্ন দক্ষতার খেলোয়াড়েরা নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাচ্ছেন। একইসঙ্গে নারীদের জন্য আলাদা ক্যাটাগরি রাখাকে আয়োজকরা দেখছেন বাংলাদেশের প্যাডেল খেলায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর ইতিবাচক পদক্ষেপ হিসেবে। আসরে স্পন্সর হিসেবে রয়েছে দৌড়, ব্রুভানা, শেয়ারট্রিপ, লোটো, গোল্ডস জিম ও জুলকানসহ আরও কয়েকটি পরিচিত ব্র্যান্ড।

উৎসবমুখর প্রথম দিনের খেলা শেষে আয়োজকরা জানিয়েছেন, আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ সামনে অপেক্ষা করছে। শনিবার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের প্যাডেল স্ল্যাম ২.০।

ব্রডকাস্ট পার্টনার হিসেবে রয়েছে টি স্পোর্টস চ্যানেল ও তাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো, যা মাঠের বাইরেও প্যাডেলপ্রেমীদের মাঝে এই খেলার পরিচিতি ছড়িয়ে দিচ্ছে। আয়োজকদের আশা, এ ধরনের আয়োজন প্যাডেলকে বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তুলবে এবং দেশের ক্রীড়াঙ্গনে যোগ করবে নতুন মাত্রা।

বসুন্ধরা স্পোর্টস সিটিতে শেষ হলো স্কোয়াশ চ্যাম্পিয়নশীপ

স্পোর্টস রিপোর্টার:

এক জাকজমকপুর্ণ আয়োজনে ৫ম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশীপ ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনার স্কোয়াশ কোর্টে অনুষ্ঠিত হয়েছে।

এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মেয়েদের শাখায় অনুর্ধ ১৩ গ্রুপে আরিকা সুলতানা, অনুর্ধ ১৫ গ্রুপে মায়ানুর, উন্মুক্ত মহিলা গ্রুপে চাঁদনী সরকার, ছেলেদের শাখায় অনুর্ধ ১৩ গ্রুপে শাহরিয়ার নাফিজ, অনুর্ধ ১৫ গ্রুপে মেহেদি হাসান, পুরুষ উন্মুক্ত গ্রুপের শাহাদাৎ হোসেন, মেম্বার গ্রুপ থেকে চ্যাম্পিয়ন চট্রগ্রাম ক্লাবের ফজলে ওয়ালি ও বিশেষ পুরস্কার দেয়া হয় ঢাকা স্কোয়াশ একাডেমির জিহাদকে। বিজয়ীদের হাতে ট্রফি তুলেদেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় স্পোর্টস কাউন্সিলের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অব)-সহ নির্বাহী কমিটির সদস্যগন, বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অবঃ) মোহসিনুল করিম-সহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় এবং অভিভাবকবৃন্দ।

চার দিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয় ১৩ অক্টোবর। যা উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

প্রধান অতিথি বলেন যে বসুন্ধরা গ্রুপ নিজস্ব কর্মকান্ডের পাশাপাশি খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড-এ পৃষ্ঠপোষকতা করে থাকে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে অন্যান্য খেলারমত আগামী দিনগুলোতে তারা স্কোয়াশ খেলার পৃষ্ঠপোষকতা প্রদান করবে। ফেডারেশনের সাধারন সম্পাদক বলেন, সম্পদের সল্পতা ও নিজস্ব কোর্ট না থাকাসহ হাজার চ্যালেঞ্জ ও প্রতিকূলতার মধ্যে গত পাঁচ বছর একটি পরিকল্পনার আওতায় আমরা স্কোয়াশ খেলাকে একটা পর্যায়ে আনতে পেরেছি। এ ভাবে চলতে থাকলে আগামী দিনে বাংলাদেশ স্কোয়াশে আন্তর্জাতিক পর্যায়ে অনেক ভালো করতে পারবে। তিনি আরো বলেন যে পরবর্তী এসএ গেইমসে আমাদের লক্ষ্য মানসম্মত দল প্রেরণ এবং পদক জয় করা।

বসুন্ধরা স্পোর্টস সিটিতে স্কোয়াশ চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা উদ্বোধন

স্পোর্টস রিপোর্টার:

বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘৫ম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশীপ-২০২৫’। চলবে ১৩ থেকে ১৬ অক্টোবর। অংশ নিবে ১৮০ জন প্রতিযোগী।

১৩ অক্টোবর, সোমবার বিকালে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনার স্কোয়াশ কোর্টে এবারের আসর উদ্বোধন করা হয়েছে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বেলুন উড়িয়ে এবং টুনামেন্টের জার্সি উন্মোচন করে প্রতিযোগীতার উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অব)-সহ নির্বাহী কমিটির সদস্যগন, উর্মী গ্রুপের পরিচালক ফায়েজ রহমানসহ উর্ধতন কর্মকর্তা, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মিডিয়া এডভাইজার আব্দুল বারী, বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অবঃ) মোহসিনুল করিম-সহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় এবং অভিভাবকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, গত চার বছর দেশে স্কোয়াশ যে ভাবে এগিয়ে যাচ্ছে তাতে সামনে সুদিন আসবেই।

ফেডারেশনের সাধারন সম্পাদক জি এম কামরুল ইসলাম বলেন যে স্কোয়াশকে দেশ ব্যাপি ছড়িয়ে দেওয়া এবং নতুন খেলোয়াড় তৈরি করে খেলার মান উন্নয়ন, প্রচার ও প্রসার ঘটিয়ে বাংলাদেশের স্কোয়াশকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক মানে নেওয়ার লক্ষে এই প্রতিযোগীতার আয়োজন।

উর্মি গ্রুপের প্রতিনিধি ফায়েজ রহমান বলেন খেলাটির প্রচার ও প্রসারের সাথে আগামী দিনগুলোতেও উর্মি গ্রুপ ফেডারেশনের সাথে সম্পৃক্ত থাকবে।

বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অবঃ) মোহসিনুল করিম বলেন, বাংলাদেশে মৃত্যপ্রায় স্কোয়াশ খেলাকে পুনরুজ্জীবিত করনে স্কোয়াশ ফেডারেশনের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ।

উল্লেখ্য, উর্মি গ্রুপ ও তুরাগ একটিভ এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন এর আয়োজনে পঞ্চমবারের মতো এ জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

সময়ের বিবর্তনে ম্লানমুখী এই খেলাকে বৃহৎ পরিসরে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বসুন্ধরা গ্রুপ ও বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন মধ্যে ৫ বছরের জন্য একটা চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির ফলে খেলোয়াড়েরা বসুন্ধরা স্পোর্টস সিটির সকল সুবিধা ব্যবহারের সুযোগ পাবে। তারা আন্তর্জাতিক পর্যায়েও অংশগ্রহণের সুযোগ পাবে।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ১ অক্টোবর থেকে দেশব্যাপী ২৫টি প্রতিষ্ঠানের ১৮০ জন প্রতিযোগীর অংশগ্রহণে আঞ্চলিক পর্ব শেষ হয়। সেখান থেকে বিজয়ী ও নির্বাচিত ৮০ জন খেলোয়াড়কে নিয়েই শুরু হয়েছে শিরোপার লড়াই। নয়টি গ্রুপে হচ্ছে প্রতিযোগিতা। চূড়ান্ত পর্বের গ্রুপগুলো হলো- উন্মুক্ত নারী, উন্মুক্ত পুরুষ, উন্মুক্ত মেম্বার, ১১ বছরের কম, ১২-১৩ বছর, ১৪-১৫ বছরের ছেলে ও মেয়েদের পৃথক গ্রুপ।

চার দিন ব্যাপি চূড়ান্ত রাউন্ডের প্রতিযোগীতা রাউন্ডরবিন লীগ ভিত্তিতে অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর বিকাল ৩ টায় বসুন্ধরা স্পোর্টস সিটিতে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে।

চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী ক্লাব/প্রতিষ্ঠান হল, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আই ইউ বি, মিরপুর আইডিয়াল কমার্স কলেজ, বিএএফ শাহীন কলেজ, ভাষানটেক সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ, শহীদ আনোয়ার কলেজ, ভাষানটেক স্কুল, কালশী ইসলামিয়া হাই স্কুল, গোল্ডেন বাংলা আইডিয়াল স্কুল, ফাতেমা আজিজ স্কুল, জামুরীপাড়া স্কুল, ঠাকুরগাঁও, মিরপুর ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজ, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, কালাচাঁদপুর স্কুল এন্ড কলেজ, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, চট্টগ্রাম ক্লাব, হবিগন্জ উচ্চ বিদ্যালয়, উত্তরা পুলিশ কলেজ, ঢাকা স্কোয়াশ একাডেমি।

উন্মুক্ত পুরুষ গ্রুপে ছিলেন উত্তরা ক্লাবের সুমন ও আরিফ, গুলশান ক্লাবের সৈকত, চট্টগ্রাম ক্লাবের সাইফুল, বিকেএসপির সাইমুন, পারভেজ, আমিনুল এবং আর্মির রনি, শাহাদাৎ, মাসুম, আপন, রাকিব, আজিজ, নায়েব, সাজ্জাত ও শরিফ প্রমুখ।

মেয়েদের গ্রুপে আই ইউ বি-র উর্ধু ও জ্যতি, শহীদ আনোয়ার কলেজের রাফিয়া, নির্ঝর স্কুলের নাবিলা, উত্তরা পুলিশ কলেজের চাঁদনী সরকার এবং ভাষানটেক স্কুলের ফাহমিদা ও মেঘনা, গোল্ডেন বেঙ্গল স্কুলের মীম এবং উন্মুক্ত মেম্বার গ্রুপে ফজলে ওয়ালী, ওয়ালিদ হাসান, জাকির মো: হোসাইন, মো: আবু কায়সার, আশিকুর রহমান, মো: রায়হান, ব্রি, জে, আজিজ, মো: আহসান, লে: কর্নেল সামস, মোহামেন হক আলিফ, ব্রি, জে, আসাদ, সাদমান উদ্দিন খান, ব্যারেষ্টার সারোয়ার ও মো: মবিন আগামী চার দিন নিজ নিজ গ্রুপে শ্রেষ্টত্বের জন্যে লড়াই করবে।

বসুন্ধরা স্পোর্টস সিটিতে কিংবদন্তি বক্সার আরবিন্দ লালওয়ানি

স্পোর্টস রিপোর্টার:

এশিয়ার কিংবদন্তি বক্সার সিঙ্গাপুরের আরবিন্দ লালওয়ানি। তিনি শুক্রবার বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনার উদ্যোগে দুই দিনের জন্য ঢাকায় এসেছেন। তিনি জুলকানে বাংলাদেশি বক্সারদের নিয়ে একটা বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প শুরু করেছেন।

প্রশিক্ষণ ক্যাম্পে আরবিন্দ লালওয়ানি বলেন, “জুলকান এরিনার সুযোগ সুবিধা গুলো বিশ্বমানের। এই সুযোগ-সুবিধা দেখে আমি মুগ্ধ। সিঙ্গাপুরের ক্লাবগুলোতেও এ রকম আধুনিক সুযোগ-সুবিধা নেই। বিশ্বে অন্য কোনো দেশের সঙ্গে তুলনা করলেও এই ক্লাব উপরের দিকেই থাকবে। অনেক দেশেই বক্সিংয়ের এ রকম সুযোগ-সুবিধা নেই। ভালো মানের বক্সার তৈরি করতে হলে সব কিছুই উন্নত হতে হবে। জুলকান অ্যারেনা এককথায় দারুণ। ভবিষ্যতে এটা আরো এগিয়ে যাবে।

উল্লেখ্য, আরবিন্দ লালওয়ানি সরাসরি মোহাম্মদ আলীর ট্রেইনার এঞ্জেলো ডান্ডি এর অধীনে অনুশীলন করেছেন।

লালওয়ানি আরও বলেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশের বক্সিংয়ের মান ও সক্ষমতার মান পাল্টে দিতে পারে।

এই উদ্যোগকে ঘিরে আয়োজকেরা আশাবাদী যে বসুন্ধরার এই প্রচেষ্টা বাংলাদেশের বক্সিংয়ে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

ওই ক্যাম্পে বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মোঃ মোহসিনুল করিম বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে বক্সিংকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলায় পরিণত করা। আমরা চাই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা নতুন উচ্চতায় পৌঁছাক।

প্রশিক্ষণ ক্যাম্প ঘিরে স্থানীয় প্রশিক্ষক ও খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বাংলাদেশি বক্সিংকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পথে আরবিন্দ লালওয়ানির এই সফর নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। বসুন্ধরার এই উদ্যোগ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং দেশের বক্সিং খেলাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পথ সুগম করবে।