Tag Archives: ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে সাবেক মেম্বারকে পেটানোর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যান পদে লড়তে সরকারি চাকরি থেকে অব্যাহতি চেয়েছেন প্রধান শিক্ষক

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইউনিয়ন পরিষদের নির্বাচনে (ইউপি) চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সরকারি চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন এক প্রধান শিক্ষক। পাশাপাশি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন তিনি। সোমবার (৪ অক্টোবর) বিষয়টি প্রকাশ হওয়ার পর উপজেলায় চলছে আলোচনা।

খোঁজ নিয়ে জানা যায়, ২৯ সেপ্টেম্বর নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল ঘোষণার পরদিন ৩০ সেপ্টেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন আশুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হুদা। একই সঙ্গে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করেন।

মো. কামরুল হুদা উপজেলার ৬ নম্বর বুড়িশ্বর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। ১১ নভেম্বর এ নির্বাচন হবে।

প্রধান শিক্ষক মো. কামরুল হুদা বলেন, আমি শিক্ষকতা পেশায় দীর্ঘ ৩০ বছর আছি। আশুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত পাঁচ বছর দায়িত্ব পালন করেছি। এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি চাকরি থেকে অব্যাহতি পেতে আবেদন করেছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল মিয়া জানান, অব্যাহতি পত্রটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। কিন্তু জেলা অফিস সেটা গ্রহণ করেছে কি না সেটা তিনি জানেন না।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, উপজেলা থেকে ওই শিক্ষকের অব্যাহতির আবেদন পেয়েছি। আবেদনটি ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আবেদনটি গ্রহণ করা হবে কি না, মন্ত্রণালয় থেকে তা সিদ্ধান্ত নেওয়া হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, মনোনয়নপত্র দাখিলের আগে উনার (প্রধান শিক্ষক) সব বিষয়ে ক্লিয়ার হতে হবে। দাখিলের আগে নির্বাচনে অংশগ্রহণে যেসব অযোগ্যতা, তা সমাধান করতে হবে। শুধু অব্যাহতির আবেদন দিলেই হবে না, আবেদন গ্রহণ করার পর নিয়ম অনুযায়ী কাগজপত্র সঠিক থাকলে নির্বাচন করতে কোনো বাধা নেই।

ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে সাবেক মেম্বারকে পেটানোর অভিযোগ

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রসুল্লাবাদ সাবেক এক মেম্বারকে মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে। এই ঘটনায় ওই ইউপি চেয়ারম্যান মো. আলী আকবরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাবেক মেম্বার ফারুক মিয়া।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ।

লিখিত অভিযোগে ফারুক আহমেদ বলেন, তিনি ইউপি সদস্য থাকাকালে বিভিন্ন বিষয় নিয়ে চেয়ারম্যান আলী আকবরের সঙ্গে মতবিরোধ ছিল। এই বিরোধের জেরে বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিল। সোমবার (০৫ এপ্রিল) জরুরি কথা আছে বলে তাকে পরিষদে ডাকেন চেয়ারম্যান। সেখানে চেয়ারম্যান আলী আকবর নানা অশালীন মন্তব্য করলে ফারুক এর প্রতিবাদ করে। অশালীন মন্তব্যের প্রতিবাদ করলে চেয়ারম্যান এলোপাথাড়ি চড়-থাপ্পড় মারতে থাকে। সেখানে উপস্থিত লোকজন তাকে রক্ষা করে।

তবে অভিযুক্ত রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আকবর বিষয়টি অস্বীকার করে বলেন, ‘মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা এই ষড়যন্ত্র করছেন।’

এই বিষয়ে জানতে চাইলে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘কোনো সমস্যা নেই। এটা শুধু সাবেক মেম্বার ও বর্তমান চেয়ারম্যানের মাঝে ভুল বোঝাবুঝি।’