Tag Archives: ব্রাহ্মণবাড়িয়ায়

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ কেজি গাঁজাসহ আটক ৩

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ কেজি গাঁজাসহ ৩ পাচারকারীকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন-উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের আওলাদ হোসেন (৪৫), কাজী আকিব (২৫) ও উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ইসহাক ভূইয়া (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল ভোরে রাধানগর গ্রামের আওলাদ হোসেনের বসতঘর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় আওলাদ হোসেন ও কাজী আকিবকে আটক করে। অপরদিকে, সকাল ৯টার দিকে আখাউড়া গাজীর বাজার সড়ক থেকে ইসহাক ভূইয়াকে ৮ কেজি গাঁজাসহ আটক করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকের মামলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ ছাত্রীকে ইভটিজিং: যুবককে ৬ মাসের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে বীরগাঁও স্কুল এন্ড কলেজের ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে মাসুম (২৪) নামের এক বখাটে যুবককে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বীরগাঁও স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ কারাদণ্ড প্রদান করেন নবীনগরের সহকারী কমিশনার ভূমি মাহমুদা জাহান।

বখাটে মাসুম পার্শ্ববর্তী কৃষ্ণনগর ইউনিউনের গৌর নগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, সে বিভিন্ন সময় স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে মেয়েদের উত্ত্যক্ত ও আপত্তিকর ছবি তুলে তাদের ব্ল্যাকমেইল করত। দুপুরে অভিযোগের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করা হয়। পরে তার মোবাইলে বিভিন্ন মেয়েদের সাথে আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়ায় তার মুঠোফোনটি জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। পরবর্তীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না এবং এর ব্যত্যয় ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মর্মে মুচলেকা নেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় মাঝ নদীতে ট্রলারে ডাকাতি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে যাত্রীবাহী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার রাত আটটার দিকে উপজেলার অরুয়াইল বাজার এলাকায় তিতাস নদীতে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতরা যাত্রীদের কাছ থেকে মুঠোফোন সেট, স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

নৌকার যাত্রী ও ভুক্তভোগী মোকাদ্দেস এবং হাবিব মিয়া জানান, রবিবার রাত ৮টার দিকে অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের কাশেম মিয়ার যাত্রীবাহী ট্রলারটি ১০-১২ জন যাত্রী নিয়ে উপজেলার অরুয়াইল বাজার নৌ-ঘাট থেকে বারপাইকা গ্রামে যাচ্ছিল। ট্রলারটি তিতাস নদী দিয়ে উপজেলার পাকশিমুল ও বারপাইকা এলাকায় আসার পর আরেকটি ট্রলারে করে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল হামলা চালায়।

যাত্রীবাহী ট্রলারের কয়েকজনকে মারধরও করে ডাকাতেরা। আহতদের মধ্যে কয়েকজন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

ট্রলারের মালিক মো. কাশেম মিয়া বলেন, ট্রলারটি অরুয়াইল স্পিডবোট ঘাট থেকে ছেড়ে পাকশিমুল ও বারপাইকা গ্রামের মাঝামাঝি যাওয়ার পর নৌকায় করে একদল ডাকাত আমাদের নৌকাটি আক্রমণ করে যাত্রীদের মারধর করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল নিয়ে যায়। যারা চিৎকার দিতে চাইছে তাদেরকে বেশী করে মারধর করে করেছে।

সরাইল থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) ও অরুয়াইল বিটের বিট কর্মকর্তা নুরুল করিম বলেন, আমি খোঁজখবর নিচ্ছি। পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের সাথে কথা বলেছেন।

অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া বলেন, ডাকাতরা ডাকাতি করে সব নিয়ে যায় তাহলে আমরা যাবো কোথায়? অরুয়াইল বাজারে পুলিশ ফাঁড়ি থাকলে এই ডাকাতির ঘটনা ঘটতো না।

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পুত্রবধূর সঙ্গে ঝগড়া করে শাশুড়ীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে দুই পুত্রবধূর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছেন সাহারা বেগম (৫৫) নামে এক নারী। সাহারা বেগম উপজেলার শরীফপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের উত্তর পাড়ার ফজলুল হকের স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাহিদ আহমদ জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুই পুত্রবধূর সঙ্গে সাহারা বেগমের কলহ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার রাতে দুই পুত্রবধূর সঙ্গে সাহারার কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে পরের দিন সালিশ সভা বসাতে বলেন পুত্রবধূরা। সেই সালিশে নিজে ‘অপমানিত’ হওয়ার ভয়ে সাহারা ‘কেরির বড়ি’ খেয়ে ফেলে।

রাতেই তাকে উদ্ধার করে প্রাথমিক অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। পরে সাহারার পরিবারের সদস্যরা লাশ নিয়ে আশুগঞ্জ থানায় আসেন।

শনিবার সকালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুপুরে এ ঘটনায় আশুগঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।