Tag Archives: মুরাদনগরে দেশীয় অস্ত্রসহ এবার ৪ ডাকাত সদস্য আটক

মুরাদনগরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরের উত্তর বাখরাবাদ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত সদস্যকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

বৃহস্পতিবার মধ্যরাতে রামচন্দ্রপুর-মুরাদনগর সড়কের উত্তর বাখরাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ডাকাত সদস্যরা হলো, বাঙ্গরা বাজার থানার আমিননগর গ্রামের মোমেন মিয়ার ছেলে সাকিব মিয়া(২২), একই গ্রামের মৃত আক্কল মিয়ার ছেলে ময়নল হোসেন ওরফে আমান(২৯), একই থানার উত্তর বাখরাবাদ গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে বাবু মিয়া(২৭), বি-চাপিতলা গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে কাউছার(৩১) এবং মুরাদনগর থানাধীন যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া বাজার সংলগ্ন জাঙ্গাল গ্রামের কবির হোসেনের ছেলে রুবেল(২৮)।

পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উত্তর বাখরাবাদ এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ হচ্ছে এমন সংবাদ পেয়ে বাঙ্গরা বাজার থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৫জন ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫/৭ জন ডাকাত সদস্য পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে তালা কাটার মেশিন, লম্বা ছুরি, দামা ও লোহার পাইপসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, বাঙ্গরা বাজার থানা এলাকায় ডাকাতি ও চুরি বন্ধের লক্ষ্যে আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি। এর ফল হিসেবেই আমরা ৫ জন ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হই। থানায় ডাকাতির মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মুরাদনগরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (০১ ফেব্রুয়ারী) গভীর রাতে উপজেলার নেয়ামতকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরদিন মঙ্গলবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- উপজেলার পাহাড়পুর গ্রামের মৃতঃ ডাঃ নুরুজ্জামানের ছেলে হেদায়েদ উল্লাহ ওরফে মনির (৩৬), জেলার কোতয়ালী থানার নোয়াপাড়া গ্রামের আবু রায়হানের ছেলে জীবন মিয়া (২১), ফেনী সদরের বিরিঞ্চি গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে জাহিদ হাসান (৩০) ও উপজেলার লাজৈর গ্রামের আবদুল্লাহর ছেলে ফরহাদ হোসেন (২৮)।

জানা যায়, সোমবার রাতে উপজেলার ইলিয়টগঞ্জ-মুরাদনগর সড়কের নেয়ামতকান্দি পাটুয়াটুলী ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একটি সংঘবদ্ধ ডাকাত দল, এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই সাইফুল ইসলাম ও এএসআই হাফিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৪ সদস্যকে আটক করে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান বলেন, উপজেলার ইলিয়টগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে রাতের বেলা সুযোগ বুঝে যানবাহন আটকিয়ে তারা ডাকাতি করত। কখনও মালামাল কেড়ে নিয়ে ছেড়ে দিত। আবার কখনও যাত্রীদের আহত করে সড়কে ফেলে যেত। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়। আটকৃত হেদায়েত উল্লাহ ওরফে মনির, জীবন মিয়া ও জাহিদ হাসানের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে।

মুরাদনগরে দেশীয় অস্ত্রসহ এবার ৪ ডাকাত সদস্য আটক

 

মাহবুব আলম আরিফঃ

কুমিল্লার মুরাদনগরে শনিবার উপজেলার পান্নারপুল-বাখরাবাদ সড়কের শুশুন্ডা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক ডাকাত সদস্যকে আটকের পর এবার মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের নেয়ামতপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও টাটা পিকাপসহ ৪ জন ডাকাত দলের সদস্যকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।

আটককৃত ডাকাত দলের সদস্যরা উপজেলার আমিননগর গ্রামের সুবেদ আলীর ছেলে বাদশা মিয়া (২৮), পার্শবর্তী চান্দিনা উপজেলার কুটুমপুর গ্রামের আঃ মালেকের ছেলে ইউসুফ মিয়া (৪০), হোমনা উপজেলার দুর্গাপুর গ্রামের ইদ্রিস মিয়া ছেলে আল আমিন (২১) ও একই গ্রামের সাগর বাদশার ছেলে রিপন মিয়া (২৪)।

জানা যায়, সোমবার ভোররাতে মুরাদনগর থানার এসআই আব্দুল গোফরান ও এসআই মোর্শেদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের নেয়ামতপুর এলাকায় ডাকাত দলের সদস্যদের ধরতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ার সময় ৪ জন ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হলেও ৩/৪জন সদস্য পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ১টি বড় কাটার প্লাস ৫টি ছোট বড় ছুরিসহ ১টি ঢাকা মেট্ট: ২১-০০৩৮ নাম্বারের টাটা পিকাপ উদ্ধার করে পুলিশ।

এব্যাপারে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহাম্মেদ বলেন, ডাকাতির প্রস্তুতির ঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃত ডাকাত সদস্যদের সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।