Tag Archives: যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও ২৫০ কোটি ডলার সাহায্যের ঘোষণা

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও ২৫০ কোটি ডলার সাহায্যের ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও ২৫০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার (৩০ ডিসেম্বর) এই সহায়তার ঘোষণা দেন বলে এপি নিউজ জানিয়েছে।

বাইডেন বলেন, তার প্রশাসন ইউক্রেনে সামরিক সহায়তার এই বিশাল প্যাকেজ পাঠাবে। নতুনভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করবেন। তার আগে ইউক্রেনকে সহায়তা পাঠানোর জন্য বাইডেন প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এক বিবৃতিতে জানান, এই সহায়তার মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন প্রতিরোধক অস্ত্র, উচ্চ সঞ্চারণশীল আর্টিলারি রকেট ব্যবস্থার সামগ্রী, ট্যাংক বিধ্বংসী অস্ত্র এবং কামানের গোলাবারুদ।

এপি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহ আগে এই সহায়তার ঘোষণা দেওয়া হলো। তবে, ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের এই সহায়তার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প ইতোমধ্যে প্রশ্ন তুলেছেন, যা ইউক্রেনীয় নেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা আশঙ্কা করছেন, ট্রাম্পের প্রশাসনের অধীনে এই সহায়তা বন্ধ হয়ে যেতে পারে।

একই দিনে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রুশ বাহিনী দেশের উত্তর ও পূর্বাঞ্চলে একাধিক লক্ষ্যবস্তুকে আক্রমণ করে ২১টি ড্রোন ছোঁড়ে, যা ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করেছে। রাশিয়া মোট ৪৩টি ড্রোন ছুঁড়েছিল বলে দাবি করা হয়েছে। চেরনিহিভ, নিপ্রোপেট্রোভস্ক, দোনেৎস্ক, খারকিভ, ওডেসা এবং পলতাভা অঞ্চলে ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে ইউক্রেন।

ওডেসার গভর্নর ওলেফ কিপার জানান, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে পাঁচটি বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ আহত হয়নি।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলগরোদ অঞ্চলে একটি ড্রোন প্রতিহত করেছে তারা। কুরস্কের আঞ্চলিক কর্মকর্তারা বলেন, সোমবার সকালে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।