Tag Archives: ২ দিনের

ব্যারিস্টার সুমনের

ব্যারিস্টার সুমনের ২ দিনের রিমান্ড

ব্যারিস্টার সুমনের ২ দিনের রিমান্ড

ডেস্ক রিপোর্ট:

সাবেক সংসদ সদস্য ও যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান এই রিমান্ড আদেশ দেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা এসআই লিটন রায় ব্যারিস্টার সুমনের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, গত ১৬ জুলাই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর ব্যারিস্টার সুমনসহ ৯৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

রিমান্ড শুনানির দিন ধার্য থাকায় বুধবার (২০ নভেম্বর) তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়।

ব্যারিস্টার সুমনের পক্ষের আইনজীবী মো. সহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিথ্যা মামলায় সুমনকে ফাঁসানো হয়েছে। আমরা আদালতে প্রমাণ করেছি যে, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তাছাড়া, এই মামলায় তার কোনো সংশ্লিষ্টতা নেই। মূলত তার ব্যক্তিগত ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এই মামলায় জড়ানো হয়েছে।”

কুমিল্লায় সাবেক আইজিপি

কুমিল্লায় সাবেক আইজিপি শহিদুল হকের আবারও ২ দিনের রিমান্ড মঞ্জুর

কুমিল্লায় সাবেক আইজিপি শহিদুল হকের আবারও ২ দিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমা নিক্ষেপে আট যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহিদুল হক এবং সাবেক যুগ্ম সচিব কিবরিয়াসহ তিনজনকে দু’দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে কুমিল্লার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে প্রথম দফায় দুই দিনের রিমান্ড শেষে তিন আসামিকে আবারও আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক মশিউর আলম তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই মামলার শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত ছিলেন। দুপুর ২টায় আসামিদের আনার কথা থাকলেও আড়াই ঘণ্টা বিলম্বে তাদের আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক রিংকু জানান, তদন্ত কর্মকর্তা আসামিদের আরও ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। তবে আদালত আপাতত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি আরও বলেন, মামলার অভিযুক্তদের সাধারণ আসামি হিসেবে আমলে নিয়ে বিচার প্রক্রিয়া পরিচালনার দাবি জানানো হয়েছে এবং বাকি আসামিদেরও গ্রেপ্তার করার দাবি করা হয়েছে।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা হামলার ঘটনায় আটজনের মৃত্যু হয়। ওই ঘটনায় তৎকালীন পুলিশ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৬৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছিল। তবে, গণঅভ্যুত্থানের পর ১১ সেপ্টেম্বর একই ঘটনায় বাসের তত্ত্বাবধায়ক আবুল খায়ের পাল্টা মামলা করেন, যাতে সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহিদুল হক, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ মোট ১৯০ জনকে আসামি করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন।