Tag Archives: অগ্নিকাণ্ড

আগুনে ছাই হলো হেফজখানা, অক্ষত রইলো সব কুরআন

ডেস্ক রিপোর্টঃ

রাজবাড়ি জেলা শহরের দারুল উলুম ভাজনচালা মাদরাসার হেফজখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই মাদরাসার ব্যাপক ক্ষতি হলেও রক্ষা পেয়েছে ঘুমিয়ে থাকা ৪০ জন ছাত্র আর অক্ষত রয়ে গেছে অর্ধশতাধিক কুরআন শরীফ।

শুক্রবার (২৫ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ওই হেফজখানায় আগুন লাগার ঘটনা ঘটে।

আগুনে হেফজখানায় থাকা কিতাব, হাদীসের বই, শিক্ষার্থীদের পোশাক, লেপ, তোষকসহ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সব ভস্মিভূত হয়। এছাড়া হেফজখানার সাথে গোডাউনে থাকা চাল, ডাল, লবণ পুড়ে যায়। তবে আগুনে কুরআন শরীফের কোনো ক্ষতি হয় নি।

এদিকে মাদরাসার অধ্যক্ষ ইলিয়াছ মোল্লা বলেছেন, আগুনে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে প্রাথমিকভাবে তা জানা যায় নি।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ১ ঘণ্টা ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘর ও গোডাউনে থাকা সব পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

পূর্ব শত্রুতার জেরে এতিমখানা পুড়িয়ে ছাই করে দিল দুর্বৃত্তরা

ডেস্ক রিপোর্টঃ

লক্ষ্মীপুরের সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি এতিমখানার খাবারঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পূর্ব শত্রুতার জের ধরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে বলে মাদরাসা কর্তৃপক্ষ দাবি করছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার মান্দারীর যাদৈয়া গ্রামের মাওলানা আহম্মদ উল্লাহ মাদরাসা কমপ্লেক্স ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানায়, ভোরে প্রতিদিনের মতো মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীরা ফজরের নামাজের জন্য ঘুম থেকে ওঠেন। এ সময় খাবার ঘরে আগুন জ্বলতে দেখা যায়। এর আগে মাদরাসার বাইরে অজ্ঞাত মানুষের কথাবার্তাও শোনা যায়।

পরে শিক্ষার্থীদের সহযোগিতায় শিক্ষকরা আগুন নেভাতে চেষ্টা করেন। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম মাদরাসায় এসে ফায়ার সার্ভিসে খবর দিলে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে এর আগেই চাল-তরকারি, ফ্রিজ ও আসবাবপত্রসহ খাবার ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। মাদরাসার নিরাপত্তা দেয়ালের ওপর থেকে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয় বলে দাবি করেছে মাদরাসা কর্তৃপক্ষ।

জানা গেছে, প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী সাইফ উদ্দিন, আবদুল মালেকদের সঙ্গে রাস্তা নির্মাণ নিয়ে মাদরাসা কর্তৃপক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সাইফ উদ্দিনরা মাদরাসার জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করার চেষ্টা করেন। এতে বাধা দিলে মাদরাসা পরিচালক মনিরের ওপর একাধিকবার হামলা চালানো হয়।

এছাড়া মাদরাসার দুটি গাছ রাস্তা নির্মাণের জন্য সাইফ উদ্দিনরা জোরপূর্বক কেটে ফেলেন। এসব ঘটনায় মাদরাসার পরিচালক মনির বাদী হয়ে আদালতে দুটি মামলা করেন। ইতোমধ্যে আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন (পিবিআই) একটি মামলার তদন্ত প্রতিবেদন দিয়েছে।

মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক শাহ মোহাম্মদ মনির হোসেন বলেন, কে বা কারা আগুন দিয়েছে আমরা দেখিনি। তবে রাস্তা নির্মাণ নিয়ে সাইফ উদ্দিন ও আবদুল মালেকদের সঙ্গে বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে শত্রুতার জের ধরে তারাই আগুন লাগিয়েছে।

অভিযোগ অস্বীকার করে সাইফ উদ্দিন বলেন, আমি ঢাকায় আছি। মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনাটি আমার জানা নেই। আমরা মাদরাসা কর্তৃপক্ষের কাছ থেকে টাকা পাই। ওই টাকা চাওয়ায় আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে মিথ্যা অভিযোগ আনছে মাদরাসা কর্তৃপক্ষ।

লাকসামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, কয়েক লাখ টাকার ক্ষতি

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই। এই ঘটনায় অন্তত কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

উপজেলার আজগরা ইউনিয়নের নোয়াগাও গ্রামে শনিবার রাত ৩টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াগাও গ্রামের মমতাজ মেম্বার বাড়ির আমির হোসেনের বসতঘরে রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এসময় শিশু সন্তানসহ বৃদ্ধ পিতা মাতাকে নিয়ে আমির হোসেন প্রাণে রক্ষা পেলেও আশপাশের ৩টি ঘর পুড়ে যায়।

তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরে থাকা একটি নতুন ডিসকভার মোটরসাইকেল, নগদ টাকা, ফ্রিজ, টিভি, আলমিরাসহ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায়। এতে আমির হোসেনের পরিবার নিঃস্ব হয়ে পড়়ে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস থেকে একটি দমকল ইউনিট ওই এলাকায় রায়। কিন্তু মাছ চাষের পুকুরে রাস্তা ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি দমকল ইউনিট।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন।