Tag Archives: অগ্নিকাণ্ড

ঢাকার গুলিস্তানের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঢাকার গুলিস্তানের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

 

ডেস্ক রিপোর্টঃ

ঢাকার গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে ভবনটির পঞ্চম তলায় এই ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

এই তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা আক্তার।

তিনি জানান, আমরা সকাল ১০টার দিকে আগুন লাগার খবর জানতে পারি। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আওয়ামী লীগের দুর্নীতি ঢাকতে

আওয়ামী লীগের দুর্নীতি ঢাকতে সচিবালয়ের অগ্নিকাণ্ড: রুহুল কবির রিজভী

আওয়ামী লীগের দুর্নীতি ঢাকতে সচিবালয়ের অগ্নিকাণ্ড: রুহুল কবির রিজভী

ডেস্ক রিপোর্ট:

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ঢাকতে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নে সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুর জামান নয়নের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ভারত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও পুনর্বাসনের চেষ্টা করছে এবং এসব ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। নয়নের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য, সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিস কর্মী সোহানুর জামান নয়ন নিহত হন। বৃহস্পতিবার রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়া গ্রামে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চাঁদপুরে তেলবাহী জাহাজে

চাঁদপুরে তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৬

চাঁদপুরে তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৬

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর শহরে ডাকাতিয়া নদীতে ‘ওটি সাদিয়া অনিক’ নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজে থাকা ৬ জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা যায়। রোববার (২৭ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে ওই নদীর পদ্মা ওয়েল কোম্পানির জেটির অদূরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল সোয়া ৪টার দিকে ওই নদীর পদ্মা ওয়েল কোম্পানির জেটির অদূরে ডাকাতিয়া নদীতে ‘ওটি সাদিয়া অনিক’ নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ারসার্ভিস ও কোস্ট গার্ড এক ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আহতরা হলেন- জাহাজের শ্রমিক রুবেল (৩৫), গোলাপ (৫০), জিলানী (৩০), মাসুদ (৩০), গিয়াস উদ্দিন (২৯) ও মধু মিয়া (৫৫)।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আকলিমা জাহান বলেন, অগ্নিকাণ্ডে আহত গোলাপ নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তার শরীরের ৫০ থেকে ৬০ ভাগ পুড়ে গেছে। বাকি ৫ জনের অবস্থা উন্নতি হওয়ায় তাদেরকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ওই জাহাজে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

বেইলি রোডের অগ্নিকাণ্ডে কুমিল্লার আপন দুইবোনসহ ৩ জন নিহত

স্টাফ রিপোর্টার:

‘বাবা আমাকে নিয়ে যাও, বাবা আমাকে বাঁচাও’- বেইলি রোডে লাগা আগুনে এভাবেই চিৎকার করতে করতে মারা যান রিয়া। মালয়েশিয়ায় পড়াশোনা করতেন তিনি। আজ শুক্রবার (১ মার্চ) বিকেলে মালয়েশিয়া ফিরে যাওয়ার কথা ছিল তার।

কান্নাজড়িত কণ্ঠে এভাবেই নিজের মেয়ের মৃত্যুর ঘটনার বর্ণনা দেন রিয়া ও আরিশার বাবা কোরবান আলী।

কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের চরবাড়িয়া গ্রামের ব্যবসায়ী কোরবান আলীর তিন মেয়ে নিয়ে ঢাকায় থাকেন। বড় মেয়ে রিয়া মালয়েশিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেন। শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

আজ বিকেলে রিয়ার মালয়েশিয়া ফিরে যাওয়ার কথা ছিল। যাওয়ার আগে ছোট বোন আরিশা ও সিটি কলেজে পড়ুয়া খালাত বোন লিমুকে নিয়ে কাচ্চি খেতে যান বেইলি রোডের ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে।

খাওয়ার আগে হঠাৎ আচমকা আগুনের কুণ্ডলী দেখে বাবাকে ফোন দিয়ে বলেন, ‘বাবা আমাকে নিয়ে যাও। আমাকে এখান থেকে বাঁচাও।’

কোরবান আলী বলেন, মেয়ের ফোন পেয়ে আমি পাগল হয়ে যাই। আমার দুই রত্নের খোঁজে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে গিয়ে দেখি আমার দুই মেয়েসহ আমার পরিবারের তিন মেয়ের নিথর দেহ।

তিনি আরও বলেন, আমার মেয়েরা আমাকে ছেড়ে চলে গেছে। আমি এখন কী নিয়ে বাঁচব। আমার মেয়ের কেঁদে কেঁদে বলা কথাগুলো এখনো আমার কানে বাজছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত কোজি কটেজ নামের বহুতল এই ভবনে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন আরও অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতের মহারাষ্ট্রে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৬

ডেস্ক রিপোর্ট:

ভারতের মহারাষ্ট্রে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। রোববার ভোরে ফ্যাক্টরিটিতে আগুন লাগার পর ওই ছয়জন সেখানে আটকা পড়েছিলেন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে একটি হ্যান্ড গ্লাভস প্রস্তুতকারক কোম্পানির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।

ফায়ার বিভাগের কর্মকর্তাদের মতে, রাজ্যটির ওয়ালুজ এমআইডিসি এলাকায় অবস্থিত ওই কারখানায় রোববার ভোররাতে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা গিয়ে আটকে পড়াদের মরদেহ উদ্ধার করে।

এনডিটিভি আরও জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর প্রাথমিকভাবে স্থানীয়রা দাবি করেন, ভবনের ভেতরে অন্তত পাঁচজন শ্রমিক আটকা পড়েছেন। তবে দমকল বিভাগের কর্মকর্তারা পরে আগুনের ঘটনায় ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রমিকরা জানান, আগুন লাগার সময় তারা ঘুমাচ্ছিলেন। এক শ্রমিক বলেছেন, অগ্নিকাণ্ডের সময় ১০-১৫ জন কর্মী ভবনের ভেতরে ঘুমাচ্ছিলেন। আগুন লাগার পর কেউ কেউ পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু অন্তত পাঁচজন ভেতরে আটকা পড়েছিলেন।

আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কাশ্মিরের ডাল লেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৩ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট:

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের শ্রীনগরের ব্যাপক জনপ্রিয় পর্যটন কেন্দ্র ডাল লেকে হাউসবোটে অগ্নিকাণ্ডে অন্তত তিন বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন। শনিবার ডাল লেকের কয়েকটি হাউসবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওই বাংলাদেশিরা মারা গেছেন।

কাশ্মিরের পুলিশ বলছে, শনিবার ভোরের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ডাল লেকের কয়েকটি হাউসবোট ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা পর সেখান থেকে তিন বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সাফিনা হাউসবোটে ছিলেন ওই তিন বাংলাদেশি। পুলিশ বলছে, ডাল লেকের ৯ নাম্বার ঘাটের কাছের একটি হাউসবোটে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অন্যান্য হাউসবোটও পুড়ে যায়।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, অগ্নিকাণ্ডের এই ঘটনায় অন্তত পাঁচটি হাউসবোট একেবারে ছাই হয়ে গেছে। এছাড়া আগুনে আরো কয়েকটি হাউসবোট ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কাশ্মির পুলিশ।

অগ্নিকাণ্ডের জন্য সম্পূর্ণ দায় সরকারের : মির্জা ফখরুল

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের চাঁদাবাজির কারণে মার্কেটগুলো অরক্ষিত- এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু হলেই খোঁজেন বিএনপি আগুন ধরিয়ে দিচ্ছে। অথচ সরকারের লোকেরাই বঙ্গবাজারে আগুন লাগিয়েছে, ব্যবসায়ীরা তাই বলেছে। অগ্নিকাণ্ডের জন্য সম্পূর্ণ দায় সরকারের।

তিনি বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি থেকে মানুষের দৃষ্টি সরাতেই সরকার নিজেই আগুন লাগাচ্ছে, উল্টো বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দল এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সারের দাম নিয়ে মির্জা ফখরুল বলেন, এখনও সময় আছে সারের দাম কমান, ধানের দাম বাড়ান। অন্যথায় জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সারের দাম বাড়ানোর মধ্যে দিয়ে কৃষকদের চরম অবহেলা করা হয়েছে। সারা পৃথিবীতে কৃষিতে ভর্তুকি দেওয়া হলেও আমাদের সারের দাম বাড়ানো হয়েছে আইএমএফ এর শর্ত পূরণে। কৃষকদের গলা চেপে ধরার জন্য সারের দাম বৃদ্ধি।’

কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন – সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ।

চাঁদপুরের বাঘড়া বাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের ফরিদগঞ্জের বাঘড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচটি কাপড়ের দোকানসহ ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (১৫ এপ্রিল) দুপুর দেড়টায় বাজারের মিজানের তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। তবে আগুনের সূত্রপাত নিশ্চিত করে কেউ বলতে পারেনি এদিকে প্রখর রোদ ও তাপে আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী অন্যান্য আরও ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ীদের অন্তত ৩ কোটি টাকার কাছাকাছি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

অগ্নিকাণ্ডের পর ব্যবসায়ীরা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে চাঁদপুর ও ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কালু পাটোয়ারী, মতিন পাটোয়ারী, সজীবসহ বেশ কয়েকজন জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ মালামাল মজুদ করেন ব্যবসায়ীরা। ঈদকে সামনে রেখে অনেক ব্যবসায়ী ২০, ২৫ থেকে ৩০ লাখ টাকার পর্যন্ত মালামাল ঢাকা থেকে নিয়ে এসেছেন। আগুনে তাদের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে এবং অগ্নিকাণ্ডের ঘটনায় সব মিলিয়ে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এ সময় অনেক ব্যবসায়ীকে আহাজারি করতে দেখা গেছে।

চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, ফায়ার সার্ভিসের তৎপরতায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে এ যাত্রায় রক্ষা পেল, স্থানীয় বাজারের প্রায় দুই শতাধিক ব্যবসায়ী। চাঁদপুর ও ফায়ার সার্ভিস ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘণ্টা চালিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস পৌঁছার পরে আর কোনো দোকানে আগুন ছড়িয়ে পড়েনি। এতে বাজারের অন্যান্য প্রায় দুই শতাধিক দোকান রক্ষা পায়।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য সামান্য আহত হয়েছেন। তবে অগ্নিকাণ্ডে কোনো ব্যবসায়ী বা ফায়ার সার্ভিসের কোনো সদস্য গুরুতর আহত হননি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

কুবির দত্ত হল সংলগ্ন পাহাড়ে ফের আগুন

 

চাঁদনী আক্তার, কুবিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পাহাড়ে আবারো আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১মার্চ) সাড়ে ১১টার দিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের পশ্চিম পাশের পাহাড়ে এ আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হলের ময়লা ফেলার স্থান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এই সময় আগুনে পাহাড়ের বেশকিছু অংশ পুড়ে গেছে।

বারবার বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে আগুন লাগার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওবাইদুল্লাহ খান জানান, ক্যাম্পাসের অভ্যন্তরীণ পাহাড়গুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। বারবার পাহাড়ে এই আগুন লাগার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশের ক্ষতি হচ্ছে। আশা করবো বিশ্ববিদ্যালয় প্রশাসন পাহাড়ের বিষয়ে দায়িত্বশীল হবে এবং এসব ঘটনায় জড়িতদের খুঁজে ব্যবস্থা নিবে।

দত্ত হলে প্রাধ্যক্ষ ড.মিজানুর রহমান বলেন, ঘটনা শুনার সাথে সাথে আমি প্রশাসনকে অবহিত করি। বারবার আগুন ধরার বিষয়টি আসলে চিন্তার কারণ। কারণ আমাদের ছাত্রদের নিরাপত্তা বিষয়টি দেখতে হবে। আমরা বসে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেব।

প্রক্টর কাজী ওমর সিদ্দিকী রানা (ভারপ্রাপ্ত) বলেন, ফায়ার সার্ভিসের ভাষ্যমতে আগুন স্তুপ থেকে সৃষ্টি হয়েছে। বারবার আগুনের ধরার বিষয় নিয়ে জানতে চাইলে তিনি বলেন, পাহাড়ে মাঝেমধ্যে এগুলো হয়, আমরা তৎক্ষনাৎ পদক্ষেপ নিয়েছি। নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে বলেন এটার সাথে নিরাপত্তার কোন সংযোগ নেই।

কুমিল্লা জেলার সদর দক্ষিণ ফায়ার স্টেশনের অফিসার মীর মোহাম্মদ মারুফ বলেন, ময়লার স্তূপ থেকে আগুনের সুত্রপাত হয়েছে। হতে পারে কেউ দুষ্টমির ছলে আগুন লাগিয়েছে। কিন্তু পাহাড়ের অর্ধেক অংশ জ্বলে গিয়েছে। আমরা খবর পেয়ে দ্রুত এসেছি। ততক্ষণে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষাসহ সবার প্রচেষ্টায় আগুন নেভানো হয়েছে।

এর আগেও গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় লালন চত্বরে আগুন দেখতে পেয়েছেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। পাহাড়ে আগুন লেগে বিভিন্ন অংশের গাছপালা পুড়ে ছাই হয়ে গেছে। দীর্ঘক্ষণ আগুন জ্বলে কালো বর্ণ ধারণ করেছে আাশপাশের গাছপালা।

এছাড়াও বিভিন্ন সময়ে কুবির পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০২০ সালের ১৪ মার্চ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পাশের পাহাড়ে আগুন লাগলে পরিচ্ছন্নতার জন্য আগুন দেওয়া হয়েছে দাবি করে কর্তৃপক্ষ। ২০২১ সালের ১৮ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশের একটি পাহাড়ে অঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন বহিরাগত মাদকসেবীদের দ্বারা এই অগ্নিকাণ্ড ঘটার ধারণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২২ সালের অগ্নিকাণ্ডেও প্রশাসন একই কথা বলেছিল। তবে মাদকসেবীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি কর্তৃপক্ষকে।

চলন্ত বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও ১ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার গৌরীপুরে চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় শামসুন্নাহার বেগম (৭৫) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।

রোববার (২১ মার্চ) ভোর ৫টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ নিয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হলো। গত ১৫ মার্চ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোলামুর রহমান (৭৫) নামে এক ব্যক্তি। এছাড়া ঘটনাস্থলে মারা যান তিনজন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শামসুন্নাহার বেগমের শরীরের ২৩ শতাংশ দগ্ধ ছিল। তার শ্বাসনালী পুড়ে গিয়েছিল।

উল্লেখ্য, গত ১১ মার্চ সন্ধ্যায় দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় মতলব এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে দাউদকান্দি উপজেলার তিনপাড়া গ্রামের মৃত আহম্মেদ উল্লাহর ছেলে রফিকুল ইসলাম (৭০) ও বনুয়াকান্দি গ্রামের সাইফুল ইসলামের শিশুপুত্র সাফিনের (৫) মৃত্যু হয়।