Tag Archives: অনুমতি

সরকারি যে কোনো বদলি বা নিয়োগে অনুমতি লাগবে ইসির: ইসি সচিব

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি ছাড়া কোনো কর্মকর্তাকে বদলি করা যাবে না বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এ কথা বলেন সচিব জাহাংগীর।

ইসি সচিব বলেন, তফসিল ঘোষণার পর আজ থেকে বদলি ও নিয়োগের ক্ষেত্রে আগে থেকে ইসির অনুমতি নিতে হবে।

সংবিধানের ১২৬ অনুচ্ছেদ এবং আরপিও -এর ৫ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনের কাজে সহায়তা দেওয়া নির্বাহী বিভাগের কর্তব্য। কোনও কর্মকর্তা দায়িত্ব পাওয়ার পরে তাকে অব্যাহতি না দেওয়া পর্যন্ত চাকরির অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি ইসির অধীনে প্রেষণে আছেন বলে গণ্য হবে। এছাড়া আরপিও -এর ৪৪ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনের সময়সূচি জারি হওয়ার পর থেকে ফল ঘোষণার পর ১৫ দিন পর্যন্ত ইসির অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারীকে অন্যত্র বদলি না করার বিধান রয়েছে।

জামায়াত অনুমতি ছাড়া সমাবেশের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা: আসাদুজ্জামান

জামায়াত অনুমতি ছাড়া সমাবেশের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা: আসাদুজ্জামান

ডেস্ক রিপোর্ট:

জামায়াতকে সমাবেশের অনুমতি এখনো দেওয়া হয়নি, তার পরও চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।

শনিবার (২৮ অক্টোবর) মতিঝিলের নটরডেম-আরামবাগ মোড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন রয়েছে পুলিশের পর্যাপ্ত ফোর্স।

এদিকে মতিঝিল শাপলা চত্বর এলাকায় শুক্রবার রাত থেকেই কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শাপলা চত্বরে প্রবেশের সব পথেই সকাল থেকে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। কাউকেই যেতে দিচ্ছে না চত্বরের দিকে। তবে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আরামবাগ মোড়ে স্থাপন করা ব্যারিকেড তুলে ফেলেন নেতাকর্মীরা। পরে পুলিশ দ্রুতই নেতাকর্মীদের সরিয়ে দিয়ে আবারও ব্যারিকেড বসায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোর থেকেই আরামবাগ মোড় হয়ে শাপলা চত্বরে যাওয়ার পথের মুখে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। এতে কমলাপুর থেকে আসা পল্টনের সমাবেশমুখী মিছিলগুলোর যেতে সমস্যা হচ্ছিল। সকাল থেকেই এই মোড়ে কয়েক বার বসে পড়ার চেষ্টা করেছেন সমাবেশমুখী নেতাকর্মীরা। পথে বাধার সৃষ্টি হওয়ায় কয়েক দফা উত্তপ্ত বাক্যবিনিময় হয় পুলিশের সঙ্গে।

সকাল ৮টা ৪০ মিনিটের দিকে কমলাপুরের দিক থেকে আসা কয়েকটি মিছিলের নেতাকর্মীরা একযোগে এসব ব্যারিকেড সরিয়ে ফেলেন। এ সময় পুলিশ শান্ত ও সতর্ক অবস্থানে ছিল। তবে ব্যারিকেড ভাঙার পরে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয় পড়ে। পরে পুলিশ হুইসেল দিয়ে নেতা-কর্মীদের দিকে আগাতে থাকলে পিছু হটেন নেতাকর্মীরা। ২ মিনিটের মধ্যে নেতাকর্মীদের কয়েক শ গজ দূরে সরিয়ে দেয় পুলিশ এবং ব্যারিকেডগুলো আগের স্থানে বসিয়ে দেয়।

মতিঝিলের শাপলা চত্বর ও আশপাশের এলাকা পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে। রাজধানীর আরামবাগ, করিম চেম্বার ভবন, কালভার্ট রোডের মতো শাপলা চত্বরে ঢোকার যত প্রবেশমুখ রয়েছে সবগুলোই ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। ব্যারিকেড পার হয়ে কাউকেই শাপলা চত্বরের দিকে যেতে দিচ্ছে না পুলিশ। দু-একজন ঢুকলেও পড়তে হচ্ছে ব্যাপক পুলিশি জেরায়। সন্দেহ হলেই করা হচ্ছে আটক ও জিজ্ঞাসাবাদ।

আরামবাগে জামায়াত নেতাকর্মীরা, অপেক্ষা অনুমতির

আরামবাগে জামায়াত নেতাকর্মীরা, অপেক্ষা অনুমতির

ডেস্ক রিপোর্ট:

সরকারের পতন ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে আজ শনিবার রাজধানীর মতিঝিলে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। যদিও এখনো পর্যন্ত মহাসমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। তবে, ঘোষিত কর্মসূচি সফল করতে এরই মধ্যে জামায়াতের অসংখ্য নেতাকর্মী জড়ো হয়েছেন মতিঝিলের আশপাশে। তাদের দাবি, আনুষ্ঠানিক অনুমতি পেলেই সমাবেশস্থলে প্রবেশ করবেন তারা।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টার পরে রাজধানীর আরামবাগের নটরডেম কলেজের সামনে গিয়ে দেখা যায় এমন চিত্র।

এর আগে, জামায়াতের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে সকাল ৯টার দিকে দলটির অর্ধশতাধিক নেতাকর্মী জড়ো হন শাপলা চত্বরের দক্ষিণ পাশে। এসময় পুলিশ দলটির নেতাকর্মীদের সরিয়ে দেয়। তারা একটু দূরে গলিতে অবস্থান নেন। তবে কোনো পক্ষই মারমুখী আচরণ করেনি। বেশ শান্তিপূর্ণভাবেই মূল সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় জামায়াতের নেতাকর্মীদের।

জামায়াতের নেতাকর্মীরা জানান, দলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন- সমাবেশের বিষয়ে তাদের মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। এখন আনুষ্ঠানিক অনুমতি পেলে সমাবেশস্থলে প্রবেশ করবেন তারা।

ফেনীর দাগনভূঞা উপজেলা জামায়াতের এক নেতা জানান, দাগনভূঞা থেকে অন্তত ৫০০ নেতাকর্মী ঢাকার মহাসমাবেশে এসেছেন। আনুষ্ঠানিক অনুমতি পেলে শাপলা চত্বরে সমবেত হবেন তারা।

এর আগে সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এডিসি রাশেদ বলেন, ‌‌‘মতিঝিল ও আশপাশে কোনো ব্যক্তি থাকবে না। একটি পাখিও থাকতে পারবে না।’ এরপর সবাইকে মূল সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।