Tag Archives: আটক ১

কুমিল্লায় ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, আটক ১

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোসংবলিত একটি ভুয়া পরিচয়পত্রের ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি সিআইডি লেখা কটি পরা একটি ছবি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় জেলা পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত ২৪ অক্টোবর কুমিল্লার শাসনগাছা এলাকায় দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশ এক মোটরসাইকেল চালককে থামার সংকেত দেয়। এ সময় ওই ব্যক্তি নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে নাম রাসেল বলে জানান। তবে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও পরিচয়ের উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট নিয়ম অনুযায়ী মোটরসাইকেলটি ডাম্পিংয়ে পাঠান।

পরদিন ২৫ অক্টোবর মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে যান রাসেল হোসেন। এ সময় তিনি আবারও নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তার কথাবার্তা ও পরিচয় নিয়ে সন্দেহ হলে বিষয়টি কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশকে জানায় ট্রাফিক পুলিশ।

খবর পেয়ে ডিবি পুলিশের একটি বিশেষ দল ট্রাফিক পুলিশ কার্যালয়ে গিয়ে তার পরিচয় ও কর্মস্থল যাচাই করে। যাচাইয়ে তিনি সিআইডির কর্মকর্তা নন বলে নিশ্চিত হওয়া যায়।

পুলিশের দাবি, রাসেল দীর্ঘদিন ধরে ভুয়া নাম-ঠিকানা ও পদবি ব্যবহার করে সিআইডি পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোযুক্ত একটি ভুয়া পরিচয়পত্রের ছবি এবং এআই প্রযুক্তিতে তৈরি সিআইডি লেখা কটি পরা একটি ছবি পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে রাসেল হোসেন দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ধরনের প্রতারকদের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দাউদকান্দিতে মিনি ট্রাক থেকে ৩৬ হাজার ইয়াবা ও পিস্তলসহ গুলি উদ্ধার, আটক ১

জাকির হোসেন হাজারী:

কুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপ (মিনি ট্রাক) থেকে ৩৬ হাজার পিস ইয়াবা ও বিদেশি একটি পিস্তলসহ সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ । এ সময় গাড়ির চালক জাকারিয়াকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটিও জব্দ করা হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাতে আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে সড়কে মিনিট্রাক থেকে এসব ইয়াবা, পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। শুক্রবার সকালে দাউদকান্দি মডেল থানা পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটক আটক জাকারিয়া (৪৫) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নীলা গ্রামের মো. সফিকুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে একটি মিনিট্রাকে করে বিপুল পরিমাণ ইয়াবা রাজধানীর উদ্দেশ্যে যাচ্ছে। পরে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় সন্দেহভাজন মিনিট্রাকটি থামিয়ে তল্লাশি চালানো হয়। চালককে দু’ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হলেও সে মাদক পাচার ও অস্ত্রের বিষয়টি অস্বীকার করে। পরে গাড়ীর পেছনের বডিতে বিশেষ কৌশলে ইয়াবা রেখে উপর আরেকটি ষ্টীলের সিট দিয়ে ঢেকে দেয়। স্থানীয় ওয়েল্ডিং মিস্ত্রি দিয়ে সিট কেটে ৩৩টি জ্যামেতি বক্সের ভিতর রাখা ৮০ টি প্যাকেটে ৩৬ হাজার উদ্ধার করা হয়েছে। আর সামনের সিটের নিচ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানা ওসি সাজেদুল ইসলাম পলাশ জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে দাউদকান্দি টোলপ্লাজার সামনে থেকে ওই গাড়িটিতে তল্লাশি চালাই। গাড়িটি থেকে অস্ত্র ও ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অস্ত্র ও  মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

কুমিল্লায় প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার লালমাই পাহাড়ে নিয়ে দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ, আরও ৪ জনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) রাতে লালমাই পাহাড়ের কোটবাড়ির সাদ্ধের মুড়া এলাকায় এই ঘটনা ঘটে।

রোববার ভোরে বিষয়টি নজরে আসলে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশ খবর দেয়। রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

ওই কিশোরী চান্দিনা উপজেলার পাইকটা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোরীর সঙ্গে সিয়াম নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের জেরে শনিবার তারা কুমিল্লার ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে আসে। সেখান থেকে ওই যুবক কিশোরকে লালমাই পাহাড়ের চূড়ার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আগে থেকে অপেক্ষা করছিল প্রেমিকের আরো চার বন্ধু। পরে তারা (প্রেমিক ও প্রেমিকা) উপস্থিত হলে একজন যুবক তাদের পাহারা দেয় এবং প্রেমিকসহ অন্য চারজন রাতভর পালাক্রমে ধর্ষণ করে। ভোরে ওই কিশোরীকে নিয়ে চারজন ঘটনাস্থল থেকে বের হয়ে যাওয়ার সময় স্থানীয়রা সন্দেহের ভিত্তিতে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করার সময় ওই কিশোরী ঘটনাটি স্থানীয়দের কাছে জানায়। পরে চারজন ঘটনা থেকে পালিয়ে গেলেও একজনকে আটক করে স্থানীয়রা।

আটককৃত ওই যুবকের নাম মো. সাকিব (২০)৷ তিনি চান্দিনা উপজেলার উজিরপুর ইউনিয়নের শহীদ মিয়ার ছেলে।

জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, ঘটনাটি আমরা শুনেছি। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সেই সাথে ওই কিশোরীকে হাসপাতালে পরীক্ষা করার জন্য প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। বাকি চারজনকে ধরতে জেলা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ওই কিশোরীর মেডিকেল পরীক্ষার পর আরো বিস্তারিতভাবে জানা যাবে।

দাউদকান্দিতে ৫২ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ১

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে ৫২ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোমতী-মেঘনা সেতুর টোলপ্লাজা পশ্চিম পাশ থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম উজ্জ্বল মিয়া (৩৫)। তিনি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার মল্লিকনগর গ্রামের মৃত চন্দন মিয়ার ছেলে। তিনি ঢাকার মিরপুর-২ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলামের সরাসরি দিকনির্দেশনায় এসআই কাওছারের নেতৃত্বে একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সন্দেহজন ওই প্রাইভেট কারটিকে চ্যালেঞ্জ করে পুলিশ। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে সুকৌশলে লুকিয়ে রাখা ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে চালককে আটক করে পুলিশ।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানায়, এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতি বজায় রেখে কাজ করছে। গাঁজা ও মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজ বিকেলে তাকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হবে।

দাউদকান্দিতে ৭০ হাজার পিস ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেট কারসহ রুবেল (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ ।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মোঃ রুবেল ঢাকার মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের আইয়ুব মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় ড্রাইভিং সিটের নিচে এবং পিছনে বিশেষ কৌশলে প্লাস্টিকের কস্টিপ দিয়ে  লুকিয়ে রাখা ভিন্ন ভিন্ন  প্যাকেটে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একটি নীল রংয়ের টয়োটা প্রাইভেট কার(-ঢাকা মেট্টো-গ-৩১-৭৫১৮) জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রুবেল  জানায়, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার ও চট্টগ্রাম এলাকা হতে ইয়াবা বহন করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ সাজেদুল ইসলাম  জানান, এ ঘটনায় রুবেলকে গ্রেফতার এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা প্রক্রিয়াধীন ।

নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ, আটক ১

নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ, আটক ১

নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ, আটক ১

নাঙ্গলকোট প্রতিনিধি:

নাঙ্গলকোট উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় আব্দুল জলিল নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত হাসানপুর বাজার এলাকায় মেসার্স জলিল এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (NSI) কুমিল্লা জেলা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমার নেতৃত্বে, নাঙ্গলকোট থানার ওসি এবং সেনাবাহিনীর যৌথ অংশগ্রহণে এ অভিযান চালানো হয়।

অভিযানে প্রায় ৫ হাজার ৫০০ লিটার ডিজেল ও ২৪ লিটার কেরোসিনসহ মোট ৫ হাজার ৫২৪ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুল জলিলকে আটক করা হয়। পরে তাকে আইনানুগ প্রক্রিয়ায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিতাসে পৃথক অভিযানে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার, আটক ১

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জড়িত অভিযোগে একজনকে আটক করেছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

যৌথবাহিনী সূত্রে জানাযায়, উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর ফেরিঘাট সংলগ্ন ব্রিজের পাশে অস্ত্রের একটি চালান হাতবদলের গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালায়। অস্ত্র বহনকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৫টি ইস্টেনগান, থানায় ব্যবহৃত ৪টি লোডার/কার্তুজ, ৩টি তাজা পিস্তলের অ্যামুনিশন, ৮টি পিস্তলের খালি অ্যামুনিশন এবং ১টি পিস্তলের ফায়ারিং পিন উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের চালানটি মেঘনা নদীপথ হয়ে তিতাস নদীতে প্রবেশ করেছে বলে ধারণা পুলিশের ।

একই রাতে দাউদকান্দি আর্মি ক্যাম্পের একটি দল তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে অভিযান চালিয়ে এসহাক মোল্লা জুয়েল একজনকে আটক করেছেন। জুয়েল ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু মোল্লার ছেলে।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি, পাঁচটি দেশীয় অস্ত্র (চাকু), তিনটি লোহার পাইপ, ছয়টি পাসপোর্ট, নগদ ২০ হাজার টাকা এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সাবেক যুবলীগ নেতা জুয়েল মোল্লা ২৪ এর ৫আগষ্টের পর গা- ঢাকা দিয়েছিলেন। পরে স্থানীয় বিএনপিতে যোগদানের মাধ্যমে এলাকায় বিচরণ শুরু করেন। তার নামে এলাকায় অগ্নিসংযোগ, লুটপাট ও মারামারিসহ একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান।

তিতাস থানার ওসি মোঃ আরিফ হোসাইন দেশ রূপান্তরকে বলেন, যৌথবাহিনীর অভিযানে মজিদপুর ইউনিয়নের পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার এবং ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রাম থেকে বিদেশী অস্ত্রসহ এসহাক মোল্লা জুয়েল নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। আর অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে।

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও অবৈধ ভারতীয় সিগারেট জব্দ, আটক ১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৪ লাখ টাকার মাদক ও অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন আসামিকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত এলাকায় টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলা ও আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র আওতাধীন লক্ষীপুর পোস্ট এবং আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল অংশ নেয়। সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পদ্দারখীল ও চাঁনপুর বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়।

এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত একজন আসামিকে আটক করতে সক্ষম হয় বিজিবি। জব্দকৃত মাদক ও সিগারেটের বাজারমূল্য ৪৪ লাখ ১১ হাজার ৫৯৫ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজিবি জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লায় ইউপি সদস্যের বাড়ির ছাদে শুকানো হচ্ছিল গাঁজা, আটক ১

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদের সদস্য নূরুল ইসলামের বাড়ির ছাদ থেকে ১০০ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা উদ্ধার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর শশীদলে নূরুল ইসলাম মেম্বারের বাড়ির পাশে বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে প্রথমে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে কাউছার (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে কাউছারের তথ্যের ভিত্তিতে নূরুল ইসলাম মেম্বারের বাড়ির ছাদে শুকানো অবস্থায় আরো ৬০ কেজি গাঁজা পাওয়া যায়।

অভিযানের সময় ইউপি সদস্য নূরুল ইসলাম ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যান।

আটককৃত কাউছার শশীদলের মৃত আব্দুল হাকিমের ছেলে এবং নূরুল ইসলামের সহযোগী বলে পুলিশ জানিয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, শশীদল ইউনিয়ন পরিষদের সদস্য নূরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার ও কাউছার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। পলাতক ইউপি সদস্যকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।