Tag Archives: কিশোরগঞ্জ জেলা

কুমিল্লায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম ও লাকসামে পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা, ১ হাজার ৫২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

শুক্রবার (১ জুলাই) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকা থেকে ১ হাজার ৫২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩১ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়। তারা হলেন, চৌদ্দগ্রামের জগমোহনপুর গ্রামের মৃত মুকবুল আহাম্মেদের ছেলে লোকমান হোসেন (৩৫) এবং একই গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃ তারেক হোসেন (২১)।

এছাড়াও পৃথক আরেকটি অভিযানে শুক্রবার সকালে লাকসাম উপজেলার উত্তর গাজীপুর এলাকায় থেকে ২০ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। সে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গোকুল নগর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে মোঃ শাহিন মিয়া (৩৫)।

আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লার লাকসাম ও চৌদ্দগ্রাম মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

ব্রাহ্মণবাড়িয়ায় গলায় ফাঁস দিয়ে প্রভাষকের আত্মহত্যা

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গলায় ফাঁস দিয়ে মৃণাল কান্তি দাস (৪৫) নামের এক প্রভাষক আত্মহত্যা করেছে।

শনিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার আলমনগর এলাকার একটি বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আশুগঞ্জ উপজেলার ফিরোজ মিয়া ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন নিহত মৃণাল কান্তি দাস। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন ছাত্র।

নিহত প্রভাষকের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায়।

হিতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার আলমনগর এলাকার একটি বাসায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন প্রভাষক মৃণাল। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। শুক্রবার দিবাগত মধ্যরাতে স্ত্রীকে অন্য কক্ষে পাঠিয়ে নিজের কক্ষের দরজা ভেতর থেকে আটকে দেন। এরপর ফ্যানের সঙ্গে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মৃণাল।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, আশুগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক প্রভাষক আত্মহত্যা করেছে। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।তবে প্রাথমিকভাবে তার আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

ধর্ষণচেষ্টার সময় মসজিদের ইমামকে হত্যা, নারীর যাবজ্জীবন কারাদণ্ড

 

ডেস্ক রিপোর্টঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ধর্ষণচেষ্টার সময় মসজিদের ইমাম মিজানুর রহমান হত্যা মামলায় ময়না আক্তার নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই মামলায় ময়নার ভাই মনির হোসেনকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ময়নাকে ২ লাখ ও মনিরকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছেন আদালত।

কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম রোববার সকালে এ রায় দেন। এ সময় দুই আসামি এজলাসে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই পূর্ব বরাটি গ্রামের নূরুল ইসলামের ছেলে মিজানুর রহমান কুলিয়ারচর উপজেলার উসমানপুর এলাকায় একটি মসজিদে ইমামতি করতেন।

২০১৬ সালের ১৪ আগস্ট রাত তিনটার দিকে কুলিয়ারচর উপজেলার উসমানপুর এলাকায় বাজরা-চৌমুড়ি পাকা রাস্তার পাশ থেকে হাফেজ মিজানুর রহমান মিজান নামে ওই ইমামের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পরদিন নিহতের ভাই মো. নূরুল হক বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ কোনাপাড়া গ্রামের প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী ময়না আক্তার ও তার ভাই মনির হোসেনকে আটক করে।

২০১৭ সালের ২৪ এপ্রিল এ দুজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই কোহিনূর মিয়া।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ঘটনার দিন গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ময়নাকে ধর্ষণের চেষ্টা চালান ইমাম মিজানুর রহমান মিজান। এ সময় ময়না তাকে লোহার রড দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেন। পরে ভাই মনির হোসেনের সহায়তায় ইমামের মরদেহ বস্তায় ভরে রাস্তার পাশে ফেলে রেখে যান।

আদালতে দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট যজ্ঞেশ্বর রায় ও আসামিপক্ষে অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস মামলা পরিচালনা করেন।