Tag Archives: কুমিল্লা সীমান্তে ৮৬ লক্ষাধিক টাকার ভারতীয় মোবাইল

কুমিল্লা সীমান্তে ৮৬ লক্ষ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে প্রায় ৮৬ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বুধবার রাত আনুমানিক ২টার দিকে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র অধীনস্থ সুবর্ণপুর এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। সীমান্তের প্রায় ৩০০ গজ অভ্যন্তরে একটি পরিত্যক্ত অবস্থানে মোট ১,৭৩৩ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৮৬,৬৫,০০০/- (ছিয়াশি লক্ষ পঁয়ষট্টি হাজার) টাকা।

বিজিবি সূত্র জানায়, আটককৃত মোবাইল ডিসপ্লেগুলো কোনো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায় এবং এগুলো সীমান্তপথে বাংলাদেশে চোরাইভাবে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস বিভাগে হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কুমিল্লা সীমান্তে ৮৬ লক্ষাধিক টাকার ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮৬ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, ২ জুন ২০২৫ তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে (০০৩০ ঘটিকায়) চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপির অধীনে একটি বিশেষ টহলদল সীমান্ত সংলগ্ন সোনাপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। অভিযানে সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত স্থানটি থেকে মালিকবিহীন অবস্থায় একটি ইজিবাইকসহ মোট ২৭৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে ১৮১টি নতুন এবং ৯৩টি পুরাতন মোবাইল ফোন রয়েছে। এসব মোবাইল ফোনের বাজারমূল্য আনুমানিক ৮৬,৫৯,২৭৪/- (ছিয়াশি লক্ষ ঊনষাট হাজার দুইশত চুয়াত্তর) টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত মোবাইল ফোনসমূহ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।