Tag Archives: কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে আ. লীগের ধাওয়া

কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলা: সাবেক এমপি ও তার কন্যা-জামাতাসহ ৩৭৬ জন আসামি

 

স্টাফ রিপোর্টার:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার দুই দিন আগে কুমিল্লার পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার ঘটনায় কুমিল্লার সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহার, তার জ্যেষ্ঠ কন্যা সাবেক সিটি মেয়র তাহসিন বাহার সূচনা ও জামাতা সাইফুল আলম রনি ওরফে জামাই রনি সহ ৩৭৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাতে কুমিল্লা শহরতলীর আড়াইওড়া এলাকার এক আহত শিক্ষার্থীর বাবা আফসার আবদুল আজিজ বাদি হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় এ মামলা দায়ের করেন।

শেখ হাসিনার সরকার পতনের এক দফা দাবিতে এখন সারাদেশ উত্তাল তখনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে গত ৩ আগস্ট কুমিল্লা পুলিশ লাইন্স এলাকায় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে অনেক শিক্ষার্থী আহত হয়।

এ ঘটনায় শুক্রবার রাতে দায়ের করা মামলায় সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহার, সাবেক সিটি মেয়র তাহসিন বাহার সূচনা, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, সাইফুল আলম রনি ওরফে জামাই রনি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ শহিদ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের বেশ কজন কাউন্সিলর সহ ৩৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১২০ জনকে আসামী করা হয়।

কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ২ জন

ডেস্ক রিপোর্ট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে ২ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে কুমিল্লা নগরীর পুলিশ লাইনস এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০টার দিকে কুমিল্লা জিলা স্কুলে সামনে গণমিছিল পালন করতে আসে শিক্ষার্থীরা। এসময় মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা নিউমার্কেট সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেন। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ফৌজদারি হয়ে পুলিশ লাইনসের দিকে গেলে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল ও গুলিবর্ষণ করতে থাকে।  আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে দুজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় প্রাণ বাঁচাতে ছুটতে থাকেন শিক্ষার্থীরা। তাদের মধ্যে অনেক নারী শিক্ষার্থী দৌড়ে গিয়ে পুলিশ লাইনসের ভেতর আশ্রয় নেন। পরে তাদের পুলিশ ভ্যানে করে ওই এলাকা থেকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশ কয়েকবার ফোন করা হলেও তারা কেউই মোবাইল ফোন না ধরায় বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: ঢাকাপোষ্ট

কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে আ. লীগের ধাওয়া, উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি

স্টাফ রিপোর্টার:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন কুমিল্লার শিক্ষার্থীরা। একই সময় মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদেরও সড়কে অবস্থান নিতে দেখা গেছে।

শনিবার (৩ আগস্ট) সকাল থেকে কুমিল্লা নগরীর কান্দির পাড় জড়ো হতে থাকেন কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও নিউমার্কেট সড়কে অবস্থান নেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, শনিবার সকাল ১০টার দিকে কুমিল্লা জিলা স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলের জন্য জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে জিলা স্কুলের গেটে তালা ভেঙে ছাত্রছাত্রীরা ভেতরে ঢোকে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে নগরের কান্দিরপাড় এলাকায় যেতে চাইলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিউমার্কেট এলাকায় জড়ো হন। ফলে শিক্ষার্থীরা আবার জিলা স্কুলের সড়কের সামনে অবস্থান নিয়ে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ শুরু করেন।

এ সময় ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জেগেছে রে জেগেছে রে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগানে মিছিল মুখরিত করে তোলেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানের কারণে কান্দিরপাড়-ঈদগাহ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে বেলা সোয়া ১১টার দিকে গণমিছিলে যোগ দিতে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে হাজির হতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। পরে শিক্ষার্থীরা পুলিশ লাইন্স এলাকায় গিয়ে মিছিল করতে থাকেন। এই মুহূর্তে কুমিল্লা নগরীরতে থমথমে পরিবেশ বিরাজ করছে। সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত গণমিছিল চলছে।

জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হলেও কারও বক্তব্য পাওয়া যায়নি।