Tag Archives: কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামী-ভাগিনার ইটের আঘাতে গৃহবধুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর দেওয়া আগুনে দ্বগ্ধ হয়ে ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে ফাতেমা বেগম (২৮) নামে এক গৃহবধূ।

গৃহবধূর গায়ে আগুন দেওয়ার ঘটনাটি ঘটেছে উপজেলার গুনবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামে। ফাতেমা ওই গ্রামের জাবেদ হোসেন (৩৫) ড্রাইভারের স্ত্রী।

মৃত্যুর তথ্যটি মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় নিশ্চিত চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন। গৃহবধূর গায়ে আগুন দেওয়ার পর থেকেই স্বামী জাবেদ ড্রাইভার পলাতক রয়েছেন বলে জানিয়েছেন ওসি।

এদিকে মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদ্বগ্ধ গৃহবধূ ফাতেমা একটি ভিডিও ফুটেজে অভিযোগ করে বলেন, আমি বাড়িতে গিয়ে আমের ভর্তা বানিয়ে দিয়েছি, সন্ধ্যায় আমাকে গালিগালাজ করে একপর্যায়ে আমার গলা টিপে ধরে আমার স্বামী। একপর্যায়ে আমি মাটিতে পড়লে খাটের নিচ থেকে তৈলের (জ্বালানি তেল) বোতল খুলে আমার গায়ে তেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় সে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আলকরা ইউনিয়নের বুরনকরা গ্রামের আবুল হাসেম প্রকাশ টুকু মিয়ার মেয়ে ফাতেমা বেগমের সাথে পাশ্ববর্তী গুনবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামের অলি আহমদের ছেলে জাবেদ হোসেন ড্রাইভারের সাথে ১০ বছর পূর্বে সামাজিকভাবে শরীয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে তাদের পারিবারিক কলহ চলে আসছিলো। এরই জের ধরে গত ১৩ এপ্রিল (সোমবার) রাতে স্বামী-স্ত্রী ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে ফাতেমার শরীরে আগুন দেয় ফাতেমার স্বামী। এ সময়ে তার চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে আসে জাবেদ পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহয়তায় গৃহবধূকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে ফাতেমার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে প্রেরণ করে। সেখানে ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত রোববার ভোরে গৃহবধূ ফাতেমা মারা যায়। ফাতেমার মৃত্যুর পর স্বজনরা লাশের ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে আসার চেষ্টা করলে হাসপাতাল কর্তৃপক্ষ শাহবাগ থানা পুলিশকে বিষযটি অবগত করে। পরে পুলিশ গৃহবধূ ফাতেমার লাশ তাদের জিম্মায় নিয়ে মৃত্যুর তথ্য জানতে চেয়ে চৌদ্দগ্রাম থানাকে খবর দেয়। আইনী প্রক্রিয়া ও লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, সোমবার সকালে ঢাকার শাহবাগ থানা থেকে মেইলের মাধ্যমে বিষয়টি জানতে পারি। উপজেলার গুনবতীর চাঁপাচৌ গ্রামের ফাতেমা বেগম নামে এক গৃহবধূ অগ্নিদ্বগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মৃত্যুবরণ করে। অগ্নিকান্ডের ঘটনার তথ্য জানতে চেয়েছে তারা। তদন্তে জানা যায়, গত ১৩ এপ্রিল রাতে পারিবারিক কলহের জেরে ফাতেমা বেগম নামে ওই গৃহবধূ অগ্নিদ্বগ্ধ হয়।

ওসি আরো জানান, ফাতেমার স্বামী জাবেদ হোসেন একজন গাড়ি চালক। তার ঘরে পেট্রোল ও অকটেন জাতীয় তৈল পূর্ব থেকে মজুদ ছিলো। দু’জনের ঝগড়ার একপর্যায়ে মজুদকৃত জ্বালানি তৈল দিয়ে অগ্নিদ্বগ্ধের ঘটনা ঘটে। আমরা তদন্ত প্রতিবেদনটি শাহবাগ থানায় প্রেরণ করেছি। গৃহবধূর পরিবার যদি কোন মামলা দায়ের করতে চায়, তাহলে আমরা তাদেরকে আইনগত সহযোগিতা করব।

গুনবতী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সাদ্দাম হোসেন বলেন, জাবেদ ড্রাইভার একজন গাড়ি চালক। তৈলের এই সংকটের সময়ে তিনি নিজ ঘরে জ্বালানি তৈল মজুদ করে রাখতো। আর সেই মজুদকৃত তৈলেই অগ্নিদ্বগ্ধের ঘটনা ঘটে। তাদের বিয়ের পর থেকেই পারিবাহিক কলহ চলে আসছিলো।

নিহত গৃহবধূ ফাতেমা বেগমের চাচাতো ভাই আসিফ মঙ্গলবার সন্ধায় জানান, আমার বোনকে পরিকল্পিতভাবে ঘরের ভিতর রাখা মজুদকৃত তৈল গায়ে ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে সে বার্ন ইউনিটে মৃত্যুবরণ করে। ময়নাতদন্তের কাজ শেষে পুলিশ লাশ হস্তান্তর করে। মর্মান্তিক এ হত্যাকান্ডের বিচার চাই। ফাতেমা অগ্নিদ্বগ্ধ হওয়ার পর থেকেই তার স্বামী জাবেদ হোসেনসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে স্কুলে যাওয়ার পথে লরির চাপায় শিক্ষার্থীর মৃত্যু, আহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে স্কুলে যাওয়ার পথে লরির চাপায় শিক্ষার্থীর মৃত্যু, আহত ১

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে স্কুলে যাওয়ার পথে নিয়ন্ত্রণহীন লরির চাপায় হাসিবুল ইসলাম জিহান (১১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন তারই সহপাঠী মেহজাবিন আক্তার তানিসা (১১)।

শনিবার (০৪ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা তাকিয়া আমগাছ নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত জিহান একই এলাকার প্রবাসী আবুল হোসেন ও অঞ্জু আক্তার দম্পতির ছেলে।এছাড়াও নিহত ও আহত দুজনই চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই-বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জিহান ও তারই চাচাতো বোন তানিসা পায়ে হেটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াকওয়ে দিয়ে স্কুলে যাচ্ছিলেন। এসময় পিছন থেকে চট্টগ্রাম অভিমুখি একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দু’জনকে চাপা দিয়ে মহাসড়কের পাশেই উল্টে পড়ে যায়। লরির নিচে পিস্ট হয়ে ঘটনাস্থলেই জিহানের মৃত্যু হয়। গুরুতর আহত হয় জিহানের চাচাতো বোন তানিসা। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জিহানের মরদেহ উদ্ধার করে এবং আহত তানিসাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহত জিহানের জেঠাতো ভাই মো. খালেদ জানান, জিহান ও তানিসা অনেক মেধাবী শিক্ষার্থী ছিলো। তারা সবসময় একসাথে স্কুলে আসা-যাওয়া করতো। শনিবার সকালে নাস্তা শেষে দু’জন প্রতিদিনের মত একসাথে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। স্কুলের কাছাকাছি পৌঁছালে পিছন থেকে একটি লরি তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জিহানের মৃত্যু হয়। গুরুতর আহত হয় তানিসা। দু’টি পরিবারেই শোকের মাতম বইছে।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাব উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত লরিটি জব্দ করা হয়েছে। গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে জিহানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামী-ভাগিনার ইটের আঘাতে গৃহবধুর মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে পিটুনি ও ইটের আঘাতে তাছলিমা বেগম (৩০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ই জুলাই) সকালে গুরুতর আহত অবস্থায় স্বামীর বাড়ি উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের লনিশ্বর গ্রাম থেকে গৃহবধু তাছলিমাকে চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে আনা হলে সকাল আনুমানিক ১০টায় চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তাছলিমা উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের লনিশ্বর দক্ষিণপাড়ার আমান উল্লার স্ত্রী এবং পার্শ্ববর্তী শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামের তনু মিয়ার মেয়ে।

আমান এবং তাছলিমার দাম্পত্য জীবনে দুই কন্যা এবং এক ছেলে রয়েছে। ঘাতক স্বামী আমান উল্লাহ লনিশ্বরের বদিউল আলমের ছেলে।

নিহতের মা মিলন বেগম এবং শিশুকন্যা কান্নাজড়িত কন্ঠে উপস্থিত সাংবাদিকদের জানান, সোমবার বিকেল থেকে স্বামী আমান উদ্দিন বেশ কয়েকবার তার স্ত্রী তাছলিমাকে মারধর করে। ঐদিন রাতে আমানের ভাগিনা নাছির ইট দিয়ে তাছলিমাকে আঘাত করে। নাছির পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের শ্যামপুর গ্রামের ভুট্টুর ছেলে। ইটের আঘাতে অনেক রক্তপাত হয়। মঙ্গলবার ভোরে গুরুতর আহত অবস্থায় বাড়ির অন্যান্য লোকজন তাকে হাসপাতালে আনলে চিকিৎসক তাছলিমাকে মৃত ঘোষণা করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, পারিবারিক কলহের জেরে নিহতের স্বামী এবং ভাগিনার ইটের আঘাতে গৃহবধু তাছলিমার মৃত্যু হয়েছে। মামলা দায়ের হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।