Tag Archives: কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় ৮৫ জনকে আসামি করে মামলা

কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় পুত্রবধূসহ ৩ জন গ্রেফতার

 

ইসতিয়াক আহমেদ:

গত (৫ সেপ্টেম্বর) কুমিল্লা কোতয়ালি মডেল থানাধীন পাচথুবি ইউনিয়নের সুবর্ণপুর এলাকায় পল্লী চিকিৎসক সৈয়দ বিল্লাল হোসেন ও তার স্ত্রীকে ঘরে ঢুকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার ঘটনায় মুল আসামি নিহতদের প্রবাসী ছেলের বউ শিউলি ও তার খালাতো ভাই জহিরুল ইসলাম সানি এবং সানির বন্ধু তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন কোতোয়ালি থানাধীন কালিকাপুর এলাকার মোছাঃ নাহার চৌধুরী শিউলি(২৫) পিতা মোঃ মোরশেদ চৌধুরী মাতা মোসাঃ রেহানা আক্তার। সদর দক্ষিণ থানাধীন কোদালিয়া এলাকার মোহাম্মদ জহিরুল ইসলাম মজুমদার সানি(১৯) পিতাঃ মোঃ আব্দুল রহিম মজুমদার মজুমদার, মাতা জাহানারা বেগম এবং লালমাই থানাধীন দক্ষিণ জয়কামতা এলাকার মোঃ মেহেদী হাসান তুহিন (১৮) পিতা মোঃ শাহাবুদ্দিন মাতা পারুল আক্তার।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুর রহিম মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।

তিনি আরো বলেন, ঘটনার পর শিউলীকে আটক করার পর তার দেয়া তথ্য অনুযায়ী নগরীর চর্থা থেকে জহিরুল ইসলাম ও বরুড়া উপজেলা থেকে মেহেদীকে আটক করা হয়।

হত্যাকান্ডের পরই নিহত দম্পতির মেয়ে সৈয়দা বিলকিস আক্তার কোতোয়ালি মডেল থানায় শিউলীকে প্রধান আসামি করে মামলা করেন। অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়। এই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন শিউলী। তিনি জানান, পারিবারিক কলহের জেরে পরিকল্পনা করেই হত্যা করা হয় শ্বশুর পল্লি চিকিৎসক বিল্লাল হোসেন ও শাশুড়ি সফুরা বেগমকে। পরিকল্পনা অনুযায়ী সোমবার রাতে শিউলীর শ্বশুরবাড়িতে যান জহিরুল ও মেহেদী। তখন বিল্লাল বাসায় ছিলেন না। তারা সফুরাকে হাত-পা বেঁধে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। শ্বশুর বাড়ি ফিরলে তাকেও এভাবে হত্যা করা হয়।

উল্লেখ্য, আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর গ্রামে রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ঘর থেকে পল্লী চিকিৎসক দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরদিন গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে নিহতের মেয়ে বিলকিস অভিযোগ করেন, তার বড় ভাইয়ের স্ত্রী শিউলীর বিয়েবহির্ভূত সম্পর্কের জেরেই এই হত্যাকান্ড করা হয়েছে।

কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় ৮৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৬

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে গত শনিবার দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় দুইজন নিহত হয়। এ ঘটনায় রবিবার রাতে ৮৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলাটিতে সোমবার ভোর রাত পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে ওই ঘটনার পর থেকে এলাকায় গ্রেপ্তার আতংক বিরাজ করছে এবং গ্রেপ্তার এড়াতে ওই এলাকা প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিদলাই গ্রামের আমেরিকা প্রবাসী সামসু মিয়া গ্রুপের ‘বড় দলের’ জাহাঙ্গীর ও লিটনের লোকজনের সঙ্গে একই গ্রামের ‘ছোট দলের’ খোরশেদ আলম ও শানুর লোকজনের দীর্ঘ ৪০ বছর ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে গত শনিবার সকালে উভয় পক্ষ লাঠি, টেটা ও বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে ওই গ্রামের খোরশেদ আলম ও শানু মিয়া নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন।

এ ঘটনায় নিহত খোরশেদ আলমের স্ত্রী নাসিমা আক্তার বাদী হয়ে রবিবার রাতে ৫০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩৫ জনসহ ৮৫ জনকে আসামি করে ব্রাহ্মণপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সোমবার ভোর রাত পর্যন্ত পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬জনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয়রা জানান, এ ঘটনার পর থেকে ওই গ্রামে গ্রেপ্তার আতংক বিরাজ করছে। অধিকাংশ পরিবারের পুরুষরা গ্রেপ্তার এড়াতে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এতে ওই গ্রাম প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। এ ঘটনায় যেন কেউ অহেতুক হয়রানীর শিকার না হন সেজন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

সন্ধ্যা ৬টায় ব্রাহ্মণপাড়া থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় অহেতুক কেউ গ্রেপ্তার কিংবা হয়রানীর শিকার হবে না এবং এ নিয়ে আতংকিত হওয়ার কোনো কারণ নেই বলে তিনি জানান।