Tag Archives: চাঁদপুরে এসএসসি পরীক্ষার শেষ দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ বন্ধু

চাঁদপুরে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবসহ ২ শিক্ষককে বহিষ্কার

 

চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুর সদর উপজেলার এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্রে দায়ীও অবহেলার দায়ে কেন্দ্র সচিবসহ আরো ২ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালে প্রশ্নের নকল করার অভিযোগে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্মকর্তা তাদের বহিষ্কার করেন।

বহিষ্কৃত শিক্ষকরা হলেন- ওই কেন্দ্রের কেন্দ্র সচিব এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী, কক্ষ পরিদর্শক ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিকাশ কুমার ভৌমিক ও তাজ উদ্দিন আহমেদ। তবে শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্র সচিব।

মঙ্গলবার ২ মে কেন্দ্র সচিব শাখাওয়াত হোসেন পাটওয়ারীকে প্রত্যাহার করে নতুন করে সাহাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন পাটওয়ারীকে কেন্দ্র সচিবের দায়িত্ব প্রদান করা হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক তাকে দায়িত্ব প্রদান করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।

এদিকে গত ৩০ এপ্রিল দেশব্যাপী শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিনে ছোট সুন্দর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাছনিম জাহান মিম্মা এই কেন্দ্রে পরীক্ষা দিতে এসে পরীক্ষা চলাকালীন অজ্ঞান হয়ে পড়লে তাকে অন্য কক্ষে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে জ্ঞান ফিরে আসলে দেখে তার আঙ্গুলের স্বর্ণের আংটি নেই।

এসময় ঐ ছাত্রীর মা সেলিনা বেগম অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে কিছুক্ষণ পরে কেন্দ্র সচিবকে বিষয়টি অবগত করেন। কিন্তু কোন ব্যবস্থা নেন নি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা।

চাঁদপুরে এসএসসি পরীক্ষার শেষ দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ বন্ধু

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
পরীক্ষা শেষ তাই ঘুরতে বেরিয়েছে তিন বন্ধু। কিন্তু এসএসসি পরীক্ষা দিলেও আর ফলাফল জানা হলো না চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের হাঁপানিয়া পাটওয়ারী বাড়ির দুই বন্ধুর।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার সময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

জানা যায়, এদিন সাজ্জাদ, আসিফ ও শান্ত নামের তিন বন্ধু মিলে কপি হাউজে কপি খেয়ে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালালে মহামায়া এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় এক পথচারীর সাথে সজোরে ধাক্কা লেগে সাথে সাথে মোটরসাইকেলটি রাস্তার উপরে ছিটকে পড়ে যায়। পথচারী নজরুল ইসলাম পাটওয়ারীসহ তিন বন্ধুর অবস্থা খারাপ দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী একজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহীসহ পথচারীর অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে আরেক বন্ধু আসিফের মৃত্যু হয়। জানা যায়, উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের পাটওয়ারী বাড়ির মোঃ হানিফ পাটওয়ারীর একমাত্র ছেলে মেহেদী হাসান শান্ত (১৭) ও একই বাড়ির আক্তার পাটওয়ারীর ছেলে আশ্রাফুল ইসলাম আসিফ (১৭) এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয় থেকে ঘটনার দিন এসএসসি পরীক্ষা শেষ করেন। কিন্তু ফলাফল জানা হলো না তাদের। উত্তীর্ণ হলেও মাধ্যমিকের সনদের থাকবেনা কোন মূল্য।

একই বাড়ির দুই বন্ধুর মৃত্যু যেন কেউ মানতে পারছে না কোন ভাবেই। এলাকায় বইছে শোকের মাতম। ১৭ বছর বয়সী তরতাজা দুই বন্ধুর হঠাৎ এই মর্মান্তিক মৃত্যু যেন সবারই কল্পনার বাহিরে ছিল। এদিকে পরিবারের পক্ষ থেকে শান্তকে লন্ডনে পাঠানোর পরিকল্পনা থাকলেও স্বপ্ন পূরণ হলোনা তাদের। দুই বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যু যেন আকাশ ভেঙ্গে পড়েছে বন্ধু মহলের মাথায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগপ্রবণ কথা জানিয়ে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে চলছেন তাদের বন্ধুরা। বুধবার (২৪ নভেম্বর) সকালে জানাজা শেষে শান্ত ও আসিফের লাশ দাফন করা হয় তাদের পারিবারিক কবরস্থানে। সেই সাথে দুই বন্ধুর ভবিষ্যৎ স্বপ্নগুলোও নিভে যায় সবার অগোচরে।

অপরদিকে পথচারী নজরুল ইসলাম পাটওয়ারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আর আরেক মোটরসাইকেল আরোহী সাজ্জাদের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি দেখা দিলে বাড়িতে নিয়ে আসা হয়। এদিকে নিহতদের রুহের আত্মার মাগফেরাত ও তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী এবং এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।