Tag Archives: চান্দিনায় এলডিপি মহাসচিবের গাড়িতে হামলা; রেদোয়ানের গুলিতে আহত ২

চান্দিনায় এলডিপি মহাসচিব রেদোয়ান আহমদের পথসভায় হামলার অভিযোগ

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি -এলডিপি মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই হামলা চালিয়েছেন বলে অভিযোগ তুলেন ড. রেদোয়ান আহমেদ। এসময় তিনি জীবন রক্ষা করতে দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন।

সোমবার (২৬ জুন) বিকালে উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট মাদরাসার সামনে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমদের পথসভার শেষের দিকে স্থানীয় সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্তের অনুসারী নাজমুল ও রুস্তমের নেতৃত্বে চারটি সিএনজি চালিত অটোরিকশা ভর্তি আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে এসে হামলা করে মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর করে। এসময় এলডিপি নেতাকর্মীরা ড. রেদোয়ান আহমদকে রক্ষা করে গাড়ি তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

সোমবার সন্ধ্যা ৭টায় চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের সভাকক্ষে সাংবাদিকদের নিকট ওই অভিযোগ করেন ড. রেদোয়ান আহমেদ। তিনি বলেন, ‘চান্দিনার বরকইট মাদরাসার সামনে এলডিপি আয়োজিত পথসভায় আমার বক্তব্যের শেষ মুহূর্তে ডা. প্রাণ গোপাল দত্তের নির্দেশে নাজমুল ও রুস্তমের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে এসে হামলা ও ভাঙচুর করে সভাটি পণ্ড দেয়। আমি কোনো রকমভাবে জীবন রক্ষা করেছি। বিষয়টি চান্দিনার প্রশাসনকে জানালেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।’

এব্যাপারে কুমিল্লা জেলা এলডিপি’র সভাপতি একেএম শামসুল হক মাস্টার বলেন, ‘চান্দিনা উপজেলার বিভিন্ন স্থানে সোমবার আমাদের পূর্ব নির্ধারিত ৪টি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পিহরে একটি পথসভা শেষ করে বরকইটে পথসভা হয়। সভার শেষের দিকে সিএনজি অটোরিক্সা যোগে ২০-২৫ জন আওয়ামীলীগ নেতাকর্মী আমাদের সভায় হামলা চালায়। আমরা বেঁচে গেলেও তারা সভার চেয়ার টেবিল ভাঙচুর করে।’ হামলার পর খিরাসার মোহনপুর ও শালচর এলাকার পথসভা ২টি আমরা স্থগিত করেছি।

এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, ‘উনি পথসভা করবেন এমন কোন কিছুই আমরা জানি না। হামলার বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে অনুষ্ঠিত পৃথক পথসভায় বরকইট ইউনিয়ন এলডিপি’র সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- এলডিপি মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমদ।

উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. সাখাওয়াত হোসেন সাক্কুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- জেলা এলডিপি সভাপতি একেএম শামসুল হক মাস্টার, চান্দিনা পৌর এলডিপি সভাপতি অধ্যাপক মো. গিয়াস উদ্দিন ভূইয়া প্রমুখ।

চান্দিনায় এলডিপি মহাসচিবের গাড়িতে হামলা; রেদোয়ানের গুলিতে আহত ২

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এর গাড়িতে হামলার ঘটনা ঘটে। পরে ড. রেদোয়ান এর গুলিতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকবলীগ এর দুই কর্মী গুলিবিদ্ধ হয়। ঘটনার পর ড. রেদোয়ান আহমেদ চান্দিনা থানায় গেলে থানা ঘেরাও করে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ কর্মীরা। পরে তাকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। তবে তার গাড়িটি অক্ষত অবস্থায় থানা হেফাজতে রয়েছে।

সোমবার (৯ মে) দুপুর আড়াইটায় চান্দিনা উপজেলা সদরের রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবনের মিলনায়তনে এলডিপি’র ঈদ পুনর্মিলনী ও ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের যৌথ কর্মীসভাকে কেন্দ্রে করে ওই ঘটনা ঘটে। ঘটনার পর রেদোয়ান আহমেদ থানায় আশ্রয় নিলে উত্তেজিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীরা চান্দিনা থানার প্রধান ফটক ঘেরাও করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত  উপজেলা সদরসহ থানা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়া ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

আহতরা হলেন- চান্দিনা পৌরসভার ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা রূপনগর এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম সরকারের ছেলে মাহমুদুল হাসান জনি সরকার (২৮)। সে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ কর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অপরজন হলেন চান্দিয়ারা গ্রামের নূরুল ইসলাম এর ছেলে নাজমূল হোসেন নাঈম (২৮)। সে বরকইট ইউনিয়ন ছাত্রলীগের কর্মী। আহত দুই জনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

প্রত্যক্ষদর্শী শরীফ জানান, চান্দিনা পৌরসভা কার্যালয় সংলগ্ন রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবন এর সামনে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীরা অবস্থান করছিল। দুপুর ২টা ২০ মিনিটের দিকে রেদোয়ান আহমেদ গাড়ি নিয়ে ক্যাম্পাসের সামনে আসার পর কলেজ গেইটে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতারা রেদোয়ান আহমেদ এর গাড়ি থামিয়ে কথা বলে। কিছুক্ষণ পর রেদোয়ান আহমেদ গাড়ি ঘুরে চলে যাওয়ার সময় স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ কর্মীরা ওই গাড়িতে তরমুজ দিয়ে ঢিল মারে। এসময় রেদোয়ান আহমেদ গাড়ি থেকে পরপর দুইটি গুলি ছুড়ে।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি জানান, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ছাত্রলীগ ঈদের পূর্ব থেকে আজ (৯ মে) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করতে প্রস্তুতি নিয়েছে। এরই মধ্যে পৌর এলডিপিও একই দিন একই স্থানে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। সোমবার দুপুর থেকে ছাত্রলীগের আয়োজনে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা যখন মমতাজ আহমেদ ক্যাম্পাসে আসতে শুরু করে ঠিক দুপুর আড়াইটায় দিকে রেদোয়ান আহমেদ গাড়ি নিয়ে ওই ক্যাম্পাসের সামনে এসে গাড়ি থেকে ২টি গুলি করে দ্রুত স্থান ত্যাগ করে থানায় গিয়ে আশ্রয় নেয়। রেদোয়ান আহমেদ এর গুলিতে জনি ও নাজমুল গুলিবিদ্ধ হয়। তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা কাজী আখলাকুর রহমান জুয়েল জানান, রেদোয়ান আহমেদ রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে আমাদের নেতা-কর্মীদের উপর অমানবিক ভাবে গুলি চালায়।

সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ জানান, আমাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল। আমাকে প্রধান অতিথি করে চিঠির মাধ্যমে পৌর এলডিপি কার্যক্রম পরিচালনা করে। এরই মধ্যে আমাদের প্রধান ক্যাম্পাসে ছাত্রলীগকে প্রোগ্রাম করার জন্য অনুমতি দেওয়া হয়। আমরা ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবনে পুর্ব নির্ধারিত প্রোগ্রাম করার কথা। দুপুরে আমি ক্যাম্পাস-২ এর সামনে গেলে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের লোকজন আমার গাড়িতে হামলা করে। আমি আত্মরক্ষার্থে আমার লাইসেন্স করার শর্টগান দিয়ে গুলি চালাই। কার গায়ে গুলি লেগেছে আমি বলতে পারবো না। পরে আমি থানায় এসে আশ্রয় নেই।

এ ব্যাপারে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল জানান, পাবলিক রোষানলে রেদোয়ান আহমেদ থানায় আশ্রয় নিতে আসলে আমরা তাকে আটক করি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।