Tag Archives: চৌদ্দগ্রাম উপজেলা

লাকসাম-চৌদ্দগ্রাম সড়কে ব্রীজের ভাঙ্গা পাটাতনে ট্রাক আটকে যান চলাচলে ভোগান্তি

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের ফেলনা-চাঁন্দিশকরা সীমান্তবর্তী ষ্টীল ব্রীজের ভাঙ্গা পাটাতনে মঙ্গলবার রাতে এবং বুধবার ভোরে ট্রাক আটকে পড়ে যান ৫-৬ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

এসময় ব্যাপক ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী এবং ভারী যানবাহন। ভোরে আটকে পড়া ট্রাকটি ৫ ঘন্টা পর ভাঙ্গা পাটাতন থেকে বের করা হলেও ব্রীজের ১টি পাটাতন উল্টে পড়ায় বর্তমানে অনেক ঝুঁকি নিয়ে ছোট-বড় যানবাহন চলাচল করছে।

স্থানীয়রা এবং ভুক্তভোগীরা জানায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পর চৌদ্দগ্রাম উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক লাকসাম-চৌদ্দগ্রাম সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এবং কোটি কোটি টাকার পণ্য নিয়ে ভারী যানবাহন চৌদ্দগ্রাম হয়ে নাঙ্গলকোট, লাকসাম, বরুড়া, মনোহরগঞ্জ, নোয়াখালীর একাংশে যাতায়াত করে।

কিন্তু দীর্ঘ কয়েকবছর ধরে ব্রীজটির কয়েকটি পাটাতন ভেঙ্গে পড়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। সওজ কর্তৃপক্ষ বিগত সময়ে ২-১ বার ভেঙ্গে পড়া পাটাতন পরিবর্তন করেই দায়িত্ব শেষ করে। পরবর্তীতে কিছুদিন পরই ভারী যানবাহনের চাপে অপর পাটাতন ভেঙ্গে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, বিগত ২-৩ মাস ধরে প্রায় প্রতিদিনিই ভাঙ্গা পাটাতনে গাড়ি আটক হয়ে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় অনেকে আহতও হয়। ইতোপূর্বে বিভিন্ন সময় জাতীয় এবং স্থানীয় পত্রিকায় সওজ কর্তৃপক্ষের বক্তব্যসহ খবর প্রকাশিত হলেও কর্তৃপক্ষ এখনো ব্রীজটি নির্মাণে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

চৌদ্দগ্রামে তৃতীয় বিয়েতে বাধা দেয়ায় নিজের ঘর পুড়ল মাদকাসক্ত যুবক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রথম স্ত্রী কর্তৃক তৃতীয় বিয়েতে বাধা দেয়ায় ক্ষীপ্ত হয়ে পরিবারের সদস্যদের মারধর ও নিজ ঘরে আগুন দিয়েছে মাদকাসক্ত হোসেন মিয়া। আগুনে তিনটি ঘর পুড়ে যাওয়াসহ ১৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। হোসেন মিয়া ওই গ্রামের জয়নাল আবেদীনের পুত্র।

স্থানীয় লোকজন ধাওয়া করে মাদকাসক্ত হোসেন মিয়াকে আটক শেষে পুলিশের নিকট সোপর্দ করেছে। সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন স্থানীয় প্রবাসী যুবলীগ নেতা মোঃ শাহ আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত রয়েছে হোসেন মিয়া। এরই মধ্যে সে দুইটি বিয়ে করে স্ত্রীদের ঘরে রেখেছে। সম্প্রতি আবারও এক মেয়ের সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে হোসেন মিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানতে পেরে প্রথম স্ত্রী মোবাইলে নতুন প্রেমিকাকে ঘরে দুই স্ত্রী থাকার কথা জানিয়ে দেয়। নতুন প্রেমিকা বিষয়টি হোসেন মিয়াকে জানালে সে ক্ষীপ্ত হয়ে প্রথম স্ত্রীকে শুক্রবার দুপুরে মারধর শুরু করে। প্রথম স্ত্রীর কান্নার আওয়াজ শুনে হোসেন মিয়ার পিতা জয়নাল আবেদীন তাকে বাধা দেয়। এক পর্যায়ে পিতা জয়নাল আবেদীনকেও মারধর করে। এতে ক্ষ্যান্ত হয়নি হোসেন মিয়া। মুহুর্তের মধ্যে সে নিজ বসতঘরে আগুন লাগিয়ে দেয়।

খবর পেয়ে পাশের মসজিদ থেকে নামাজ শেষে মুসল্লিরা বের হয়। লোকজনের উপস্থিতি টের পেয়ে হোসেন মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে হোসেন মিয়াকে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করে স্থানীয় লোকজন।

চৌদ্দগ্রামে অবৈধ ইট ভাটা উচ্ছেদ, ৩ লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ ইট ভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) চৌদ্দগ্রাম উপজেলার “নিউ ইনসাফ ব্রিকস (সাবেক মজুমদার ব্রিকস)” এর চিমনির অংশ বিশেষ, কিলন ও কাঁচা ইটা ধ্বংস করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ৩ লক্ষ টাকা জরিমানা পূর্বক নগদ আদায় করা হয়েছে।

অবৈধ ইট ভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন কুমিল্লা জেলা কার্যালয়ের উপ-পরিচালক  শওকত আরা কলি।  ভ্রাম্যমান আদালতের দায়িত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।  এ সময় পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস সহযোগিতা করেন। জনস্বার্থে অবৈধ ইট ভাটা উচ্ছেদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

চৌদ্দগ্রা‌মে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২১ ডিসেম্বর) বেলা ১১ টা থে‌কে ২টা‌ পর্যন্ত চৌদ্দগ্রাম উপ‌জেলার পৌর বাজার এলাকায় অ‌ভিযান প‌রিচালনা করেন কু‌মিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলা‌ম।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সং‌শ্লিষ্ট ধারায় ৫টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও নিয়মিত হালনাগাদ করণ, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং সরকার নির্ধা‌রিত স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে ব্যবসা প‌রিচা‌লনা করার নির্দেশনা দেয়া হয়।

অভিযানে জেলা স্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর, বাজার ব‌্যবসায়ী স‌মি‌তি ও চৌদ্দগ্রাম থানা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চৌদ্দগ্রামে সম্পত্তির জন্য দুদিন ধরে পড়ে আছে পিতার লাশ, দাফনে বাধা সন্তানদের

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় দুই পরিবারের সন্তানদের মাঝে পৈতৃক সম্পত্তি নিয়ে সঠিকভাবে বণ্টন না করায় মো. নুরুল হক ভূঁইয়া (৭৮) নামের এক বৃদ্ধের লাশ দাফনে বাধা দিয়েছে সন্তানরা।

মৃত্যুর দুদিন অতিবাহিত হলেও বিবাদমান বিষয়টি নিয়ে কোনো সমাধান না হওয়ায় নিহতের নিথর দেহ এখনো পড়ে আছে নিজগৃহে। উপজেলার চিওড়া ইউনিয়নের কবরুয়া গ্রামে ঘটেছে এই ঘটনা।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমস্যা নিরসনের জন্য কাজ করছে। মঙ্গলবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও লাশ দাফন করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে নুরুল হক ভূঁইয়া তাঁর নিজ ঘরে ব্রেইন স্ট্রোক করলে পরিবারের লোকজন তাকে প্রথমে কুমিল্লা মুন হাসপাতালে নিয়ে যায়। পরে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সোমবার সকাল নয়টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

পরে মরদেহ বাড়িতে নিয়ে গেলে তাঁর দুই পরিবারের সন্তানরা সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জেরে মরদেহ দাফনে জটিলতা তৈরি করে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নুরুল হক ভূঁইয়া প্রায় পঞ্চাশ বছর পূর্বে উপজেলার কনকাপৈত ইউনিয়নের কাগাইশ গ্রামের মজুমদার বাড়ীর আয়েশা আক্তারকে ইসলামী শরীয়াহ্ মোতাবেক বিবাহ করেন। নুরুল হক-আয়েশা দম্পতির সংসারে ছয় কন্যা সন্তান রয়েছে। চট্টগ্রাম স্টিল মিলে চাকরির সুবাধে সুরমা আক্তার নামে সন্দ্বীপের আরেক নারীকে বিয়ে করেন। নুরুল হকের দ্বিতীয় সংসারে দুই ছেলে দুই মেয়ে রয়েছে। তিনি নতুন বাড়ি করে দ্বিতীয় স্ত্রীর সাথে বসবাস করতে থাকেন। দ্বিতীয় বিয়ের পর থেকে নুরুল হক ভুঁইয়া তাঁর প্রথম স্ত্রী ও সন্তানদের প্রতি অবহেলা করতে থাকেন। এরই সুবাধে দ্বিতীয় স্ত্রী তাঁর সন্তানরা মিলে নুরুল হক ভুঁইয়াকে ফুসলিয়ে ১৪০ শতক জমি কবলা তাদের নামে নেন। এ বিষয়ে প্রতিবাদ করলে প্রথম স্ত্রী ও তাঁর কন্যাদেরকে হুমকি প্রদর্শন করে দ্বিতীয় স্ত্রীর ছেলে-মেয়েরা।

পরে নুরুল হক ভুঁইয়ার প্রথম স্ত্রী বাদী হয়ে সম্পত্তির ন্যায্য হিস্যা দাবি করে চেয়ারম্যান বরাবর আবেদন করে। স্থানীয়ভাবে বিষয়টির নিষ্পত্তি করা হলেও বাড়িতে এসে প্রথম স্ত্রীর সন্তানরা আবারও সম্পত্তি থেকে তাদের বঞ্চিত রাখে। সমস্যা সমাধান না করেই নুরুল হক ভুঁইয়া সোমবার সকালে মৃত্যুবরণ করলে পিতার সম্পত্তির ন্যায্য হিস্যার দাবিতে গ্রামবাসীকে সাথে নিয়ে লাশ দাফনে বাধা প্রদান করে প্রথম স্ত্রীর ছয় ‘মেয়ে’ সন্তান।

এ সময় দ্বিতীয় স্ত্রীর সন্তানরা প্রথম স্ত্রীর কন্যাদেরকে সম্পত্তি নিতে অস্বীকার করে প্রবাস থেকে ছেলে নুরুল আফছার মোবাইলে গ্রামবাসীকে বলেন, ‘বাবার লাশ দাফনের দরকার নেই, আমরা কাউকে এক কড়া সম্পত্তিও দেব না’।

স্থানীয় ইউপি সদস্য পেয়ার আহমেদ বলেন, ‘নিহত নুরুল হক ভুঁইয়ার দুই পরিবারের শান্তির জন্য এবং তাঁর মরদেহ দাফনের ব্যবস্থায় গ্রামবাসীকে সাথে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি’।

এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার এসআই কামাল হোসেন বলেন, ‘সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে পিতার মরদেহ দাফনে বাধা দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পরিবার ও এলাকাবাসীকে সাথে নিয়ে আলোচনা স্বাপেক্ষে সমাধান করা হচ্ছে। শিগগিরই নিহতের মরদেহ দাফন করা হবে’।

মোটরসাইকেল নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে চৌদ্দগ্রামে দ্রুতগামী গাড়ীর ধাক্কায় দুই বন্ধু নিহত

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে।

দুই বন্ধু শুক্রবার রাতে ভ্রমণের উদ্দেশ্যে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের বসন্তপুর ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চৌদ্দগ্রাম পৌর এলাকার পূর্ব চাঁন্দিশকরা গ্রামের মৃত আলী আহম্মেদ পাটোয়ারীর ছেলে এয়াছিন আরাফাত পাটোয়ারী (২৮) ও তার বন্ধু পাশ্ববর্তী কিং শ্রীপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে ইমরান হোসেন রুবেল (২৮)।

শনিবার (৫ ডিসেম্বর) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একে এম শরফুদ্দীন।

জানা গেছে, শুক্রবার রাতে দুই বন্ধু এয়াছিন ও রুবেল ভ্রমণের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হন। শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম ব্রীজের নিচ থেকে ২ জনের মরদেহ ও সড়কের পাশ থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।

এব্যাপারে মিয়াবাজার পুলিশ ফাঁড়ির এএসআই মো: আহসান হাবিব বলেন, স্থানীয় লোকজনের মারফত খবর পেয়ে শনিবার সকালে এয়াছিন ও রুবেল নামের ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সিলেটে ‘অপহৃত’ কিশোরকে কুমিল্লার লাকসাম থেকে উদ্ধার, গ্রেফতার স্বামী-স্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

সিলেট থেকে ‘অপহৃত’ এক কিশোরকে কুমিল্লার লাকসাম থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে লাকসাম থানা পুলিশের সহযোগিতায় ইয়াছিন আরাফাত মান্না (১৭) নামের ওই কিশোরকে উদ্ধার করে সিলেটের জালালাবাদ থানা পুলিশ। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী।

ইয়াছিন আরাফাত মুন্না সিলেটের জৈন্তাপুর উপজেলার গৌরি শংকর গ্রামের তৈমুছ আলীর ছেলে। তার মোটরসাইকেল বেশি দামে বিক্রি করার প্রলোভন দেখিয়ে তাকে কুমিল্লা নিয়ে আটকে রাখা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নবগ্রামের পেয়ার আহমদের ছেলে ইমরান হোসেন (২৭) ও তার স্ত্রী লাকি বেগম (২৪)। কাজের জন্য ইমরান সিলেটে থাকতেন।

পুলিশ জানিয়েছে, ইয়াছিন আরাফাত মুন্নার সিলেট-হ-১২-২৯৮০ নম্বরের একটি মোটরসাইকেল ছিল। পরিবারের কাউকে না জানিয়ে মোটরসাইকেল বিক্রি করতে চায় সে। গত ২৬ নভেম্বর বেশি দামে মোটরসাইকেল বিক্রির প্রলোভন দেখিয়ে মুন্নাকে ‘অপহরণ করে’ কুমিল্লায় নিয়ে যান ইমরান হোসেন। সেখানে তার মোটরসাইকেল ১২ হাজার টাকায় বিক্রি করে দেন ইমরান। এতে ক্ষুব্ধ হয় মুন্না। সে নিজের মোটরসাইকেল বিক্রির টাকা চাইলে ইমরান তার স্ত্রী লাকিকে সাথে নিয়ে লাকসাম বাজারের পশ্চিমে একটি দোতলা ভবনের কক্ষে তাকে আটকে রাখেন। পরে আরো টাকা দাবি করেন তারা।

সিলেট নগরীর জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) শাহিন মিয়া জানান, এ ঘটনায় মুন্নার বাবা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে মুন্নার অবস্থান শনাক্ত করে। পরে লাকসাম থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার ও দুজনকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের মানিকপুর পূর্ব পাড়ার একটি পুকুর থেকে অজ্ঞাত এ মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার এসআই মো: নাছের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।

নগরীর অশোকতলা থেকে সরকারি ষ্ট্যাম্প জাল করা চক্রের ২ প্রতারক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর অশোকতলা এলাকা থেকে সরকারি ষ্ট্যাম্প জাল করা চক্রের ২ প্রতারককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল।

শনিবার সকালে সরকারি ষ্ট্যাম্প জাল করে সিগারেটের প্যাকেট ব্যবহার করে মাইক্রোবাসে করে উক্ত সিগারেট বাজারজাত করার সময় নগরীর অশোকতলা থেকে দুই প্রতারককে আটক করা হয়।

এ সময়ে তাদের কাছ থেকে ৯ হাজার ৫০০ প্যাকেট অবৈধ PILOT সিগারেট উদ্ধার করা হয়। বাজারজাত করার কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট গ্রামের মৃত রাজ্জাক উদ্দিনের ছেলে মোঃ ইউসুফ আলী (২১) এবং একই উপজেলার পৌটকরা গ্রামের মফিজুর রহমানের ছেলে মোঃ শাহাদাৎ হোসেন (৩০)।

এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

 

কুমিল্লার চৌদ্দগ্রামে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় ৭০ বছরের বৃদ্ধ জেলহাজতে

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে নজির আহাম্মদ নামে (৭০) এক বৃদ্ধকে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মাদরাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশের নিকট হস্তান্তর করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার বিকেলে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। নজির আহাম্মদ উপজেলার শ্রীপুর ইউনিয়নের যশপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।

জানা গেছে, যশপুর গ্রামের মাদরাসা ছাত্রী বৃহস্পতিবার সকাল ১১টায় বাড়ির পাশ্ববর্তী দোকানে খরচ করতে যায়। সেখান থেকে ফেরার পথে প্রতিবেশি বৃদ্ধ নজির আহাম্মদ তাকে যশপুর হাজী আবদুর রশিদের পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় মাদরাসা ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এসে বৃদ্ধ নজির আহাম্মদকে আটক করে।

খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার ওসি অপারেশন ত্রিনাথ সাহা ও এসআই কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম নজির আহাম্মদকে আটক করে থানায় নিয়ে আসে। এর আগেও আটককৃত বৃদ্ধ নজির আহাম্মদের বিরুদ্ধে আরও কয়েকজন নারীর সাথে অসামাজিক কাজের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘আটককৃত নজির আহাম্মদের বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’।