Tag Archives: জানালেন

কী ঘটেছিল ইত্যাদির শুটিংয়ে

কী ঘটেছিল ইত্যাদির শুটিংয়ে, জানালেন হানিফ সংকেত

কী ঘটেছিল ইত্যাদির শুটিংয়ে, জানালেন হানিফ সংকেত

ডেস্ক রিপোর্ট:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহাসিক রাজা টংকনাথের রাজবাড়িতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং চলাকালে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর শুটিং শুরুর কিছুক্ষণ পরই দর্শকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি, মারামারি এবং ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু সময়ের জন্য শুটিং বন্ধ রাখা হয়।

ঘটনার কিছু ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

অনুষ্ঠানের পরিকল্পক ও উপস্থাপক হানিফ সংকেত ঘটনার বিষয়ে বলেন, “অনুমানের চেয়ে অনেক বেশি লোক সমবেত হয়েছিল। প্রায় পাঁচ লাখের বেশি মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। আমি মঞ্চে উঠতেই শুনলাম, চারপাশের তিন কিলোমিটারের রাস্তা পর্যন্ত জনস্রোত প্যাকড। কিছু দর্শক বাঁশের ব্যারিকেড ভেঙে মঞ্চের দিকে এগিয়ে আসতে শুরু করেন। তখন বিশৃঙ্খলা শুরু হয় এবং কেউ কেউ চেয়ার ছোড়াছুড়ি করতে থাকেন। পরিস্থিতি ম্যাচাকার হয়ে যায়।”

তিনি আরও বলেন, “সেখানে নারী-শিশুসহ নানা বয়সের মানুষ ছিলেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিল, আমিও বারবার শান্ত থাকার আহ্বান জানিয়েছি। পরিস্থিতি অবনতি হলে প্রশাসনকে ডেকে বললাম, এভাবে শুটিং সম্ভব নয়। তখন শুটিং কিছু সময়ের জন্য বন্ধ করে লাইট নিভিয়ে দিলাম। সবাইকে অনুরোধ করলাম, ‘শান্ত হন। আপাতত অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে।’ এরপরও পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় তিন ঘণ্টা লেগে যায়।”

হানিফ সংকেত এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলেন, “আমরা বুঝতেই পারিনি এত বেশি লোক হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও জানতেন না যে এত মানুষ আসবে। আমাদের শুটিংয়ের জন্য জায়গাটা আরও বড় হওয়া উচিত ছিল। জেলা প্রশাসকের সঙ্গে শুটিংয়ের বিষয়ে কথা বলার সময় তারা বলেছিলেন, ‘এটা গ্রামীণ এলাকা, এখানে অত মানুষ পাবেন না।’ কিন্তু অনুষ্ঠানের দিন প্রত্যাশার চেয়ে অনেক বেশি মানুষ উপস্থিত হন। স্থানীয় জনগণ অত্যন্ত আন্তরিক ছিলেন। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন এবং লজ্জিত হয়েছেন।”

ঘটনার পরপরই কিছু সময়ের জন্য শুটিং বন্ধ থাকলেও পরে তা আবার শুরু হয়। হানিফ সংকেত বলেন, “আমরা যখন শুটিং বন্ধ করি, তখন স্বাভাবিকভাবে অনেকেই ফিরে যেতে শুরু করেন। নারীরা বাসায় চলে যান। তবে আমাদেরও সন্দেহ হচ্ছিল যে শেষ পর্যন্ত শুটিং চালানো যাবে কি না। কিন্তু পরবর্তী সময়ে যারা রয়ে গিয়েছিলেন, তারা অত্যন্ত আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। শুটিং শেষ হওয়ার সময়ও দেড় থেকে দুই হাজার মানুষ উপস্থিত ছিলেন।”

বিয়ের খবর জানালেন

বিয়ের খবর জানালেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া

বিয়ের খবর জানালেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া

ডেস্ক রিপোর্ট:

হানিয়া আমির হলেন একজন পাকিস্তানি অভিনেত্রী এবং কণ্ঠশিল্পী। তিনি চলচ্চিত্র এবং টিভি নাটকে অভিনয় করে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেছেন। বেশ কিছু জনপ্রিয় পাকিস্তানি নাটকে অভিনয় করে তিনি সবার নজর আকর্ষণ করেছেন। বাংলাদেশের অনেক দর্শক কেবল হানিয়া আমিরের জন্য পাকিস্তানি নাটক দেখতে পছন্দ করেন। অভিনয়ের পাশাপাশি, তার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহের কোনো শেষ নেই। অনেকেই জানতে চান, হানিয়া কখন বিয়ে করবেন। সম্প্রতি, অভিনেত্রী নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন।

জিও নিউজের প্রতিবেদনে জানা যায়, হানিয়া বর্তমানে কানাডার টরন্টোতে অবস্থান করছেন। সেখানে একটি ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে অংশ নিয়ে ভক্তদের সঙ্গে তার পেশাগত ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিষয় আলোচনা করেন। এই অনুষ্ঠানে এক ভক্ত তার বিয়ে সম্পর্কে জানতে চান। এর জবাবে হানিয়া বলেন, “এই মুহূর্তে আমার বিয়ের কোনো পরিকল্পনা নেই। আমি খুব সাধারণ একজন মেয়ে। যখন বিয়ে করব, তখন তা সবাইকে জানিয়ে ধুমধাম করে ঘোষণা করব।”

বিশ্বজুড়ে হানিয়ার বিশাল ভক্তসমাগম রয়েছে। ভক্তদের সঙ্গে দূরত্বের প্রশ্নে তিনি বলেন, “বর্ডার মানুষকে আলাদা করতে পারে না। যখন আপনি কাউকে সত্যিই ভালোবাসেন, তখন কোনো বাধাই আপনাকে থামাতে পারে না। আমি কখনোই আমার ভক্তদের সঙ্গে দূরত্ব তৈরি করি না। আর তাই আমি প্রায়ই নিজ দেশের বাইরে গিয়ে ভক্তদের সঙ্গে দেখা করি। তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আমি আনন্দিত।”

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ডাবস্ম্যাশে একটি ভিডিও শেয়ার করার পর হানিয়া তার সৌন্দর্য এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য আলোচনায় আসেন। এরপর তিনি অভিনয় শুরু করেন এবং সিনেমা ও বেশ কিছু জনপ্রিয় ড্রামা সিরিজে অভিনয় করেন। সম্প্রতি, হানিয়া অভিনীত ‘কাভি মে কাভি তুম’ ড্রামা সিরিজটি শেষ হয়েছে, যেখানে তিনি ও ফাহাদ মুস্তাফা একটি দম্পতি চরিত্রে অভিনয় করেছেন। এই সিরিজটি একটি দম্পতির সম্পর্ক নিয়ে, এবং এতে তাদের অভিনয়ের জন্য দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন।

এসআইদের অব্যাহতির কারণ

এসআইদের অব্যাহতির কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এসআইদের অব্যাহতির কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রশিক্ষণ শেষের আগেই এসআইদের অব্যাহতির পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই। অতীতে এর চেয়েও বেশি সংখ্যক অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শৃঙ্খলাভঙ্গের বিষয়ে বিস্তারিত জানতে সারদা পুলিশ একাডেমি ভালো বলতে পারবে। শৃঙ্খলাভঙ্গের অনেক কারণ থাকতে পারে, এটি কোনো গুরুতর বিষয় নয়। নতুন নিয়োগের সার্কুলার ইতিমধ্যে দেয়া হয়েছে এবং দ্রুতই তা সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, যেকোনো আন্দোলনে উস্কানিদাতাদের রাজনৈতিক পরিচয় খুঁজে বের করা উচিত। জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা যাতে পুনরায় অপরাধে জড়াতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার নিয়েও আলোচনা হয়েছে, এবং উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও পরামর্শ দেন যে, শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করা উচিত।

প্রসঙ্গত, রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৮২৩ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ২৫২ জন উপ-পরিদর্শককে (এসআই) শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয়েছে। এ তথ্য অ্যাডিশনাল ডিআইজি (মিডিয়া) মাসুদুর রহমান নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রশিক্ষণ চলাকালীন শৃঙ্খলাভঙ্গের কারণে ২৫২ জনকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার প্রক্রিয়া চলছে এবং তাদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

জানা গেছে, পুলিশে এসআই পদে চাকরি পেতে প্রার্থীদের শারীরিক, লিখিত, মৌখিক এবং কম্পিউটার দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। নির্বাচিত প্রার্থীরা ‘আউটসাইড ক্যাডেট’ হিসেবে এক বছরের মৌলিক প্রশিক্ষণে অংশ নেন। এবার ৪০তম ব্যাচে মোট ৮২৩ জন প্রশিক্ষণ শুরু করেছিলেন ১১ নভেম্বর ২০২৩ সালে, যা শেষ হওয়ার কথা ছিল এ বছরের নভেম্বরে।

অবশিষ্ট ৫৭১ জনের বিষয়ে কোনো অভিযোগ না থাকায় তারা এখনও বহাল আছেন এবং শীঘ্রই তাদের মাঠপর্যায়ে কাজে নিযুক্ত করা হবে।