Tag Archives: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় মিডিয়ার আচরণ

ভারতীয় মিডিয়ার আচরণ দুই দেশের স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় মিডিয়ার আচরণ দুই দেশের স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

ভারতীয় গণমাধ্যমের ভূমিকা দুই দেশের স্বাভাবিক সম্পর্ক স্থাপনে সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি সেমিনারে তিনি এই মন্তব্য করেন। সেমিনারের শিরোনাম ছিল ‘বাংলাদেশ–ভারত সম্পর্ক: প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ’।

তিনি বলেন, “বাংলাদেশের সাম্প্রতিক কিছু ইস্যু নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার চালাচ্ছে, তা দুই দেশের সম্পর্কের জন্য ইতিবাচক নয়। আমি প্রথম থেকেই বলছি, এটি দুই প্রতিবেশী দেশের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় অন্তরায় সৃষ্টি করছে।”

দেশীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমাদের গণমাধ্যমগুলোর দায়িত্ব হওয়া উচিত ভারতীয় মিডিয়ার মিথ্যাচারগুলো তুলে ধরা এবং সেগুলো শক্তভাবে উপস্থাপন করা।”

সীমান্ত হত্যার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আমি অনেক দেশ ভ্রমণ করেছি। সব দেশেই অপরাধী থাকে। কিন্তু কোনো দেশেই সীমান্তে গুলি করে হত্যা করা হয় না। ভারতের উচিত সীমান্তে অপরাধীদের আটক করে তাদের আইন অনুযায়ী বিচার করা। গুলি করে হত্যা করা কোনো সমাধান নয়।”

জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তৌহিদ হোসেন বলেন, “জাতীয় ঐক্যের অভাবে আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়েছি। জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই ঐক্যমত্য প্রয়োজন।”

প্রতিবেশী এবং শক্তিশালী দেশগুলোর প্রভাব মোকাবিলার প্রসঙ্গে তিনি বলেন, “প্রভাব বিস্তার সব সময় থাকবে। তবে আমাদের নিজেদের ঘর গোছাতে হবে যাতে কেউ অযাচিত প্রভাব বিস্তার করতে না পারে।”

বাংলাদেশ কারও জন্য হুমকি নয় উল্লেখ করে তিনি বলেন, “আমরা কাউকেও আমাদের জন্য হুমকি হয়ে উঠতে দিতে পারি না। আমাদের মূল লক্ষ্য হবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে সক্ষমতা বাড়ানো।”

ইতালি ভিসাপ্রত্যাশীদের

ইতালি ভিসাপ্রত্যাশীদের বড় সুখবর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

ইতালি ভিসাপ্রত্যাশীদের বড় সুখবর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

আগামী ডিসেম্বরের মধ্যে জমা পড়া ২০ হাজার বাংলাদেশিকে ভিসা দেওয়ার চেষ্টা করবে ইতালি দূতাবাস। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন ভিসা আবেদনগুলো দ্রুততার সঙ্গে নিষ্পত্তির চেষ্টা করবে ইতালি দূতাবাস। ঢাকাস্থ ইতালি দূতাবাস কনস্যুলার শাখার জনবল বৃদ্ধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপের মাধ্যমে ভিসা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কাজ করছে।

কয়েকজন মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাদের বিরুদ্ধে মামলা হওয়ায় তাদের ফেরত আনার জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “তারা সেখানে ঘুরে বেড়াচ্ছেন, এটি মিডিয়াতে দেখেছেন, আমিও ততটুকুই জানি। যদি কোর্ট থেকে নির্দেশ আসে, তাদের হাজির করতে হবে, তাহলে অবশ্যই আমরা তাদের ফেরত আনার চেষ্টা করবো।”

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক এমপি ও মন্ত্রীরা ট্রাভেল পাস ইস্যু করে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করছেন। তাদের ট্রাভেল পাস ইস্যু করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য। অন্য কোনো দেশে যাওয়ার জন্য নয়। সেটার জন্য পাসপোর্ট লাগে, যা স্বাভাবিকভাবেই ইস্যু করা হবে না। তারা যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে অবশ্যই তাদের ট্রাভেল পাস ইস্যু করা হতে পারে, এবং তারা দেশে ফিরে আসতে পারেন। ট্রাভেল পাস শুধু ওয়ান ওয়ে টু বাংলাদেশ।”

প্রসঙ্গত, গত ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনীতিকসহ যারা দেশ ছেড়েছেন, তাদের একটি তালিকা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার কাছে এমন কোনো তালিকা নেই। আমরা যেটুকু পত্রপত্রিকায় দেখেছি। তবে যদি মনে হয় এ ধরনের তালিকা প্রয়োজন, তাহলে আমরা তা করতে পারবো।”

নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে

নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে মোদীর দেখা হচ্ছে না: পররাষ্ট্র উপদেষ্টা

নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে মোদীর দেখা হচ্ছে না: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডস, পাকিস্তান ও নেপালের প্রধানমন্ত্রী; ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএআইডি প্রশাসকের সঙ্গে বৈঠক নিশ্চিত হয়েছে। আরও কিছু বৈঠক পরিকল্পনায় রয়েছে, যা শেষ মুহূর্তে জানা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কি না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিউইয়র্কে তাদের উপস্থিতি একসঙ্গে হচ্ছে না। কারণ মোদী আগেই ফিরে যাবেন, আর প্রধান উপদেষ্টা কিছুটা পরে সেখানে পৌঁছাবেন। সুতরাং তাদের মধ্যে কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে।