Tag Archives: বাসে আগুন

রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর জুরাইন খন্দকার রোডের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

রাইদা পরিবহণের বাসটি ছিল পার্কিং অবস্থায়। পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ডিএইচ রানা জানান, গাড়িটি পার্কিং অবস্থায় ছিল। হঠাৎ করে বেলা আড়াইটার দিকে কে বা কারা বাসটিতে আগুন লাগিয়ে দেয়। গাড়ির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল।

এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে গাড়ির ভেতরের অংশ পুড়ে গেছে।

পরে পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে এবং আগুন নির্বাপণ করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার লীমা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা আড়াইটার দিকে আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসকে অবগত করি। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে।

 

শাহবাগে বঙ্গবন্ধু এয়ারপোর্ট পরিবহনের বাসে আগুন

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর শাহবাগ মোড়ে বঙ্গবন্ধু এয়ারপোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টা ৩৪ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, রাজধানীর শাহবাগ মোড়ে বঙ্গবন্ধু এয়ারপোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসে কে বা কারা অগ্নিসংযোগ করেছে। ওই খবরে দুপুর ২টা ৪২ মিনিটে পলাশী ফায়ার স্টেশনের দুটি ঘটনাস্থলে পাঠানো হয়। বিকেল ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কেউ হতাহত হয়নি।

এর আগে সকালে ধানমন্ডি ১৫ নম্বরে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে ৩টা ৩৫ মিনিটে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে বাসে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আমরা বিকেলে ৩টা ৩৫ মিনিটে মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন সংবাদ পেয়েছি। তাপর আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণের কাজ করছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ডু করে দেওয়ার পর থেকে দলটি হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে দফায় দফায় অবরোধ এবং হরতাল কর্মসূচি পালন করেছে দলটি। সেই ধারাবাহিকতায় গতকাল রোববার (১০ ডিসেম্বর) আবারও ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ পালন করা হবে।

রাজধানীর শাহবাগে বাসে আগুন

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর শাহবাগে আজিজ সুপারমার্কেটের সামনে তরঙ্গ প্লাস নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে তাদের কাছে খবর আসে আজিজ সুপারমার্কেটের সামনে তরঙ্গ প্লাস নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর পৌনে ২টার দিকে নেভায়।

রাজধানীর মানিকনগরে একুশে এক্সপ্রেসের ৩ বাসে আগুন

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর মানিকনগর চৌরাস্তা এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহনের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট কাজ করেছে।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪৮ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান, মানিকনগর চৌরাস্তা এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহনের বাসে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

পরে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুর্বৃত্তরা একুশে এক্সপ্রেসের তিনটি বাসে আগুন দেয়। এরমধ্যে দুটি সম্পূর্ণ ও একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৫টা ২৬ মিনিটে সম্পূর্ণ আগুন নির্বাপণ করে।

দিনাজপুরে টার্মিনালে দাঁড়িয়ে থাকা যাত্রীবিহীন বাসে আগুন

ডেস্ক রিপোর্ট:

দিনাজপুরে টার্মিনালে দাঁড়িয়ে থাকা যাত্রীবিহীন একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও বাসের অনেকাংশ পুড়ে গেছে।

সোমবার (৪ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে জেলার মির্জাপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্ক করে রাখা এইচ.এ.প্লাস পরিবহন (ঢাকা মেট্রো ব 15-3416) নামে একটি বাসে কে বা কারা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। আগুন দেখতে পেয়ে কোতোয়ালি থানা ও দিনাজপুর ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।

ওই বাসের সহকারী অমল জানান, বাসটি টার্মিনালে রাখা ছিল। বাসের দরজা জানালা বন্ধ করে রাত আনুমানিক দেড়টার দিকে গাড়ি পরিষ্কার করে খাওয়ার জন্য হাইওয়ে হোটেলে যান অমল। সেখান থেকে বাসে আগুনের সংবাদ পেয়ে ছুটে আসেন তিনি।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন

ডেস্ক রিপোর্ট:

নাটোরের বড়াইগ্রামে ফিলিং স্টেশনে পার্কিং করা জি.এম ট্রাভেলসের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার বনপাড়া এলাকার পাটোয়ারী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় পাটোয়ারী ফিলিং স্টেশনে প্রতিদিনের মতো জি.এম ট্রাভেলসের বাসগুলো রাতে পার্কিং করে রাখা হয়। সোমবার ভোরে দুর্বৃত্তরা এসে তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরমধ্যেই তিনটি বাস পুড়ে যায়।

খবর পেয়ে ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সেই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাফিউল আজম।

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ। গত ২৮ অক্টোবর সমাবেশ-সহিংসতার পর এটি সপ্তম দফার অবরোধ। এই অবরোধ কর্মসূচি চলবে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত।

এদিকে সোমবার (২৭ নভেম্বর) সকাল থেকেই রাস্তায় গণপরিবহন এবং ব্যক্তিগত গাড়ির চলাচল কিছুটা কম। এতে অফিসগামী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়েছেন কিছুটা ভোগান্তিতে।

দেশব্যাপী সড়ক-রেল ও নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি চললেও সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার এবং জরুরি ওষুধ পরিবহণে ব্যবহৃত যানবাহন থাকবে অবরোধের আওতামুক্ত।

ধলেশ্বরী সেতু টোল প্লাজায় ইসলামিয়া পরিবহন বাসে আগুন

ডেস্ক রিপোর্ট:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা–ভাঙ্গা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের ধলেশ্বরী সেতু টোল প্লাজার সামনে ইসলামিয়া পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করেছে।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর ১২টা ১৬ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, আজ দুপুর ১২টা ১৬ মিনিটে মুন্সিগঞ্জের সিরাজদিখানের ধলেশ্বরী টোল প্লাজার সামনে ইসলামিয়া পরিবহনের একটি বাসে আগুন লাগে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের দুইটি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর আসেনি।

বাসে আগুনের ভিডিও পাঠানো হয় লন্ডনে: ডিবি প্রধান

ডেস্ক রিপোর্ট:

নিউমার্কেট থানার গাউছিয়া মার্কেট এলাকায় ৪ নভেম্বর মিরপুর সুপার লিংক লিমিটেড বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (ডিবি) গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ। গ্রেফতার ব্যক্তিরা হলেন- তানভীর আহমেদ (২৭), দেলোয়ার হোসেন (৫১) ও মো. ফারুক হোসেন (৪৩)।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তানভীর আহমেদ ঢাকা কলেজ ছাত্রদলের পাঠাগার সম্পাদক। দেলোয়ার হোসেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ও ফারুক হোসেন বিএনপির সক্রিয় সদস্য।

ডিবির দাবি, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তানভীর বলেছেন- আগুন লাগানোর পর সিনিয়র নেতাদের তারা ভিডিও পাঠাতেন। লন্ডন ও ঢাকার ঊর্ধ্বতন নেতাদের কাছেও ছবি-ভিডিও পাঠানো লাগতো। মঙ্গলবার দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, বাসে অগ্নিসংযোগকারী তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ৪ নভেম্বর নিউমার্কেট যাত্রী ছাউনির পাশে যে বাসটিতে আগুন লাগানো হয়েছিল সে বাসে আগুন লাগানোর ঘটনায় ডিবি-উত্তরা বিভাগ তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতার তানভীর আহমেদই সেদিন বাসটিতে আগুন দেয়।

সেদিন বাসে আগুন দেওয়ার পর তিনি নিজের ফেসবুক মেসেঞ্জার থেকে আগুন লাগানোর কথা জানান তার এক বন্ধুর কাছে। কথোপকথনে তানভীর লিখেছেন, আগুন লাগিয়ে কী হবে? আমরা আগুন লাগাচ্ছি আর লন্ডনে যারা আছেন তারা ভালো আছেন। উল্টো আগুন দিতে গিয়ে আমরা ধরা পড়ছি।

এমন কথোপকথন তিনি করেছেন। তাকে যখন ডিবিতে নিয়ে আসা হলো তখন তিনি স্বীকার করেছেন এটি তিনি লিখেছেন।

ডিবির কাছে তানভীর বলেছেন, আমরা আগুন লাগাচ্ছি, ককটেল নিক্ষেপ করছি কিন্তু জেলে গেলে আমাদের দেখার কেউ নেই। যারা নির্দেশ দিচ্ছেন তারা কোথাও লুকিয়ে আছেন অথবা বিদেশ গিয়ে অবস্থান করছেন।

তানভীরকে রিমান্ডে আনা হয়েছে জানিয়ে ডিবিপ্রধান বলেন, অনেকের নাম ও নম্বর পেয়েছি। তানভীরের সঙ্গে আর কারা কারা ছিল এসব বিষয় জানা যাবে।

হারুন অর রশীদ আরও বলেন, মাঠপর্যায়ে কর্মীদের নির্দেশনা দেওয়া থাকে, আগুন লাগানোর পর দলের সিনিয়র নেতাকর্মীদের ছবি-ভিডিও দেখাতে হবে। আগুন দেওয়ার সময় মুখে মাস্ক ও রুমাল ব্যবহার করতে হবে। যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দিতে হবে। নিয়ম হলো আগুনটা লাগানোর পরে বড় ভাইদের খুশি করার জন্য টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ককটেল কিনে এনে ককটেল নিক্ষেপ করছে আবার কোথাও পেট্রল ঢেলে আগুন দিচ্ছে।

হারুন বলেন, ডিবির বিভিন্ন টিম অনেককে আইনের আওতায় এনেছে। তাদের মধ্যে আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। কে কে তাদের সহায়তা করছে তাদের নামও আমরা পেয়েছি।

তিনি বলেন, কোনো বড় ভাইয়ের কথায় যদি আগুন লাগান, ককটেল নিক্ষেপ করেন আসামি-তো আপনিই হবেন। টাকা পেয়ে ধরা পড়ার পর বড় ভাইদের নাম বললে কোনো লাভ হবে না। যারা আগুন দেবেন তারাই ধরা পড়বেন, তারাই মামলা খাবেন আর বের হওয়ার কোনো সুযোগ নেই।

নাশকতামূলক কর্মকাণ্ড যারা করছেন গোয়েন্দা প্রধান হারুন তাদের বলেন, যার গাড়িতে আগুন লাগাচ্ছেন তার হয়তো জীবনের শেষ সম্বল বিক্রি করে প্রতিদিনের রোজগার হিসেবে তিনি বাসটি চালান। আপনারা যে বাসটি পুড়িয়ে ফেলছেন আসলে একজন মানুষের স্বপ্ন পুড়িয়ে ফেলছেন। তার চলার আর পথ রইল না। জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে জনগণের কথা বিবেচনা করে আগুনের পথ থেকে সরে আসুন। নয়তো থানা পুলিশ, ডিবি পুলিশ যে কাজ করছে আপনারা অবশ্যই গ্রেফতার হবেন। লুকিয়ে থাকলেও পার পাওয়া যাবে না। বাকি যারা আছেন তাদেরও আমরা আইনের আওতায় আনব। যে গর্তেই ঢুকে থাকুক নাশকতাকারীদের গ্রেফতার করা হবে।

লন্ডন থেকে কোনো নির্দেশনা আসছে কিনা জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, আমরা অনেককে গ্রেফতার করেছি। তারা বলছে, আগুন লাগানোর পরে সিনিয়র নেতাদের ভিডিও পাঠিয়ে দেওয়া হয়। এর মধ্যে লন্ডন ও ঢাকার ঊর্ধ্বতন নেতাদের কথাও বলেছেন।

আগুন লাগানোর পরে গ্রেফতাররা অনুতপ্ত কিনা জনাতে চাইলে তিনি বলেন, আগুন লাগানোর শেষ কোথায় তারাও এ নিয়ে উদ্বিগ্ন। তারা ধরা পড়লে জামিনের জন্য তাদের বড় ভাইয়েরা কাজ করবে কিনা এ নিয়েও গ্রেফতাররা উদ্বিগ্ন।

হারুন অর রশীদ আরও বলেন, গতকাল সোমবার হরতাল ছিল। হরতালের মধ্যেও প্রচুর গাড়ি বের হয়েছিল, যানজট লেগেছিল। সাধারণ মানুষ আগুন, ককটেল পছন্দ করছে না। আমরা বারবার বলছি, নাশকতা, জনমনে আতঙ্ক সৃষ্টি করলে পুলিশ ডিমোরালাইজড হবে না।

হরতাল শুরুর আগেই রাজধানীতে বাসে আগুন

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর কাফরুলের তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাই। তবে আমাদের আগুন নেভানোর কাজ করতে হয়নি। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে যায়।

এদিকে রোববার (১৯ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া টানা ৪৮ ঘণ্টার হরতালে বাস চলাচল স্বাভাবিক রাখতে মালিকদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। হরতাল চলাকালে যদি কোনো বাস ক্ষতিগ্রস্ত হয় তবে সেটির ক্ষতিপূরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবেন বলে আশ্বাস দিয়েছে মালিক সমিতি।

রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে হরতালের ডাক দিয়েছে দলটি।

গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করছি।