Tag Archives: বিক্রি

কুমিল্লার বাজারে শীতের পোশাকের

কুমিল্লার বাজারে শীতের পোশাকের বিক্রি জমে উঠেছে ফুটপাতে

কুমিল্লার বাজারে শীতের পোশাকের বিক্রি জমে উঠেছে ফুটপাতে

মো.হাবিবুর রহমান মুন্না:

দরজায় কড়া নাড়ছে শীত। ইতোমধ্যে কুমিল্লা নগরীসহ জেলার ১৭টি উপজেলার সর্বত্র বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। শহরের দক্ষিণ -পূর্বাঞ্চলের গ্রাম গুলোতে বইছে শীতের হিমেল হাওয়া। নগরীতে শীতের আমেজ এখনও তেমন না থাকলেও শেষ রাতের শীতল আবহাওয়া গায়ে কাঁথা বা চাদর জড়াতে বাধ্য করছে মানুষজনকে। শীতের সঙ্গে বাড়ছে গরম কাপড়ের চাহিদা। নগরীর শপিংমলগুলোর বড় দোকান থেকে শুরু করে ফুটপাতের দোকানেও চলে এসেছে শীতের পোশাক। সপ্তাহখানেক আগে থেকে বেচাবিক্রিও শুরু হয়েছে। শপিং মলে এখনও তেমন বেচাবিক্রি চোখে না পড়লেও ফুটপাতে শীতের কাপড়ের আগাম বেচাকেনা ভালোই চলছে।

বিকাল থেকে রাত অবধি বিক্রেতাদের হাঁকডাকে জমজমাট হয়ে উঠেছে নগরীর ভ্রাম্যমাণ দোকানগুলো। মঙ্গলবার (৩ ডিসেম্বর ) কুমিল্লা নগরীর চকবাজার, ছাতিপট্রি,রাজগন্জ ও কান্দিরপাড়ের ফুটপাত ও শপিং মলে এমন চিত্র দেখা যায়।

সরেজমিন ঘুরে দেখা যায়, নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের মানুষেরাও শীতবস্ত্র কিনতে ফুটপাতের দোকানে ভিড় করছেন। শীতের জ্যাকেট, চাদর, গেঞ্জি, হুডি, মাফলার, পুরনো কমফোর্টার, হাতমোজা, কান-টুপিসহ সবধরনের শীতবস্ত্রই মিলছে এসব দোকানে। অনেক দোকানে আবার শুধুই শিশুদের শীতের কাপড় বিক্রি হচ্ছে।
কুমিল্লা শহরের চকবাজার এলাকায় ফুটপাতে শীতবস্ত্র বিক্রি করেন রিয়াদুল। দৈনিক পূর্বাশাকে তিনি বলেন, ফুটপাতে কাপড় বিক্রি করেই সংসার চালাই। সামনে শীতের মৌসুম, তাই শীতবস্ত্র বিক্রি শুরু করেছি। গতবছরের অনেক শীতের কাপড় রয়ে গেছিল। এখন সেগুলো কম দামে বিক্রি করছি।

এই বিক্রেতা আরও বলেন, এ বছর নতুন করে যেসব কাপড় আসবে সেগুলোর দাম আগের তুলনায় একটু বেশি। এখন সব ১০০ টাকা করে বিক্রি করছি। নতুন কাপড়ের দাম আরেকটু বেশি হবে। পুরনো কাপড় বিক্রি শেষ হয়ে গেলে নতুন কাপড় বিক্রি করবো। গতবারের তুলনায় এবার এক লটে দু’আড়াই হাজার টাকা বেশি দিয়ে কাপড় কিনতে হয়েছে।

ফুটপাতে জমজমাট বেচাকেনা

নগরীর চকবাজার থেকে শুরু করে কান্দিরপাড় টাউনহলের গেইট পর্যন্ত ফুটপাতে জমে উঠেছে শীতের পোশাক বিক্রি। এছাড়াও নিউ মার্কেট, পুলিশ লাইন ও শাসনগাছা পুরো এলাকা জুড়ে জমজমাট বিক্রি দেখা গেছে।

নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সামনে শিশুদের শীতের পোশাক বিক্রি করছেন শাহাদাত হোসেন। দৈনিক পূর্বাশাকে তিনি বলেন, গত বছরের তুলনায় এবার শীতের পোশাক পাইকারি হিসেবে বেশি দরে কিনতে হয়েছে। বেচাবিক্রিও মোটামুটি ভালো। শীত বাড়লে বেচাবিক্রি আরও বাড়বে।

ফুটপাত থেকে সন্তানের জন্য শীতবস্ত্র কিনতে এসেছেন শাহিনা আক্তার নামের একজন গৃহিণী। দৈনিক পূর্বাশাকে তিনি বলেন, শীত শুরুর আগেই বাচ্চাদের জন্য শীতের পোশাক নিয়ে নিচ্ছি। শীত বাড়লে আবার দাম বেড়ে যাবে। তাই আগেভাগেই কিনে ফেলছি। সাতশো টাকার মধ্যে তিন বাচ্চার শীতের পোশাক কিনে ফেলেছি।

ফুটপাত থেকে নিজের জন্য সোয়েটার কিনতে আসা রফিক মিয়া নামে একজন রিকশাচালক বলেন, দিনে শীত না পড়লেও রাতে রিকশা চালাতে ঠান্ডা লাগে। তাই একটা সোয়েটার কিনতে এসেছি। কিন্তু দাম চাইছে তিনশ’ টাকা। দুইশ’ টাকা বলছি, কিন্তু দোকানদার কোনোভাবেই দিচ্ছে না।

শপিং মলে এখনও জমে উঠেনি বেচাকেনা

ইতোমধ্যে বড় বড় বিপণিবিতান,শপিং মল ও ব্র্যান্ডের দোকানগুলোতে শীতের পোশাক আসলেও বেচাকেনা এখনও তেমন জমে উঠেনি। বিপণিবিতান ও শপিং মলে খোঁজ নিয়ে জানা যায়, নভেম্বরের শুরুতেই শীতের পোশাক চলে এসেছে দোকানে। তবে শীতের পোশাক ক্রয়ে ক্রেতাদের তেমন আগ্রহ নেই।
নগরীর সাওার খান কমপ্লেক্স শপিং মলের পোশাক বিক্রেতা জোবায়ের দৈনিক পূর্বাশাকে বলেন, ১৫-২০ দিন আগে শীতের পোশাক দোকানে এসেছে। কিন্তু বেচাকেনা হচ্ছে না। দিনে দুই-চারটা কাস্টমার পাই। তাও দামাদামি করে চলে যায়। গতবছরও বেচাকেনা তেমন ভালো হয়নি। প্রায় দশ লাখ টাকার মালামাল পড়ে ছিল। আশা করছি এবার ভালো বেচাকেনা হবে।

বড় বিপণিবিতান বা শপিং মলে বেচাকেনা তেমন দেখা না গেলেও ইজি ফ্যাশনের দোকানে গিয়ে ক্রেতাদের মোটামুটি ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে। রুবেল আহমেদ নামে একজন ক্রেতা দৈনিক পূর্বাশাকে বলেন, অন্যান্য জায়গা থেকে চড়া মূল্যে কেনার চেয়ে ব্র্যান্ডের দোকানে একদামে পণ্য কেনাতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এখানকার প্রোডাক্টগুলো মানসম্মত।

লাবিব নামে ইজি ফ্যাশনের একজন কর্মকর্তা জানান, শো রুমে শীতের পোশাক এসেছে আরও দুই সপ্তাহ আগে। বেচাবিক্রিও হচ্ছে মোটামুটি, তবে এখনও তেমন জমেনি। এখন কেবল অগ্রহায়ণ মাস চলছে। পৌষ মাসের শুরুতে বিক্রি ভালো হয়। তখন ক্রেতাদের চাপে দম ফেলার সুযোগ থাকে না।

নগরীর সৌনালি স্কয়ার,খন্দকার হক টাওয়ার, সাওার খান কমপ্লেক্স, প্লেনেট এস আর, নিউ মার্কেট,ময়নামতি গোল্ডেন টাওয়ার,দেলোয়ার টাওয়ার,সাইবা ট্রেড সেন্টারসহ বেশ কয়েকটি শপিং মলে গিয়ে দেখা যায়, প্রায় সব দোকানেই শীতের পোশাক চলে এসেছে। তবে বেচাবিক্রি তেমন না থাকায় অধিকাংশ বিক্রেতা অবসর সময় পার করছেন।

সাইবা ট্রেড সেন্টারের দোকানদার রজিব মিয়া বলেন, ব্যবসা করতে বরাবরই ধৈর্য দরকার। শীতের পোশাক আনছি, কিন্তু বিক্রি হচ্ছে না। কিন্তু ধৈর্য হারাচ্ছি না। কারণ আমরা জানি, শীত বাড়লে বিক্রি বাড়বে। এখন শীত কম পড়ছে। তাই দামও তুলনামূলক কম। তবে শীত বাড়লে দামও বাড়বে বলে জানান এই বিক্রেতা।

লুট হওয়া অস্ত্র

লুট হওয়া অস্ত্র কুমিল্লায় বিক্রি করতে গিয়ে যুবক গ্রেপ্তার

লুট হওয়া অস্ত্র কুমিল্লায় বিক্রি করতে গিয়ে যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

বাড্ডা থানা থেকে লুট হওয়া অস্ত্র কুমিল্লা বিক্রি করতে গিয়ে মো. তুহিন আলম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (৮ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি জব্দ করা হয়। তুহিন আলম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার খাননগর এলাকার বাসিন্দা। কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তুহিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তিনি ঢাকার উত্তর বাড্ডা এলাকায় একটি হোটেলে কাজ করতেন। গত ৫ আগস্ট রাজধানী ঢাকার বাড্ডা থানায় আক্রমণ করে দুষ্কৃতকারীরা। থানার ভেতরে থাকা অস্ত্র, গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ নথি লুটপাট ও ধ্বংস করা হয়। সে সময় লুট হওয়া একটি পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ রেখে দেন তুহিন। পরে তা বিক্রয়ের জন্য ঢাকা থেকে কুমিল্লায় আসেন। পরে গোপন সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সিপিসি-২ এর উপপরিচালক ও কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, পুলিশের অস্ত্র লুটের সঙ্গে জড়িতদের ধরতে ব্যাবের অভিযান অব্যাহত থাকবে।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শীবেন বিশ্বাস জানায়, র‍্যাব বাদী হয়ে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।

চার দিনে আ.লীগের ৩৩৬২ মনোনয়ন ফরম বিক্রি, আয় প্রায় ১৭ কোটি

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জন্য চার দিনে মোট ৩৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে অনলাইনে ১২১ জন ফরম কিনেছেন। এতে ১৬ কোটি ৮১ লাখ টাকা আয় হয়েছে দলটির।

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

বিপ্লব বড়ুয়া জানান, আগ্রহী প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩২৪১ জন। বাকি ১২১ জন অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়ন ফরম বিক্রির চারদিনে (১৮-২১ নভেম্বর) কার্যালয় থেকে ঢাকা বিভাগে ৭৩০টি, চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি, সিলেট বিভাগ ১৭২টি, ময়মনসিংহ বিভাগ ২৯৫টি, বরিশাল বিভাগে ২৫৮টি, খুলনা বিভাগে ৪১৬টি, রংপুর বিভাগে ৩০২টি ও রাজশাহী বিভাগে ৪০৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

এদিকে ৩০০ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডাকা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১১টা থেকে এ সভা অনুষ্ঠিত হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

১৮ নভেম্বর থেকে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য শনিবার (১৮ নভেম্বর) থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে, যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করার পাশাপাশি জমাও দেওয়া যাবে। আওয়ামী লীগের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহীদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে।

কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ তিনটি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ২১ নভেম্বর বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

শিয়ালের মাংস বিক্রির অপরাধে ৬ মাসের কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী বেগমগঞ্জে শিয়ালের মাংস বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত আবুল বাশার (৫৫) সেনবাগ উপজেলার মজেদীপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার চৌমুহনী বাজারের ব্যাংক রোডে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ দেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপারও র‍্যাব-১১, সিপিসি-৩ স্কোয়াড কমান্ডার মো.গোলাম মোর্শেদ। এছাড়াও র‍্যাব-১১, সিপিসি-৩, একটি আভিযানিক দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাশার অধিক মুনাফা লাভের আশায় জনসাধারণকে কথার মায়া জালে ফাঁসিয়ে দীর্ঘদিন যাবৎ শেয়ালের মাংসকে ঔষুধী গুনাগুন সম্পন্ন মাংস হিসেবে আখ্যা দিয়ে বিক্রি করে আসছিলো। বুধবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব -১১ এর আভিযানিক দল নোয়াখালী জেলা প্রশাসনের সহায়তায় চৌমুহনী বাজারের ব্যাংক রোডে যৌথ ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধী ও প্রতারক আবুল বাশারকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।