Tag Archives: মুরাদনগরে শিক্ষার্থীদের ২ ঘন্টা রোদে দাঁড় করিয়ে রেখে অধ্যক্ষকে লাল গালিচা সংবর্ধনা

মুরাদনগরে শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে ফুটে উঠেছে প্রতিটি দেয়াল

কুমিল্লা প্রতিনিধি:

‘৫২ দেখিনি ৭১ দেখিনি ২৪ দেখেছি’,’পানি লাগবে পানি?’,’মেধার বিজয় বাংলাদেশ’,’নেতারা বিক্রি হতে পারে, ছাত্র-জনতা কখনো বিক্রি হয় না’,’আমার ভাই ও বোনের রক্তে পাওয়া দেশ’, ‘কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট’, ‘ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর পুরুষ’—এমন নানান প্রতিবাদী উক্তি এখন শোভা পাচ্ছে মুরাদনগর উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেয়ালে। এক সময় এসব দেয়ালগুলোতে ছিল বিভিন্ন পণ্যের বাহারি বিজ্ঞাপন, ছিল দলীয় বিজ্ঞাপনও। তবে এবার এসবের পরিবর্তে ওইসব দেয়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে ফুটে উঠেছে কোটা সংস্কার আন্দোলনের স্লোগানসহ দেশের বিভিন্ন চিত্র আর সমাজ সংস্কারমূলক উক্তি।

শিক্ষার্থীরা জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ জনতার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অগণিত। ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয়কে স্মরণীয় করে রাখতে মুরাদনগর উপজেলা সদরের বিভিন্ন স্থাপনায় বৈষম্যবিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনসহ নানান উক্তি দিয়ে সাধারণ মানুষকে মেসেজ দিচ্ছে তারা। তারা চায়, বাংলাদেশ তথা মুরাদনগর কে সুন্দরভাবে সাজিয়ে তুলতে। তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। উপজেলা টা যেহেতু তাদের, দায়িত্বটাও তাদের। তারা সব সময় তাদের ভালো কাজগুলো অব্যাহত রাখার চেষ্টা করবে।

পথচারীরা বলছেন, দেশ বিনির্মাণে ছাত্র আন্দোলনের এসব স্মৃতি উজ্জীবিত করবে ভবিষ্যৎ বাংলাদেশের ছাত্রসমাজকে, এটাই তাদের প্রত্যাশা। আগে দেয়ালে অনেক আজেবাজে কথা লেখা ছিল। সেগুলো পরিষ্কার করে ছাত্র আন্দোলনের ছবি আঁকা হচ্ছে। পরবর্তী প্রজন্ম যাতে জানতে পারে তাদের পূর্বপ্রজন্মের অবদান।

মুরাদনগরে শিক্ষার্থীদের ২ ঘন্টা রোদে দাঁড় করিয়ে রেখে অধ্যক্ষকে লাল গালিচা সংবর্ধনা

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের চৈত্রের প্রখর রোদে ২ ঘন্টা দাঁড় করিয়ে প্রতিষ্ঠাতাকে সংবর্ধণা দেওয়া ঘটনায় বইছে সমালোচনার ঝড়।

বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে কলেজ প্রতিষ্ঠাতা আলহাজ¦ অধ্যক্ষ আব্দুল মজিদকে ওই সংবর্ধণা দেয়া হয়। এ বিষয়ে সরকারী ভাবে নিষেধাজ্ঞা থাকলেও তা মান্য করেনি অধ্যক্ষ।

পূর্ব ঘোষণা অনুযায়ী অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। কিন্তু প্রতিষ্ঠাতা কলেজে এসে উপস্থিত হতে দুপুর ১২টা বেজে যায়। প্রচন্ড রৌদে এই দুই ঘন্টা কলেজের প্রধান ফটক থেকে মূল ভবন পর্যন্ত ছাত্র-ছাত্রীদের দুই সাড়িতে দাঁড় করিয়ে রেখে ফুল ছিটিয়ে প্রতিষ্ঠাতাকে লাল গালিচা সংবর্ধণা দেন অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরী। এসময় প্রতিষ্ঠাতার নামে নানা শ্লোগাণও দেওয়ার প্রশিক্ষণ দেন কলেজ অধ্যক্ষ। বিলম্বে ১২টায় অনুষ্ঠান শুরু হয়ে এক টানা বিকাল ৩টায় শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আব্দুল মজিদ কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল মজিদ। কলেজ অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হোমনা উপজেলা চেয়ারম্যান ও কলেজের আজীবন দাতা সদস্য ও প্রতিষ্ঠাতার স্ত্রী রেহানা মজিদ। প্রভাষক মোতাহার হোসেন ও মির্জা রুহুল আমিনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক আব্দুল ওয়াদুদ সরকার, ভীম চন্দ্র সানা, শাহ আলম জাহাঙ্গীর, জিন্নাত পারভীন, শেখ মশিউর রহমান, হোমনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রধান, ডাঃ তোফাজ্জল হোসেন, হোমনা পৌরসভার কমিশনার মানিক মিয়া ইমন, দুলালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে গভর্নিংবডির সাবেক সদস্য সফিকুল ইসলাম ও মোশাররফ হোসেনসহ কলেজের শিক্ষক মন্ডলী, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কলেজ মসজিদের ইমাম মাওলানা জাকির হোসেন এবং গীতা পাঠ করেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী তিশা দেবনাথ।

শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে রাখার বিষয়ে কলেজ অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরী বলেন, দুই ঘন্টা নয় ১০/২০ মিনিট হবে এর মধ্যেই স্যার চলে এসেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার বলেন, শিক্ষার্থীদেরকে রোদে দাড় করিয়ে রেখে কাউকে সংবর্ধনা দেয়ার সুযোগ নেই। আমরা কলেজ অধ্যক্ষের নিকট এই ঘটনার ব্যাখ্যা জানতে চেয়ে নোটিস প্রেরণ করবো। ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি এ ধরণের কিছু হয়ে থাকে তাহলে বিষয়টি দু:খজনক।