Tag Archives: যুক্তরাজ্য

যুক্তরাজ্যজুড়ে ফিলিস্তিনিদের পক্ষে লাখো মানুষের বিক্ষোভ

যুক্তরাজ্যজুড়ে ফিলিস্তিনিদের পক্ষে লাখো মানুষের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালাচ্ছে ইসরাইল। টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে চালানো এই হামলায় নারী ও শিশুসহ এখন পর্যন্ত নিহত হয়েছেন চার হাজারেরও বেশি ফিলিস্তিনি।

ইসরাইলি এ হামলার বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে রাজধানী লন্ডনসহ যুক্তরাজ্যজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এদিন লন্ডনের পাশাপাশি বিক্ষোভ হয়েছে বার্মিংহাম, কার্ডিফ, বেলফাস্ট ও সালফোর্ডেও। কেবল লন্ডনের বিক্ষোভেই অংশ নিয়েছেন এক লাখ মানুষ। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, টানা দ্বিতীয় সপ্তাহের মতো লন্ডনে ফিলিস্তিনিপন্থি বিক্ষোভে অংশ নিয়েছেন লাখও মানুষ। লন্ডনের মেট্রোপলিটন পুলিশের অনুমান, শনিবারে এ বিক্ষোভ ও পদযাত্রায় এক লাখ মানুষ অংশ নেন। পরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ১০নং ডাউনিং স্ট্রিটের কাছে সমাবেশের মাধ্যমে বিক্ষোভটি শেষ হয়।

বিবিসি বলছে, শনিবার লন্ডনের পাশাপাশি বার্মিংহাম, বেলফাস্ট, কার্ডিফ ও সালফোর্ডেও তুলনামূলক ছোট বিক্ষোভ হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, ইসরাইলি বোমা হামলায় এখন পর্যন্ত চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, লন্ডনে শনিবার আয়োজিত বিক্ষোভে এক হাজারেরও বেশি কর্মকর্তা মোতায়েন ছিলেন। পরে আতশবাজি ব্যবহার, জন শৃঙ্খলায় বিঘ্ন ঘটানো এবং জরুরি পরিষেবা কর্মীকে লাঞ্ছনার সঙ্গে জড়িত অপরাধের জন্য লন্ডনে বিক্ষোভ থেকে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়।

অন্যদিকে কার্ডিফে প্রায় এক হাজার বিক্ষোভকারী ফিলিস্তিনি পতাকা ও সমর্থনমূলক নানা প্ল্যাকার্ড নিয়ে ওয়েলস পার্লামেন্টের দিকে বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বিবিসি বলছে, বেশ কয়েকটি গ্রুপের আয়োজিত এই বিক্ষোভ থেকে ব্রিটিশ ও ওয়েলস সরকারকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য প্রচেষ্টা চালানো এবং পূর্ণ মানবিক সহায়তা পাঠানোর জন্য জোর দেওয়ার আহ্বান জানিয়েছে।

ফিলিস্তিনি সলিডারিটি ক্যাম্পেইন কার্ডিফের ম্যাগি মরগান বলেছেন, ‘আমরা গাজার জনগণের প্রতি সংহতি প্রদর্শনের অংশ হিসাবে রাস্তায় নামছি, তাদের প্রতি আমরা আমাদের সমর্থন জানাতে চাই।’

গত ৭ অক্টোবর ইসরাইলের অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস। এর পর থেকেই গাজায় বিমান হামলা চালানো শুরু করে ইসরাইলি বিমানবাহিনী। তাদের এ নির্বিচার হামলায় এখন পর্যন্ত চার হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে শিশুর সংখ্যাই এক হাজার ৫০০ জনের বেশি।

অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি সতর্ক করে দিয়েছেন, চলমান এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করার হুমকি দিচ্ছে। ক্লিভারলি অবশ্য ইসরাইল এবং অধিকৃত অঞ্চলের ক্রমবর্ধমান সংকটকে ঘিরে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসাবে ইসরাইল, তুরস্ক এবং কাতার সফর করেছেন।

বিবিসি বলছে, শনিবার লন্ডনের বিক্ষোভ মিছিলে বিক্ষোভকারীদের ফিলিস্তিনপন্থি নানা স্লোগান দিতে শোনা যায়। তাদের মধ্যে কেউ কেউ ইসরাইলসহ জর্ডান নদী এবং ভূমধ্যসাগরের মধ্যবর্তী সব ভূমি ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণের দেওয়ার দাবি জানান।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান বলেছেন, ‘নদী থেকে সমুদ্র পর্যন্ত ফিলিস্তিন একটি স্বাধীন দেশ হবে’ স্লোগানটির মাধ্যমে কার্যত ইসরাইলকে ‘ধ্বংস করার’ আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া বেলফাস্টে বিবিসি নর্দার্ন আয়ারল্যান্ড সদর দপ্তরের বাইরে বিক্ষোভকারীরা বেশ বড় বিক্ষোভ করেছেন। পিপল বিফোর প্রফিট অ্যাসেম্বলির সদস্য গেরি ক্যারল বলেছেন, বিবিসি যেভাবে মধ্যপ্রাচ্যের চলমান এই সংঘাতের খবর প্রকাশ করেছে, সেটিকে ‘চ্যালেঞ্জ’ করাই তাদের লক্ষ্য।

অন্যদিকে স্যালফোর্ডে আয়োজিত বিক্ষোভটিও মিডিয়া সিটি কমপ্লেক্সের বাইরে অনুষ্ঠিত হয়। মূলত সেখানেই বিবিসির অফিস রয়েছে এবং বিক্ষোভকারীরা এ সময় গাজা যুদ্ধ নিয়ে বিবিসির বিভিন্ন প্রতিবেদনের সমালোচনা করেন।

‘যুক্তরাজ্য ভিসার জন্য গুণতে হবে বাড়তি অর্থ’

‘যুক্তরাজ্য ভিসার জন্য গুণতে হবে বাড়তি অর্থ’

ডেস্ক রিপোর্ট:

দর্শনীয় বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে ও পড়াশোনার উদ্দেশ্যে প্রত্যেক বছর বিশ্বের নানা প্রান্তের অসংখ্য মানুষ যুক্তরাজ্যে যান। তবে এখন থেকে যারা যুক্তরাজ্যে যাবেন— তাদের ভিসার জন্য গুণতে হবে বাড়তি অর্থ।

বিভিন্ন দিক বিবেচনা করে ভিসা প্রক্রিয়ার ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। আর বর্ধিত এই ফি কার্যকর হবে আগামী ৪ অক্টোবর থেকে।

বার্তাসংস্থা পিটিআই শনিবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন নির্ধারিত ফি অনুযায়ী, যারা ৬ মাসের ভ্রমণ ভিসার জন্য আবেদন করবেন তাদের ফি বাবদ দিতে হবে ১১৫ ব্রিটিশ পাউন্ড (প্রায় ১৬ হাজার টাকা) এবং স্টুডেন্ট ভিসার জন্য দিতে হবে ৪৯০ পাউন্ড (প্রায় ৬৭ হাজার টাকা)।

আগে ভ্রমণ ভিসার ফি ছিল ১০০ পাউন্ড। অপরদিকে স্টুডেন্ট ভিসার ফি ছিল ৩৬৩ পাউন্ড।

গতকাল শুক্রবার এ সংক্রান্ত একটি বিল দেশটির সংসদে উত্থাপন করা হয়।

এদিকে গত জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানান সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ব্যয় মেটাতে— ভিসা আবেদনকারীরা যে ফি ও ‘রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত জাতীয় স্বাস্থ্য সেবাকে (এনএইচএস) যে স্বাস্থ্য সারচার্জ’ প্রদান করে থাকেন সেটি বাড়ানো হবে। তার এই ঘোষণার দুই মাস পরই ভিসা আবেদনের ফি বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানিয়েছিলেন, ভিসার ফি বাড়ানো হলে ব্রিটিশ সরকার বার্ষিক বাড়তি ১ বিলিয়ন পাউন্ড আয় করতে পারবে।

এছাড়া ওই সময় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, জাতীয় ও ইমিগ্রেশন ব্যবস্থা সচল রাখতে এসব ফি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপরদিকে নিজ দেশের নাগরিকদের ওপর ট্যাক্সের বোঝা কমায়।

সূত্র: পিটিআই

করোনার স্বাভাবিক লক্ষণ ছাড়াও নতুন স্ট্রেইনে আরও ৭টি লক্ষণ প্রকাশ

 

ডেস্ক রিপোর্টঃ

নতুন ধরনের করোনাভাইরাসের আতঙ্কে স্থবির পুরো ইউরোপ। ফ্লাইট বাতিলের পাশাপাশি সীমানা বন্ধ করছে অনেক দেশ। অতি দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম নতুন করোনার অস্তিত্ব মিলেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশে।

এদিকে ব্রিটিশ চিকিৎসকরা বলছেন, নতুন ধরনটি পরীক্ষায় ধরা পড়ছে না। এ পর্যন্ত উদ্ভাবিত টিকা দিয়েই এটি প্রতিরোধের আশা তাদের। যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া নতুন ধরনের কোভিড ছড়িয়ে পড়ছে ৭০ শতাংশ দ্রুত গতিতে।

ন্যাশনাল হেলথ সার্ভিস দ্বারা প্রকাশিত করোনার স্বাভাবিক লক্ষণ ছাড়াও করোনার নতুন স্ট্রেইনে আরও ৭টি নতুন লক্ষণের খোঁজ জানা গিয়েছে।

যুক্তরাজ্যে নতুন করে যে করোনা ছড়াচ্ছে এতে স্পাইক প্রোটিনের জেনেটিক রুপান্তর হচ্ছে যার ফলে ভাইরাস মানুষের মধ্যে দ্রুত ছড়াচ্ছে। ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব অঞ্চলে নতুনভাবে যে করোনা ছড়াচ্ছে তার মধ্যে ১৭ টি নমুনার মিউটেশন পাওয়া গেছে যা ভাইরাসের আকারসহ আরো কিছু পরিবর্তন করেছে।

নতুন স্ট্রেইনে জ্বর, শুকনো কাশি, স্বাদ গন্ধ চলে যাওয়া ছাড়াও করোনার আরও বেশ কিছু লক্ষণ যুক্ত হয়েছে।

১. ক্লান্তি
২. ক্ষুধামন্দা
৩. মাথা ব্যথা
৪. ডায়রিয়া
৫. মানসিক বিভ্রান্তি
৬. পেশী ব্যথা
৭. স্কিনে র‌্যাশ

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এবার বাংলাদেশেও নতুন করোনা ভাইরাস শনাক্ত

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশেও নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। এই ভাইরাসের সঙ্গে যুক্তরাজ্যে পাওয়া নতুন করোনা ভাইরাসের মিল আছে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বা বিসিএসআইআর-এর বিজ্ঞানীরা বলছেন, করোনা ভাইরাসের নতুন একটি স্ট্রেইন বাংলাদেশে শনাক্ত হয়েছে, যেটির সঙ্গে সম্প্রতি যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনাভাইরাসের সাদৃশ্য রয়েছে।

বিসিএসআইআরের বিজ্ঞানীরা গত মাসে ১৭টি নতুন জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে পাঁচটিতে করোনা ভাইরাসের নতুন ধরনের এই স্ট্রেইন শনাক্ত করেন বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম খান।