Tag Archives: সংবিধান

শেখ হাসিনা ডিজিটাল সিকিউরিটি

শেখ হাসিনা ডিজিটাল সিকিউরিটি আইন পাশ করে সংবিধান বদলে দিয়েছে : চৌদ্দগ্রামে ফরহাদ মজহার

 

স্টাফ রিপোর্টার: 

প্রখ্যাত কবি, গবেষক ও দার্শনিক ফরহাদ মজহার বলেন জনগণই সকল ক্ষমতার অধিকারী, জনগণ সম্মতি ছাড়া কেউ শাসক হিসেবে দাবী করতে পারে না এবং জণগণের অনুমতি ছাড়া কোন আইন পাশ হতে পারে না। এটাকেই বলে জনগণের স্বার্বভৌমত্ব। জনগণ যদি নিজের মধ্যে আলোচনা করে একটা সিন্ধান্তে আসতে পারে, আমাদের সকলের জন্য এটা একটা কল্যাণকর হবে। শেখ হাছিনা ডিজিটাল সিকিউরিটি আইন পাশ করেছে, সংবিধান বদলে দিয়েছে। সবকিছু বদলে দিয়ে তিনি রাষ্ট্রের নামে করেছেন। তবে তিনি রাষ্ট্রের নামে এটা করতে পারেন? উত্তর হচ্ছে না। যদি গণ সার্বভৌমত্ব থাকে তাহলে এটা তিনি করতে পারেন না। জনগণের সাথে পরামর্শ করে কাজ করতে হবে।

ড. ইউনুছ সাহেবগণ অভূত্থানের পর উনি ক্ষমতায় এসেছেন। এখন তিনি অনেকগুলো কমিশন গঠন করেছেন। এই যে কমিশনের লোকরা উপরে বসে বসে বাংলাদেশের বিভিন্ন সংস্কারের প্রস্তাবনা করতেছে। এটা কি হলো? উত্তরে হলো না।

আপনাদের(জনগণ) জিজ্ঞেস করছিল? চৌদ্দগ্রাম উপজেলার হিসেবে কি সমস্যা, কুমিল্লা জেলা হিসেবে কি সমস্যা। এনিয়ে তো জনগণের সাথে কোন আলোচনায় বসেন নাই, কোন পদ্ধতিও শুরু করেন নাই। গণ সার্বভৌমত্ব আর রাষ্ট্র সার্বভৌমত্ব আকাশ পাতাল তফাৎ।

তিনি সোমবার কুমিল্লার চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়নের বিলকিছ আলম পাঠাগারের উদ্যোগে আয়োজিত “গণঅভ্যুত্থান পরবতী সমাজ গঠন ও বই পড়া প্রয়োজনীয়তায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন।

কবি ও সাহিত্যিক ইমরান মাহফুজের সঞ্চালনায় কোমাল্লা ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান মাওলানা মোহাম্মদ নুরুল আলম খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব) অধ্যাপক এইচ আর হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্যাহ,  জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক সাহাব উদ্দিন, বাংলাদেশ ব্যাংকার্স সোসাইটির সভাপতি আগা আজাদ চৌধুরী, কবি, গবেষক ও সাংবাদিক ড. কাজল রশীদ শাহীন, বানানের সম্পাদক মোহাম্মদ রোমেল, সম্পাদক ও শিশু সাহিত্যিক মামুন সারওয়ার, লেখক ও সাংবাদিক আবিদ আজম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, ফেনী সিটি কলেজের প্রভাষক এয়াছিন পাটোয়ারী, কবি আমজাদ হোসেন, আবৃত্তি ছড়াকার জয়নাল আবেদীন জয়।

এসময় আরো উপস্থিত ছিলেন ধনুসাড়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নিজাম উদ্দিন, চৌদ্দগ্রাম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নান্টু দেবনাথ প্রমুখ।

ভোটে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, সংবিধানে এমন কিছু বলা নেই: ফারুক খান

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান বলেছেন, ভোটে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, এটা সংবিধানেও লেখা নাই, পৃথিবীর কোনো আইনেও লেখা নাই। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি, অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে না।

শনিবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। একজন প্রতিনিধি নিয়ে আওয়ামী লীগের পক্ষে সংলাপে অংশ নেন সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান।

সংলাপ শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচন কমিশন যে বক্তব্যগুলো দিয়েছে, যে ব্যবস্থাগুলো নিয়েছে, আমাদের সরকার সহায়তা করেছে, তার বাস্তব প্রতিফলন আমরা দেখছি। ১৯৭২ সালে নিয়ম ছিল যে ব্যালট পেপারের পেছনে সিল ও অফিসারের স্বাক্ষর থাকবে। তবে আটাত্তরের পর শুধু সিল রাখার ব্যবস্থা করা হয়। এবার আবার প্রতিটি ব্যালট পেপারের পেছনে সিল ও স্বাক্ষরের ব্যবস্থা রাখা হয়েছে। এতে নির্বাচন আরও সুষ্ঠু হবে।

এছাড়া আমাদের যে ব্রিফ দেওয়া হয়েছে, তাতে মনে করি সংবিধান সম্মতভাবে একটি সুষ্ঠু নির্বাচন হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ কখনো অরাজকতার নির্বাচন করেনি। আমাদের ভোটাররা ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন। এখানে যেসব রাজনৈতিক দল নাম সর্বস্ব, যাদের ভোটার নাই, তারাই এরকম অভিযোগ করতে পারে বলে আমি মনে করি। সুতরাং যেসব রাজনৈতিক দলের সক্ষমতা নেই, জনসমর্থন নাই, জনগণের যাদের উপর আস্থা নেই, তারা-তো নির্বাচনে আসবেই না।

বিএনপি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড সহিংসতাপূর্ণ। এটি একটি দলের রাজনৈতিক কর্মসূচি বলা যেতে পারে না। তারা টেরোরিস্ট অ্যাকশন করছে।

বিএনপিকে ইসির সংলাপে আমন্ত্রণে চিঠি দেওয়া গেল না, এটি কি স্বাভাবিক ঘটনা, এমন প্রশ্ন করলে ফারুক খান বলেন, আমি মনে করি এটা বিএনপির জন্য লজ্জার। তারা অফিসে থাকবে না কেন?

বিএনপির বর্তমান কর্মসূচির বিষয়ে কোনো শঙ্কা ইসির কাছে আপনারা জানিয়েছেন কি না, এমন প্রশ্ন করলে তিনি বলেন, ইসি সেটা নিজেই জানিয়েছে কী ধরনের ব্যবস্থা নিতে হবে।

নির্বাচনের পরিবেশ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ আছে। ভবিষ্যতে আরও ভালো হবে।

ইলেকশন কমিশন জানিয়েছে নির্বাচনে ভোটারদের উৎসাহিত করার জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালাবে। আমি মনে করি জনগণ তখন আরও বেশি উৎসাহিত হবে এবং আগামী নির্বাচনের জন্য আসবে বলে মন্তব্য করেন ফারুক খান।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, প্রস্তুতি সম্পন্ন: ইসি আনিছুর

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, ‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ভোটার এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে।’

দেশে নির্বাচনের পরিবেশ আছে মন্তব্য করে কমিশনার বলেন, দেশে নির্বাচনের পরিবেশ নেই- এমন কিছুই নির্বাচন কমিশনের কাছে দৃশ্যমান নয়। সংবিধান অনুযায়ী যথা সময়েই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) জিয়াউল হক মীর ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।

ইসি আনিছুর বলেন, রাজনৈতিক বিষয়ে কিছুই করার নেই। দায়িত্বের বাইরে আমরা কিছুই করতে পারব না। আমরা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করব, লেবেল প্লেয়িং ফিল্ড বলতে যা বোঝায়, তা করতে আমরা চেষ্টা করে যাচ্ছি।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে আলোচনা করতে ২০২২ সালে আমাদের নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি। এর মধ্যে অধিকাংশ দল সাড়া দিয়েছে। যে দল অংশগ্রহণ করেনি তার মহাসচিবকে প্রধান নির্বাচন কমিশনার নিজ স্বাক্ষরে চিঠি দিয়ে আবার আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু আমরা তো রাজনৈতিক সমস্যা সমাধান করতে পারব না এবং এটি আমাদের ম্যান্ডেটরি না।

স্কুলে বিনামূল্যের বইয়ে ভুল তথ্য, ঝুঁকিতে নতুন প্রজন্মের শিক্ষা

 

ডেস্ক রিপোর্টঃ

বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ শুরু করেছে সরকার। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এসব বইয়ের বেশিরভাগেই দেশের সংবিধান, ভোটাভুটির ফল আর উৎসব নিয়ে ‘খটরমটর’ সব তথ্য জুড়ে দেওয়া হয়েছে। নতুন বর্ষের বই নিয়ে বাংলাদেশ প্রতিদিনের সপ্তাহব্যাপী অনুসন্ধানে এসব বিষয় উঠে এসেছে। এসব বই প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে। ভুলে ভরা এসব বই দিয়েই শিক্ষার্থীরা নতুন বছরে পড়াশোনা শুরু করেছে। নতুন বইয়ে এমন তথ্যে বিব্রত শিক্ষক, শিক্ষাবিদসহ সচেতন মানুষ।

তথ্যমতে, নবম-দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা বইয়ের ‘গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন’ অধ্যায়ে ৭৫ পৃষ্ঠায় বলা হয়েছে- ‘একটি দল নির্বাচিত হয়ে সঠিকভাবে জনগণের জন্য কাজ না করলে পরবর্তী নির্বাচনে জনগণ সাধারণত সেই দলকে আর নির্বাচিত করে না। উন্নত গণতান্ত্রিক দেশের এটি যেমন সত্যি তেমনিভাবে অনুন্নত দেশের ক্ষেত্রেও সত্যি। তেমনি, বাংলাদেশে ২০০১ সালে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপিকে এবং ২০০৮ সালে বিএনপির পরিবর্তে আওয়ামী লীগকে এ দেশের জনগণ ক্ষমতায় বসায়’।

শিক্ষা সংশ্লিষ্ট ও রাজনীতিকরা বলছেন- পাঠ্যবইয়ে এটি লেখার মাধ্যমে সারা দেশের শিক্ষার্থীদের কাছে আওয়ামী লীগের শাসনামলকে বিতর্কিত করার চেষ্টা চালানো হয়েছে। একইভাবে সরকারকেও বিব্রত করা হয়েছে চরমভাবে। বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত ১৭টি সংশোধনী আনা হলেও সংবিধান অধ্যায়ে ৫১ পৃষ্ঠায় বলা হয়েছে ‘১৯৭২ সালে সংবিধান প্রণয়নের পর থেকে এ পর্যন্ত সংবিধান মোট ১৬ বার সংশোধন করা হয়েছে।’ অথচ ২০১৮ সালের এপ্রিলে সপ্তদশ সংশোধনী জাতীয় সংসদে পাস হয়। এরপর তিন বছর পার হতে চললেও এটি সংশোধন করেনি এনসিটিবি।

বাংলাদেশের সরকার ব্যবস্থা অধ্যায়ে ৫৬ পৃষ্ঠায় বলা হয়েছে- ‘দেশের প্রকৃত ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের হাতে ন্যস্ত। মন্ত্রিপরিষদই প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী’। অথচ সংবিধানের ৫৫ (২) অনুযায়ী- ‘প্রধানমন্ত্রী কর্তৃক বা তাহার কর্তৃত্বে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে।’ ৫৭ পৃষ্ঠায় রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে- ‘কোন ব্যক্তি পর পর দুই মেয়াদ অর্থাৎ একটানা ১০ বছরের বেশি রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না’। অথচ সংবিধানের ৫০ (২) অনুযায়ী- ‘একাদিক্রমে হউক বা না হউক- দুই মেয়াদের অধিক রাষ্ট্রপতির পদে কোন ব্যক্তি অধিষ্ঠিত থাকিবেন না।’ বইটির এ অধ্যায়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও রাষ্ট্রপতি নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। এদিকে, দেশে মোট ১১টি সংসদ নির্বাচন হলেও ৭৫ নং পৃষ্ঠায় বলা হয়েছে দেশে ১০ বার সংসদ নির্বাচন হয়েছে। ৮৩ পৃষ্ঠায় বলা হয়েছে- ‘জেলা পরিষদের চেয়ারম্যান জেলার জনগণ দ্বারা সরাসরি নির্বাচনের বিধান রাখা হয়। অথচ জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী- ‘প্রত্যেক জেলার অন্তর্ভুক্ত সিটি করপোরেশন যদি থাকে তাহলে মেয়র ও কাউন্সিলরগণ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র ও কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সমন্বয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচনের জন্য নির্বাচকমন্ডলী গঠিত হবে।’

এদিকে সরকার শিক্ষার্থীদের কোচিংয়ে নিরুৎসাহিত করলেও পাঠ্যবইয়ে কোচিংকে শিক্ষার বাড়তি ‘সুযোগ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বইটির ১১১ পৃষ্ঠায় বলা হয়েছে- ‘মীনার বড় ভাই বিভিন্ন ক্লাসে শিক্ষকদের কাছে কোচিং করলেও তাকে কখনো এ ধরনের সুযোগ দেওয়া হয়নি’। শিক্ষাবিদরা মনে করেন, পাঠ্যবইয়ে এমন পাঠ সংযোজনের মাধ্যমে শিক্ষার্থীদের কোচিংয়ে আগ্রহের অপচেষ্টা করা হয়েছে।

বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন অধ্যায়ে ১৩৭ নং পৃষ্ঠায় জাতিসংঘ সম্পর্কে বলা হয়েছে- ‘শুরুতে জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল ৫০’। অথচ প্রতিষ্ঠাকালীনই জাতিসংঘের সদস্য ছিল ৫১টি দেশ। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। কিন্তু নবম-দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ের ১৮৮ পৃষ্ঠায় বলা হয়েছে ‘সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন’। শিক্ষাবিদরা মনে করেন, জাতীয় এ নেতাকে ভুলভাবে উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের ভুল ইতিহাস শেখানো হচ্ছে। ডা. শামসুল আলম খান মিলন তৎকালীন স্বৈরাচার সরকারের সন্ত্রাসীদের গুলিতে নিহত হলেও বইয়ের ২১৯ পৃষ্ঠায় বলা হয়েছে- ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে পুলিশের গুলিতে তিনি নিহত হন’। নবম-দশম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি’ বইয়ে বাংলাদেশের উৎসবের বিবরণে ২১ ফেব্রুয়ারি ও মহররমকে উৎসব হিসেবে দেখানো হয়েছে। অথচ ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহররমের ১০ তারিখে আশুরা, যা শোক হিসেবে পালিত হয়। এ ছাড়া বইটির ১২৭ পৃষ্ঠায় বৈশাখী মেলার বিবরণ দেওয়া হলেও পয়লা বৈশাখে রমনার বটমূলে দেশের বৃহৎ আয়োজনের কথা উল্লেখ করা হয়নি। পাঠ্য বইগুলোতে অনেক বানান ভুল লক্ষ্য করা গেছে।

অষ্টম শ্রেণির সাহিত্য কণিকা বইয়ের ২৭ পৃষ্ঠায় ‘বিব্রত’ শব্দের শব্দার্থ হিসেবে লেখা হয়েছে ব্যাকুল, ব্যতিব্যস্ত। নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে ‘রহমানের মা’ অধ্যায়ে লেখকের পরিচয়ে বলা হয়েছে- রণেশ দাশগুপ্ত ঢাকার লৌহজংয়ের গাউপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। জানা গেছে, এ লেখক ভারতের আসামে জন্মগ্রহণ করেন। বইটির ‘পোস্টার’ অধ্যায়ে লেখকের পরিচয়ে বলা হয়েছে- আবুল হোসেন খুলনা জেলার ফকিরহাট থানায় জন্মগ্রহণ করেন। কার্যত, ফকিরহাট থানা বর্তমানে বাগেরহাট জেলায় অবস্থিত। ফকিরহাট একসময় খুলনার অন্তর্ভুক্ত ছিল। সেই হিসাবে লেখার ক্ষেত্রে ‘তৎকালীন’ শব্দটি ব্যবহার করা উচিত ছিল। বইটিতে তা উল্লেখ করা হয়নি। দুই শ্রেণির দুটি বইয়ে একই লেখকের পরিচিতি দেওয়ার ক্ষেত্রেও ভিন্ন তথ্য উল্লেখ করা হয়েছে। পঞ্চম শ্রেণির আমার বাংলা বইয়ে ‘অবাক জলপান’ অধ্যায়ে বলা হয়েছে ‘সুকুমার রায় ১৯২৩ সালের ১০ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।’ অথচ নবম-দশম শ্রেণির ‘ছায়াবাজি’ অধ্যায়ে বলা হয়েছে- এ লেখকের মৃত্যু হয় ১৯২৩ সালের ৯ সেপ্টেম্বর। এনসিটিবি প্রণীত একই লেখকের ভিন্ন ভিন্ন তথ্যে বিভ্রান্ত শিক্ষার্থীসহ শিক্ষকরাও। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা পাঠ্যবইয়ের এসব ভুল সম্পর্কে প্রতিবেদককে বলেন, বইগুলো ২০১৩ সালে প্রণয়ন করা হয়েছে। ভুল হয়ে থাকলে এসব বইয়ের লেখক, সম্পাদনা পরিষদ ও বিশেষজ্ঞদের নিয়ে বসব আমরা। লেখকরা কোন দৃষ্টিকোণ থেকে এসব লিখেছেন সে ব্যাপারে বাখ্যা চাওয়া হবে। যাচাই করে ভুল পাওয়া গেলে অবশ্যই সংশোধন করা হবে।