Tag Archives: সদর উপজেলা

নোয়াখালীতে খালে মিলল অজ্ঞাত বৃদ্ধের লাশ 

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় এক অজ্ঞাত বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর গ্রামের অশ্বদিয়া ব্রিজের নিচে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ উপজেলার নোয়াখালী খাল থেকে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক ওই বৃদ্ধের কোনো পরিচয় জানা যায়নি।

তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

কুমেক হাসপাতালের নতুন পরিচালক ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী।

এর আগে তিনি কুমিল্লা সরকারি মেডিক্যাল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ সার-২ অধিশাখার যুগ্ম সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ডাঃ মোঃ আজিজুর রহমান ১৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি চট্রগ্রামের সিভিল ও স্বাস্থ্য বিভাগের প্রজেক্ট ডিরেক্টর ছিলেন।

ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার গিলাতলী গ্রামের মোঃ আনোয়ারুল আজীম সিদ্দিকী ও কাজী খাদিজা বেগমের সন্তান।

তিনি বলেন, বাকী জীবন গ্রামের বাড়ি থেকে মানুষের সেবা করব। সিভিল সার্জন, লাইন ডাইরেক্টর, প্রজেক্ট ডাইরেক্টর, অধ্যক্ষ এর পর পরিচালক। নিজ গ্রামে থেকে মায়ের কবরের পাশে বাবার স্নেহ নিয়ে আত্বী-স্বজনদের ভালোবাসায় জীবন কাটাতে চান তিনি।

নোয়াখালীতে আশ্রয়ণের জরাজীর্ণ ঘরে ৪০০ পরিবারের দুর্ভোগ

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মুকিমপুর আশ্রয়ণ প্রকল্পের ২০০টি ঘর এবং আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের দুটি আশ্রয়ণ প্রকল্পের ২০০টি ঘর জরাজীর্ণ হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। শুধু আশ্রয়ণের ঘরই নয়, পুকুরের চার পাড় ও খালের অংশে ভেঙে বাসিন্দাদের বসবাসের জায়গাও অনেকটা ছোট হয়ে গেছে। ফলে এসব আশ্রয়ণের ৪০০ পরিবারের সদস্যদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ।

উপজেলার মুকিমপুর আশ্রয়ণ প্রকল্পের ২০০টি ও পূর্ব মাইজচরার ৫০টি ঘর দীর্ঘ ২২ বছর সংস্কারহীন রয়েছে। অপরদিকে গত ৯ বছর সংস্কারহীন রয়েছে পূর্ব মাইজচরার ১৫০টি ঘর।

এসব আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘরের টিনগুলো মরিচা ধরে ঝরে পড়ছে। অনেক আগেই ব্যবহার অনুপযোগী হয়ে গেছে শৌচাগারগুলো। আর্থিকভাবে স্বাবলম্বী হতে না পারা সমাজের নিম্নবিত্ত ও হতদরিদ্র মানুষ তার পরও ছাড়তে পারছে না আশ্রয়ণ প্রকল্পের ঘর। এখানে থেকে সন্তানদের নিয়ে বৃষ্টির দিনে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন তারা। মাঝেমধ্যে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা প্রকল্প পরিদর্শনে এসে আশ্বাস দিলেও উদ্বোধনের পর আর কোনো সংস্কারকাজ এখানে হয়নি বলে দাবি বাসিন্দাদের। এতে প্রকল্প এলাকায় বসবাসকারী সহস্রাধিক মানুষ মানবেতর জীবনযাপন করছে। বর্ষার পানি ঘরে পড়ে তাদের জীবন দুর্বিষহ করে তোলে। ঘর ও শৌচাগার সমস্যার বাহিরে রয়েছে পুকুর ও খাল পাড় ভেঙে বসবাসের জায়গা ছোট হওয়ার বেদনাও। উদ্বোধনের সময় বসবাসের যতটুকু জায়গা ছিল, পাড় ভেঙে এখন তার অর্ধেকে চলে এসেছে।

এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভূমিহীন, গৃহহীন এবং হতদরিদ্র মানুষের জন্য ১৯৯৯-২০০০ সালে নোয়াখালী সদরের অশ্বদিয়া ইউনিয়নের মুকিমপুরে আশ্রয়ণ প্রকল্পে ২০০টি পরিবার মাথাগোঁজার ঠিকানা পায়। একই বছর সদরের আন্ডারচরের পূর্ব মাইজচরা গ্রামে মাথাগোঁজার ঠাঁই হয় ৫০ পরিবারের। পরবর্তীতে ২০১৩ সালে আন্ডারচরের পূর্ব মাইজচরা গ্রামে আরো ১৫০টি পরিবারের জন্য আশ্রয়ণের ঘরের ব্যবস্থা করে সরকার। তৎকালীন সময়ের অন-উন্নত এসব এলাকায় নানা সূচকে এখন উন্নয়ন হচ্ছে। পাল্টে যাচ্ছে মানুষের জীবনের গতি ও আয় রোজগার। কিন্তু সুদিন ফিরছে না আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী হতদরিদ্র এসব মানুষের। তারা এখনো আশ্রয়ণের ঝরাজীর্ণ ঘরে জোড়াতালি ও প্লাষ্টিক টাঙ্গিয়ে কোনোরকম পরিবার নিয়ে দিনাতিপাত করছেন। ঘরের বাহিরে গিয়ে যে কিছু একটা করবে, সেই উপায়ও নাই। কারণ দীর্ঘ সময় বৃষ্টির স্রোতে পুকুর ও খালের গর্ভে চলে গেছে বসতের জায়গা।

মুকিমপুর আশ্রয়ণের সভাপতি মো. ইদ্রিস মিয়া বলেন, আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রতিটি ঘরে একটি করে পরিবারকে সংস্থাপন করা হয়। তৎকালীন সময়ে পৃথক শৌচাগার ও সুপেয় পানি জন্য টিউবওয়েল বসানো ছিল। কিন্তু কয়েক বছরের মাথায় ঘরের টিনগুলো মরিচা ধরে ঝরে ঝরে পড়তে থাকে। শৌচাগারগুলো ব্যবহার অনুপযোগী হওয়ায় বন্ধ করে দেয়া হয়। পানি না ওঠায় চাপকলগুলোও পরিত্যক্ত হয়ে যায়। পুকরের চার পাড় ভেঙে বসতের জায়গা ছোট হয়ে গেছে। কোথাও কোথাও চলাচলের রাস্তাও পুকুরে ভেঙে পড়ে গেছে। জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন দপ্তরে আবাসন প্রকল্প এলাকায় সংস্কারের দাবি জানিয়েও কোনো ব্যবস্থা হয়নি। এ অবস্থায় নিজেদের সামর্থ্য অনুযায়ী ঘরগুলো জোড়াতালির সংস্কার করে কোনো রকম দিনাতিপাত করছে বাসিন্দারা। বর্ষার মৌসুমে নিজেদের উদ্যোগে পুকুর ঘাট ও রাস্তায় মাটি ফেলে কোনরকম চলাচলের উপযোগী করা হয়।

পূর্ব মাইজচরা আশ্রয়ণের বাসিন্দা শাহ আলম, নুর জাহান, বিবি কুলসুম বলেন, আমাদের আশ্রয়ণের ঘরগুলোর টিনসব মুইচ্চা (মরিচা) ধরি ঝরি হরছে। আমরা প্লাষ্টিক ও তেরপাল (তাবু) টাঙ্গিয়ে কোনরকম থাকছি। হইরের হাড় (পুকুর পাড়) ও খালের পাশে ভেঙে আমাদের বসবাসের জায়গা ও চলাচলের রাস্তা ছোড (ছোট) অই গেছে। মেলা বার (অনেক বার) অফিসাররা আইছে, হেতারা কইছে ঠিক করি দিবো। কিন্তু অনও ঠিক করে নো। আমরা অসহায় মানুষ, কোনাই যামু, কার কাছে যামু। আঙ্গো এগুলা কি দেখার কেউ নাই।

অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু বলেন, আশ্রয়ণের ঘরগুলো সংস্কার ও পুকুর পাড় ভরাটের জন্য একাধিক বার উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। এই বিষয়টি উপজেলা সমন্বয় সভায়ও উপস্থাপন করেছি। কিন্তু কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। একই কথা বললেন, আন্ডারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিনও। তিনি বলেন, ভুলুয়া খালের পাশের আশ্রয়ণটির বেশিরভাগ জায়গা পানির স্রোতে ভেঙে গেছে। গাইড ওয়াল নির্মাণ করে মাটি ভরাটের জন্য আমরা উপজেলা প্রশাসনের কাছে প্রস্তাব রেখেছি। তা করা না হলে ওই আশ্রয়ণ প্রকল্পটির ঘরগুলো বিলীন হয়ে যাবে।

আশ্রয়ণ প্রকল্পের জরাজীর্ণ অবস্থার কথা স্বীকার করে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ বলেন, আমরা আশ্রয়ণ প্রকল্পগুলো পরিদর্শন করেছি। ঘরগুলো সংস্কারের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে ঘরগুলো সংস্কারে উদ্যোগ নেওয়া হবে। এছাড়া, জেলা প্রশাসক মহোদয় পুকুর ও খাল পাড় মাটি ভরাটের মাধ্যমে সংস্কারের জন্য২০২১ সালের ১৬ জানুয়ারি পূর্ব মাইজচরার দুটি আশ্রয়ণের দুটি প্রকল্প এবং ২৪ মার্চ মুকিমপুর আশ্রয়ণের একটি প্রকল্প অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছেন। প্রকল্পগুলো অনুমোদন হলে মাটি ভরাটের সংস্কার কাজ শুরু করা হবে।

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী আটককৃত কিশোর গ্যাং সদস্যদের নাম ঠিকানা জানাতে পারেনি।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ জন কিশোরগ্যাংয়ের সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত কিশোরগ্যাংয়ের সদস্যদের ব্যাপারে যাচাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং যারা অপরাধের সাথে সম্পৃক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল যুবকের

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা আরোহী যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুই সিএনজি আরোহী যাত্রী আহত হয়েছে।

রোববার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চেয়াম্যানঘাট টু সোনাপুর সড়কের উত্তর ওয়াপদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত মো. ফারুক (৩১) সুবর্ণচর উপজেলার চর মহিউদ্দিন গ্রামের ইমরান কেরনির ছেলে।

স্থানীয় বাসিন্দা দেলেয়ার জানান, গতকাল শনিবার রাতে সোনাপুর থেকে সুবর্ণচরের উদ্দেশ্যে একটি মালবাহী ট্রাক রওয়ানা করে। যাত্রা পথে ট্রাকটি চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের উত্তর ওয়াপদা এলাকায় পৌঁছলে পিছনের একটি চাকা ক্রুটি দেখা দেয়। এতে সড়কের পাশে ট্রক রেখে চাকা মেরামত করছিলেন চালক ও তার হেলপার। রাত পৌনে ১১টার দিকে সোনাপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজিটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে সিএনজি আরোহী ফারুক নিহত ও আরও দুই যাত্রী আহত হন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

কুমিল্লার গোমতী নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার গোমতী নদী থেকে ইয়ামিন হোসেন রবি (২৮) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ জুন) দুপুরে কুমিল্লা সদর উপজেলার টিক্কারচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইয়ামিন হোসেন রবি কুমিল্লা নগরীর টিক্কারচর এলাকার মৃত কালু মিয়ার ছেলে।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দুপুরে গোমতী নদীর টিক্কারচর অংশে একটি মরদেহ ভাসতে দেখতে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কুমিল্লায় চালের বস্তা থেকে ৫০ কেজি গাঁজাসহ আটক ৩

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লায় চালের বস্তা থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় পিকআপসহ ৩ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ বাজার এলাকার হাইওয়ে পুলিশের চেক পোস্টে তল্লাসী চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চরনল গ্রামের মৃত জয়নাল মিস্ত্রির ছেলে মাদক ব্যবসায়ী নূরুজ্জামান (৩০), বাগেরহাট জেলার সদর উপজেলার পশ্চিমবাগ গ্রামের আব্দুর রশিদের ছেলে পিকআপ চালক সাইদুল ইসলাম (২৮) ও মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার যশপুর গ্রামের রুহুল আমিন এর ছেলে পিকআপ হেলপার নূর ইসলাম (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়- চলমান করোনাকালিন দেশব্যাপী কঠোর লকডাউনে মহাসড়কে গণপরিবহন বন্ধ নিশ্চিত করতে ইলিয়টগঞ্জ এলাকায় চেকপোস্ট করছিল ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ। দুপুর অনুমান আড়াইটার দিকে ঢাকাগামী একটি পিকআপে তল্লাসী চালায় হাইওয়ে পুলিশ। এসময় ৫টি চালের বস্তায় ১০ কেজি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে।

পিকআপ চালক সাইদুল ইসলাম জানায়, নিমসার বাজার থেকে চালের ওই বস্তাগুলো গাড়িতে উঠায় নূরুজ্জামান।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (এস.আই) মিঠুন বিশ্বাস জানান- ‘কঠোর লকডাউন’ বাস্তবায়নে মহাসড়কে আমাদের নিয়মিত চেকপোস্টে অভিযান চলছিল। এসময় ওই পিকআপে চালের বস্তা দেখে সন্দেহ হওয়ায় তল্লাসী করে চালের ওই বস্তাগুলো থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় আমার সাথে ছিলেন ফাঁড়ির (টিএসআই) বজলু হকসহ অন্যান্য সদস্যরা। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

চাঁদপুরে কানে এয়ার ফোন লাগিয়ে বেপরোয়া গতিতে অটোচালকের ড্রাইভ, সড়কেই ঝড়ল শিশুর প্রাণ

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরে অটোচালকের বেপরোয়া গতির কারণে সড়ক দুর্ঘটনায় মোতালেব (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ বালিয়া গ্রামে চান্দ্রা চৌরাস্তায় বেপারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মোতালেব স্থানীয় বাসিন্দা কালু বেপারীর ছেলে। জানা গেছে, শিশুটি সংযোগ সড়ক থেকে রাস্তার উপরে আসে। এ সময় কানে এয়ার ফোন লাগিয়ে বেপরোয়া গতিতে আসা অটো গাড়িটির ড্রাইভার তার ওপর উঠিয়ে দেয়।

সঙ্গে সঙ্গে স্থানীয়রা অটোর নিচ থেকে তাকে উদ্ধার করে এবং চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরও জানা যায়, ঘাতক অটোচালক একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড মদনা গ্রামের বারেক মোল্লার ছেলে মো. মাইনুদ্দিন মোল্লা। সে মদিনা মার্কেট থেকে চান্দ্রা চৌরস্তা আসার পথে উদ্দিপন ব্যাংক সংলগ্ন বেপারী বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটায়।

শিশু মোতালেবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ সময় তার বাবা-মা কান্নায় ভেঙে পড়েন এবং বারবার জ্ঞান হারায়। কান্নাজড়িত কণ্ঠে তার ছেলের হত্যাকারী অটোচালকের বিচার দাবি করেন।

চান্দ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান জাহান আলী কালু বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হবে না বলে আমি জেনেছি। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য একটি লিখিত সুপারিশ নিয়ে নিহত শিশুর বাবা-মা থানায় গেছেন।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিনিধি থেকে ওষুধ কোম্পানির মালিক, কোম্পানী সিলগালা

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় “লরেল ভিস্তা” নামে অনুমোদনহীন ওষুধ কোম্পানীকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়ুয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামের ওই কোম্পানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় ওই কোম্পানীর মালিক কামরুল হাসান চকদারকে দুই লাখ টাকা জরিমানা এবং ওষুধ বানানোর বেশ কিছু সরঞ্জামাদি জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেলার নাসিরনগর উপজেলার কামরুল হাসান চকদার নামে এক ব্যক্তি কালিসীমা গ্রামের একটি বাড়ি ভাড়া নিয়ে “লরেল ভিস্তা” নামে গবাদী পশুর একটি ওষুধ কোম্পানি গড়ে তুলেন। তৈরি হতো অনুমোদনহীন ৪৯ ধরণের ওষুধ। নেই কোন কেমিস্ট। ওষুধ কোম্পানির এক সময়কার বিক্রয় প্রতিনিধিই বানাতেন এসব ওষুধ।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়ুয়া ওই কোম্পানিতে অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়ুয়া জানান, ওই বাড়িতে গবাদি পশুর ওষুধ বানাতেন কামরুল হাসান চকদার। বাজার থেকে পাওয়া চাহিদা অনুযায়ী ৪৯ ধরণের ওষুধ বানানো হতো এতে। ‘লরেল ভিস্তা’ নামে কোম্পানির নাম দিয়ে ওষুধ বাজারজাত করা হতো। এর কোনো অনুমোদন নেই। অভিযানের সময় ওই কোম্পানিতে কোনো কেমিস্ট পাওয়া যায়নি, মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই, ওষুধের মোড়কের গায়ে মিথ্যা তথ্য দেয়া হয়েছে, মেয়াদোত্তীর্ণ ওষুধের প্যাকেট পরিবর্তন করে নতুন প্যাকেটে ওষুধ ভর্তি করে বিক্রি করা হতো। কামরুল হাসান চকদার আগে ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

পূর্ব শত্রুতার জেরে এতিমখানা পুড়িয়ে ছাই করে দিল দুর্বৃত্তরা

ডেস্ক রিপোর্টঃ

লক্ষ্মীপুরের সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি এতিমখানার খাবারঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পূর্ব শত্রুতার জের ধরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে বলে মাদরাসা কর্তৃপক্ষ দাবি করছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার মান্দারীর যাদৈয়া গ্রামের মাওলানা আহম্মদ উল্লাহ মাদরাসা কমপ্লেক্স ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানায়, ভোরে প্রতিদিনের মতো মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীরা ফজরের নামাজের জন্য ঘুম থেকে ওঠেন। এ সময় খাবার ঘরে আগুন জ্বলতে দেখা যায়। এর আগে মাদরাসার বাইরে অজ্ঞাত মানুষের কথাবার্তাও শোনা যায়।

পরে শিক্ষার্থীদের সহযোগিতায় শিক্ষকরা আগুন নেভাতে চেষ্টা করেন। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম মাদরাসায় এসে ফায়ার সার্ভিসে খবর দিলে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে এর আগেই চাল-তরকারি, ফ্রিজ ও আসবাবপত্রসহ খাবার ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। মাদরাসার নিরাপত্তা দেয়ালের ওপর থেকে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয় বলে দাবি করেছে মাদরাসা কর্তৃপক্ষ।

জানা গেছে, প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী সাইফ উদ্দিন, আবদুল মালেকদের সঙ্গে রাস্তা নির্মাণ নিয়ে মাদরাসা কর্তৃপক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সাইফ উদ্দিনরা মাদরাসার জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করার চেষ্টা করেন। এতে বাধা দিলে মাদরাসা পরিচালক মনিরের ওপর একাধিকবার হামলা চালানো হয়।

এছাড়া মাদরাসার দুটি গাছ রাস্তা নির্মাণের জন্য সাইফ উদ্দিনরা জোরপূর্বক কেটে ফেলেন। এসব ঘটনায় মাদরাসার পরিচালক মনির বাদী হয়ে আদালতে দুটি মামলা করেন। ইতোমধ্যে আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন (পিবিআই) একটি মামলার তদন্ত প্রতিবেদন দিয়েছে।

মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক শাহ মোহাম্মদ মনির হোসেন বলেন, কে বা কারা আগুন দিয়েছে আমরা দেখিনি। তবে রাস্তা নির্মাণ নিয়ে সাইফ উদ্দিন ও আবদুল মালেকদের সঙ্গে বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে শত্রুতার জের ধরে তারাই আগুন লাগিয়েছে।

অভিযোগ অস্বীকার করে সাইফ উদ্দিন বলেন, আমি ঢাকায় আছি। মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনাটি আমার জানা নেই। আমরা মাদরাসা কর্তৃপক্ষের কাছ থেকে টাকা পাই। ওই টাকা চাওয়ায় আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে মিথ্যা অভিযোগ আনছে মাদরাসা কর্তৃপক্ষ।