আমি স্রষ্টায় বিশ্বাস করি, অবশ্যই স্রষ্টা আমাদের সঙ্গে আছেন: পুতিন
আমি স্রষ্টায় বিশ্বাস করি, অবশ্যই স্রষ্টা আমাদের সঙ্গে আছেন: পুতিন
ডেস্ক রিপোর্ট:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, স্রষ্টা রাশিয়ার পাশে আছেন এবং ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতে মস্কো বিজয়ী হবে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সেন্ট পিটার্সবার্গে সুপ্রিম ইউরেশিয়ান ইকোনমিক কাউন্সিল (এসইইসি) এর বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
২০২৫ সালে রাশিয়ার বিজয়ের মাধ্যমে ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তি হবে কিনা, এমন প্রশ্নের উত্তরে পুতিন বলেন, “আমি স্রষ্টায় বিশ্বাস করি। অবশ্যই স্রষ্টা আমাদের সঙ্গে আছেন।”
ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ বিলম্বিত হওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধের প্রস্তাব দেবে বলে যে খবর বেরিয়েছে, তা নাকচ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
পুতিন জানান, ২০২১ সালে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম ইউক্রেনের ন্যাটো সদস্যপদ বিলম্বিত করার প্রস্তাব দিয়েছিলেন। সে সময় রাশিয়া যুক্তরাষ্ট্রকে বলেছিল, এটি মস্কোর কাছে গ্রহণযোগ্য হবে না।
তিনি আরও বলেন, ২০২৫ সালের জন্য রাশিয়ার “প্রথম লক্ষ্য” হচ্ছে যুদ্ধক্ষেত্রে বিজয় অর্জন করা। পুতিন বলেন, “আমরা সংঘাতের সমাপ্তি ঘটানোরও চেষ্টা করছি।”
তিনি উল্লেখ করেন, “আমরা বিশ্বাস করি যে আমরা সামনের সারিতে সফল হব এবং আমাদের অর্থনৈতিক লক্ষ্যগুলো অর্জন করব। পাশাপাশি সামাজিক এবং সামরিক নিরাপত্তা সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করব, যা বৃহত্তর নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাব।”
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির জন্য আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তিনি তার প্রস্তাবের বিস্তারিত সম্পর্কে আলোচনা করতে অস্বীকার করেছেন। মিডিয়া সূত্রে বলা হয়েছে, এটি কেবল সংঘাতকে স্থগিত করার জন্য হতে পারে। মস্কো এবং কিয়েভ উভয়ই নিঃশর্ত যুদ্ধবিরতির ধারণা প্রত্যাখ্যান করেছে।