,

দাউদকান্দিতে কাভার্ড ভ্যান থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

আজকের কুমিল্লা ডট কম :
October 27, 2026
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মিনি কাভার্ড ভ্যান থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ ঘটনায় মো. দুলাল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটে দাউদকান্দি মডেল থানাধীন মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এসআই (নিরস্ত্র) অধীর চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ টোল প্লাজায় চেকপোস্ট পরিচালনার সময় একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালান। এ সময় গাড়িটির ভেতরে থাকা দুটি চটের বস্তায় ১২টি পোটলায় মোট ৪৮ কেজি গাঁজা পাওয়া যায়। প্রতিটি পোটলায় চার কেজি করে গাঁজা ছিল।

এ ঘটনায় গ্রেপ্তার মো. দুলাল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৃষ্ণপুর (মিস্ত্রি বাড়ি) এলাকার মইনুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।