অনেকেই আমাদের সমালোচনা করেন, অথর্ব বলেন: অর্থ উপদেষ্টা
অর্থ মন্ত্রণালয় ছাড়াও নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন বলে জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, ‘অনেকেই আমাদের সমালোচনা করেন; অথর্ব বলেন। সমালোচনা করবেন, ঠিক আছে। তবে বাইরে এসব ভালো ইম্প্রেশন দেয় না। ইমেজ (ভাবমূর্তি) ক্ষুণ্ন হয়।’
আসন্ন বাজেট নিয়ে সালেহউদ্দিন আহমেদ জানান, ‘অনেক ধরনের করছাড়ের কথা বলা হয়েছে। বাজেটের পরদিন এসব নিয়ে অনেক উত্তর দিতে হবে। তবে সাধারণ মানুষ বা সামাজিক পছন্দ ঠিক করাটা সহজ কাজ না। আর আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) যা চেয়েছিল, তা এবার চাপিয়ে দিতে পারে নাই। আমরা একটা সমাধানে এসেছি।’
রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড-২০২৫ এর জাতীয় পর্যায়ের মূল পর্বে শুক্রবার সকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।