কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড
ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৩১ মে) দিবাগত রাতে উপজেলার দারোরা ইউনিয়নের দারোরা বাজার এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা জাব্বার আলী সরকার বাড়ির গোলাম মোস্তফার ছেলে মাসুদ সরকার (৩৫) ও দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের বড় বাড়ির বিল্লাল হোসেনের ছেলে ইব্রাহিম (২৫)।
পুলিশ জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই মহিন উদ্দিন সঙ্গীয় ফোর্স দারোরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এলাকাবাসীর সহায়তায় ‘মাদকসম্রাট’ হিসেবে পরিচিত মাসুদ ও তার সঙ্গীকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে ৩০ দিন করে কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। সে এলাকায় কুখ্যাত মাদক সম্রাট হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদক, ডাকাতির চেষ্টা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
ভ্রাম্যমান আদালতে কারাদণ্ডের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারওয়ার রাব্বি জানান, তারা দুজনেই মাদক সেবন করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে। তাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (২০১৮) অনুযায়ী দুইজনকে ৩০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এলাকাবাসীর সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাসুদ এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদক, ডাকাতির চেষ্টা, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। সোমবার দুপুরে তাদেরকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। এলাকাবাসী যেভাবে আমাদেরকে তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন, ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা করবেন বলে আশা করছি। এলাকাবাসীর সহযোগিতায় মুরাদনগর থানাকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।