শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনায় অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৬, ২০২৬
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চান্দিনা উপজেলায় পুলিশের নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে গত ২৪ ঘণ্টায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাঁদের মধ্যে দুজন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং একজন মাদকসেবনের অভিযোগে দণ্ডিত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানে পৌরসভার বেলাশ্বর এলাকার জামাল উদ্দিনকে একটি সিআর মামলার পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।

এ ছাড়া উপজেলার গল্লাই গ্রামের নাঈম (১৮) নামের আরেক ব্যক্তিকে একটি জিআর মামলার পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

অন্যদিকে পৌরসভার ছায়কোট এলাকার শরীফ হোসেন (৩৬) নামের এক ব্যক্তিকে মাদকসেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।