,

দাউদকান্দিতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০

আজকের কুমিল্লা ডট কম :
September 2, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ২ সেপ্টেম্বরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৪৫ জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ৩০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৭ জন।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এ পর্যন্ত দাউদকান্দিতে ৬৭৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫২৮ জন। জুলাই মাসে ১৮২ জন, আগস্টে ৩৯৭ জন এবং সেপ্টেম্বরে ৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৮০ জন। তাঁদের মধ্যে ১৬৫ জন চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ১৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। জুলাই মাসে ৩৮ জন, আগস্টে ৭৫ জন এবং সেপ্টেম্বরে ৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গু পরীক্ষার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৩২৩টি ডায়াগনস্টিক কিট মজুত রয়েছে।

ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখার পাশাপাশি জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে সচেতনতা বাড়িয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব।