দাউদকান্দিতে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার গ্রেপ্তার
জাকির হোসেন হাজারী:
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী রোজিনা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ সাজেদুল ইসলাম ।
পুলিশ জানায়, বুধবার রাতে দাউদকান্দি মডেল থানার একটি দল উপজেলার গৌরীপুর বাজারের রোজিনা আক্তারের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশের ভাষ্য, সরকারবিরোধী আন্দোলন ও নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ তদন্তাধীন।
রোজিনা আক্তার ২০২০ সালের উপজেলা পরিষদ নির্বাচনে দাউদকান্দি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) আসনের সাবেক সংসদ সদস্য সুবিদ আলী ভুইয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।