শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ধর্মীয় সম্প্রীতি ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না: ধর্ম উপদেষ্টা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৬, ২০২৪
news-image

ধর্মীয় সম্প্রীতি ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না: ধর্ম উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

ধর্মীয় সম্প্রীতি ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর লেকশোর হোটেলে দ্য হাঙ্গার প্রোজেক্টের আয়োজনে ‘ধর্মীয় সম্প্রীতি: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, “ধর্মীয় সম্প্রীতি ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। যারা উপাসনালয়ে হামলা চালায়, তারা অপরাধী। তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই।”

তিনি আরও বলেন, “দেশে সবার অধিকার সমান। এই অধিকার যেন কেউ খর্ব করতে না পারে, সে ব্যাপারে সরকার আন্তরিক। তবে বর্তমানে কিছু ব্যক্তি অস্থিরতার ইঙ্গিত দিচ্ছেন। তাদের আশ্বস্ত করতে চাই যে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। দেশের যারা ক্ষমতায় থাকে, তারা দেশের সম্পদ লুট করে, যা আমাদের জন্য দুর্ভাগ্যের। যারা সম্পদ পাচার করে তারা কখনোই দেশপ্রেমিক হতে পারে না।”

দেশে ধর্মীয় সম্প্রীতির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “বর্তমান সরকারের সময়েই দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সরকার অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে ব্যবস্থা বজায় রেখেছে। আগামী ৮ নভেম্বর কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে। যাতে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার সব বিষয়ে সতর্ক।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস, টালিথাকুমি চার্চের বিশপ ফিলিপ পি অধিকারী এবং বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়।