ফেনীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর
ফেনীতে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সোনাগাজী উপজেলার বক্তারমুন্সির সমপুর গ্রামের আবু তৈয়বের ছেলে ইকবাল হোসেন জিসান (২৩) ও ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কামরুল ইসলাম রসুলের একমাত্র ছেলে জিহানুল ইসলাম শাওন (২২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জিসান ও শাওন বন্ধুদের সঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী এলাকায় ঘুরতে গিয়েছিল। সেখানে রাত্রিযাপন শেষে সকালে মোটরসাইকেলে করে ফেনীর উদ্দেশ্যে রওনা হন। মহাসড়কের ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকার চৌধুরীপাড়া রাস্তার মুখে পৌঁছালে রেজিস্ট্রেশনবিহীন বেপরোয়া গতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
পুলিশ তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় শাওনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
নিহত শাওনের স্বজন এমরান পাটোয়ারী জানান, শাওন তার বাবা-মায়ের একমাত্র ছেলে। তার মৃত্যুতে সবাই শোকাহত।
ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।