বরুড়ায় সাবেক সুপার স্টার হোটেলকে জরিমানা
বরুড়া প্রতিনিধি:
কুমিল্লার বরুড়া বাজারের সাবেক সুপার স্টার হোটেলের অস্বাস্থ্যকর পরিবেশ ও নিরাপদ পানির ব্যবস্থা না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, আজ (৯ জুন) বিকেল ৩টার দিকে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত হোটেলটিতে অভিযান চালায়। অভিযানে খাদ্য বিক্রির পরিবেশ অস্বাস্থ্যকর পাওয়া যায় এবং ফিল্টারকৃত জার পানির ব্যবস্থা না থাকায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ হোটেলটিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উল্লেখ্য, গতকাল (৮ জুন) সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে সাবেক সুপার স্টার হোটেলের সামনে হালিম বিক্রির স্থানের পাশেই ময়লার স্তুপ পড়ে থাকার বিষয়টি তুলে ধরা হয়। প্রতিবেদনে আবর্জনার পাশে খাদ্যপণ্য বিক্রি, মাছির উপদ্রব এবং জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি উল্লেখ করা হয়েছিল।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, সংবাদ প্রকাশের পর প্রশাসনের দ্রুত পদক্ষেপ বাজারে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা খাদ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, জনস্বাস্থ্যের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।