,

বাবাকে মারধর করায় চাঁদপুরে ছেলের কারাদন্ড

আজকের কুমিল্লা ডট কম :
February 25, 2024
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে নিজ বাবাকে মারধর করায় ছেলেকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়নের সোবহানপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত। দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন (৪০) ওই গ্রামের বশিরুল্লাহ পাটওয়ারীর ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত বলেন, ‌‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। জিজ্ঞাসাবাদে বশিরুল্লাহ পাটওয়ারীর ছেলে অপরাধী ফারুক সচেতনভাবে দোষ স্বীকার করেন। এর ফলে আদালত তার অপরাধ আমলে নিয়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।’

স্থানীয় বাসিন্দারা জানান, ফারুক সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন। মাদকের সঙ্গে জড়িয়ে বিপদগামী হয়ে উঠে। এর কারণে তার স্ত্রী একাধিকবার বাবার বাড়ি চলে যায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীন আলমসহ পুলিশ সদস্যরা।