ভ্রমন একটি আনন্দময় ইবাদত,জ্ঞান- প্রজ্ঞা ও অভিজ্ঞতার উৎস
বান্দরবান জেলার পাহাড়ি নদী সাঙ্গু। যে নদী দেশের ভেতরে উৎপত্তি হয়ে দেশেই শেষ হয়েছে, খরস্রোতা। স্বচ্ছ পানি। দুপাশে আকাশছোঁয়া সবুজ পাহাড়। পাহাড়গুলো পাথরের। পাথরের ওপর ভাসছে নদীটি, যেন প্রকৃতি তার সব সৌন্দর্য নিজ হাতে ঢেলে দিয়েছেন। পৃথিবীতে এত সুন্দর জায়গা খুব কমই আছে। সেই সৌন্দর্যকে কাছ থেকে দেখতে ২৫ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) রাত ১টায় গৌরীপুর থেকে বান্দরবানের উদ্দেশে যাত্রা। গৌরীপুর ব্ল্যাড ডোনার্স সংগঠনের আয়োজনে সংগঠনের উপদেষ্টা ডাঃ মোজাম্মেল, এখলাস মুন্সি ও সভাপতি মাসুদ রানার নেতৃত্বে আমরা ২৬ সদস্যের দল শুক্রবার( ২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় বান্দরবান শহরে পৌঁছি। ফ্রেস হওয়ার জন্য একটি হোটেলে উঠি। তারপর নাস্তা খেয়ে আগে থেকেই ঠিক করে রাখা দু’টি চান্দের গাড়িতে আমরা ১৩ জন করে ভাগ হয়ে রওনা করি বগালেকের উদ্দেশ্যে। যাওয়ার পথে উঁচু পাহাড়, পাহাড়ের বাঁকে বাঁকে জুমচাষ, পেঁপে, কলা, কাজুবাদাম, ফলের বাগান দেখা যায়।
আামাদের গাড়ীতে থাকা সালাউদ্দিন(পরিবহন ব্যবসায়ী) আর গৌরীপুর মেডিনোভা হসপিটালের পরিচালক ইব্রাহিম রাসেলের আওয়াজ ” ও-ভাই—–রে ——ভাই” আর মনোমুগ্ধকর দৃশ্য ভ্রমনের বাড়তি বিনোদন দেয়। পাহাড়ি সড়কের সরু বাঁকে উঁচুতে উঠানামা আনন্দকে ভয় ও নিস্তব্ধতা গ্রাস করে মাঝে মাঝে। রুমা উপজেলা সদর পার হওয়ার পর সেনাবাহিনীর পর্যটক সহায়তা কেন্দ্রে সবার এনআইডিসমেত নাম লিপিবদ্ধ করতে হয়। তারপর রুমা বাজার থেকে দুই গাড়ীতে দু’জন গাইড নিয়ে আবার গাড়ী চলছে বগালেকের উদ্দেশ্যে। চান্দের গাড়ী থেকে দেখা বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন সুন্দর গ্রাম মুনলাই , পাহাড়িদের বৈচিত্র্যময় জীবন যাপন, আকাশে মেঘের আনাগোনা মাঝে মাঝে মন ছুঁয়ে যায়।
দুপুর সোয়া ১টায় বগালেক জিরো পয়েন্টে পৌঁছি আমরা। সবাই ক্লান্ত। আগে থেকে বুকিং করা হোটেল পছন্দ না হওয়ায় খুঁজতে থাকি। ছুটির দিন হওয়ায় রুম খালি কম। এরমধ্যে সেনাবাহিনী পরিচালিত বগাকাইন রিসোর্টে দু’টি রুম পাই। সেখানে সবার জায়গা না হওয়ায় আগে থেকে বুকিং করা রিসোর্টও নিতে হয়। অনেক ক্লান্তি, পাহারের এতো উচুতে লেকে পানি, এনিয়ে যদিও আমাদের অনেকেই ভাবতে শুরু করেন। অন্যদিকে গোসল করতে কেউ কেউ সেই লেকে নেমে পড়েন। দুপুরের খাবার সবাই একসাথে খাই, আগে থেকে অর্ডার করা জন প্রতি ৩৫০ টাকা করে। রাতের বারবিকিউ করতে আমরা রুমা বাজার থেকে আসার পথে বাজার করে নিয়েছিলাম। খাওয়ার পর ক্লান্তিতে সবাই বিশ্রামে। বিকেল লেকের পাড়ে পাহাড়িদের টাটকা কচি শষা, পাকা কলা, পেপে নামমাত্র দামে পেয়ে মুহুর্তের মধ্যে সব শেষ। এছাড়া এখানে সব কিছুই সিন্ডিকেট ভিত্তিক। আমাদের উদ্দেশ্য ছিল কেওক্রাডং, বন্ধ থাকায় বগালেকই সীমাবদ্ধ।
রাতের বারবিকিউ পার্টি শেষে সবাই যার যার রুমে চলে যাই।

পরদিন ২৭ সেপ্টেম্বর শনিবার বিশ্ব পর্যটন দিবস। ভোরে আমরা বগালেক থেকে রোয়াংছড়ি উপজেলার দেবতাখুমের উদ্দেশ্যে রওনা করি। সেনাবাহিনীর পর্যটক সহায়তা কেন্দ্রে তেহারি দিয়ে সকালের নাস্তা করি। সকাল ১০টায় বান্দরবান সদরে পৌঁছে রাতের বাস টিকেট বুকিং করি। যেহেতু আমরা ২৬ জন ছিলাম। তাই টিকেট পেতে অনেক কাউন্টার ঘুরতে হয়েছে। এরমধ্যে আমাদের একজন সদস্য জিয়ারকান্দির ইউপি সদস্য বিল্লাল মোল্লা অসুস্থবোধ করায় দিনের বাসে টিকেট নিয়েছেন। এক বাসে ২৫ জনের টিকিট পেতে অনেক হিমসিমে পড়েছিলাম। কারণ পাহাড়ী ঝামেলা থাকায় আইডলে থাকা বাস সব চট্টগ্রামে চলে যায়। পরে এক কাউন্টার চট্টগ্রামে ফোন করে বাস বুকিং দেয়। যাক আমরা ২৫ জন দেবতাখুমের উদ্দেশ্য দুপুর দেড়টায় কচ্চপবাজার পৌঁছি। সেখানে বিজিবি চেকপোস্টে এনআইডিসহ নাম তালিকাভুক্তিকরন, দেবতাখুম যাওয়ার গাইড বুকিং করে হেটে রওনা করি। কচ্চপ বাজারের পরে সাঙ্গু নদীর উপর সেতু পার হয়ে উঠতে হয় পাহাড়ে। সাথে থাকা ইউসুফপুর গ্রামের দিদার ভাই হাটার কথা শুনে না যাওয়ার মত প্রকাশ করেছিলেন। পাহাড়ে উঠতে গিয়ে তাকে নিয়ে চিন্তায় পরে যাই, না জানি কখন অসুস্থ হয়ে যায়। পাহাড়ে উঠার পর দেখি পাহাড় থেকে নামতে হবে, আবার উঠতে হবে, তাই দিদার ভাইকে নিয়ে চিন্তা আরও বেড়ে যায়। যদিও সড়কে গাড়ী চলে, ওখানকার চালক এবং গাইড যোগসাজশ করে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় কৌশল অবলম্বন করে থাকে। সেই কৌশলের ফাঁদে পড়ে আমাদের হেটে রওনা করতে হয়েছে।
যাক পরে দেখি একটি ডিজেল চালিত সিএনজি খালি আসছে। সেটিকে থামিয়ে অনুরোধ করে মুক্তি মেডিকেলের পরিচালক ডাঃ মোজাম্মেল ভাই, সালাউদ্দিন, সাংবাদিক আলমগীর ও আনিস ভাইসহ ছয়জন সিএনজিতে উঠি। পাঁচ মিনিট চলার পর গন্তব্য শেষ। অর্থাৎ এরপর আর গাড়ী চলার সড়ক নেই। শুরু হলো পায়ে হাটা, আবার পাহাড়, নদী পাড় হয়ে দেবতাখুম যাওয়ার শেষ বুকিং স্থলে পৌঁছতে বেলা গড়িয়ে বিকেল তিনটা। আমরা যাচ্ছি, আর দেবতাখুম ঘুরে আসা লোকজন বলছে আপনারা এখন যাচ্ছেন ফিরতে পারবেনতো! যাক আবার নামের সংখ্যা তালিকাভুক্তিকরনে আমাদের ৪৪ নং সিরিয়াল। চলছে ২৪। এখন অপেক্ষা কখন ওইপাড় থেকে কর্ডলেস ডাক আসবে৷ এই ফাকে ফটোশেসন চলছে যে যার মতো। ডাক আসার পর আবার হাটা শুরু, ঝুকিপূর্ণ পিচ্ছিল কাদা পথ পার হয়ে নৌকায় নদী পার হই। এবার সাঙ্গুর কোলঘেসে অল্প কিছুক্ষণ হাটার পর আবার নৌকার জন্য অপেক্ষা।

প্রায় দশ মিনিট পর নৌকায় পার হয়ে যেখানে নামলাম মনে হয় সিলেটে ভোলাগঞ্জ বা বিছানাকান্দি। সাদা কালা পাথর আর পাথর। সর্বশেষ অপেক্ষা, যেখান থেকে ৪৪ সিরিয়াল দিয়েছিল, সেই টোকেন এখানে জমা দেয়ার পর ৩৪ নং সিরিয়াল চলছে। এখান থেকে প্রতি নৌকায় ৬/৭ জন করে দেবতাখুম নিয়ে যায়। অপেক্ষায় পাথর আর পানির মধ্যে বসে আছি। কাঙ্ক্ষিত স্থানটি দেখার ডাক, আমরাই সর্বশেষ বলতে পারি, আমাদের ২৫ জনের সাথে পরের সিরিয়ালে ২/১জন করে থাকা লোকদের আমাদের সাথে নৌকায় দিয়েছে কতৃপক্ষ। বৃষ্টিতে ভিজে দুই পাহারে সরু গুহার নয়নাভিরাম সৌন্দর্যের আঁধারে চলছে নৌকা, এযেন সৃষ্টিকর্তার নিজ হাতে বানানো। বৃষ্টির কারনে স্রোতের তীব্রতা বাড়ায় দ্রুত চলে আসতে হয়েছে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই ফেরার পথে হেটে আসা সম্ভব না। সাথে থাকা গাইডের সহযোগিতায় ইঞ্জিনচালিত নৌকায় উঠি। আসার পথে সাঙ্গু নদীর ভয়ঙ্কর সরু এক বাঁক সেখানে। বাঁকে স্রোত অনেক বেশি। এর মধ্য দিয়ে ইঞ্জিনচালিত নৌকাগুলো ভীষণ ঝুঁকি নিয়ে জায়গাটি অতিক্রম করে।
ছোটবড় নালা ও ঝর্ণার স্বচ্ছ জলে দুপাশে চোখ জুড়ানো পাহাড় ও অরণ্য। পাহাড়িদের বৈচিত্র্যময় জীবন যাপন, ইতিমধ্যে বৃষ্টি থেমে গেলেও আকাশে মেঘের আনাগোনা মাঝে মাঝে মন ছুঁয়ে যায়। পর্যটকদের মধ্যে এমন এক অনুভূতির জন্ম হয়, যা নিজে উপভোগ না করলে বলে বোঝানো যাবে না। তাইতো বলা হয় “বান্দরবান না দেখলে বাংলাদেশ দেখা হবেনা” ।
লেখক, জাকির হোসেন হাজারী, গণমাধ্যম ও সমাজকর্মী।











