আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশের বিশেষ নিরাপত্তা জোরদার: ১ মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, দেশি, বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার
স্টাফ রিপোর্টার:
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের কেনাকাটা, ছিনতাই প্রতিরোধ, ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কোরবানির পশুর গাড়ির সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করেছে কুমিল্লা জেলা পুলিশ। গত এক মাসে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ তৎপরতায় মোট ১২৫ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
কুমিল্লা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামানের নেতৃত্ব, আধুনিক কর্মপরিকল্পনা ও পরোক্ষ দিক-নির্দেশনায় গত এক মাসে জেলাজুড়ে এ সফল সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে।
ডিবি ও থানা পুলিশের যৌথ তৎপরতায় মোট ১২৫ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এর মধ্যে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এককভাবে ৪৬ জন ছিনতাইকারী গ্রেফতারসহ বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে অপরাধ দমনে মূল ভূমিকা পালন করেছে।
দীর্ঘ সীমান্ত এলাকা, গুরুত্বপূর্ণ মহাসড়ক ও নদীপথ বেষ্টিত হওয়ায় কুমিল্লায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক পাচারের মতো অপরাধের প্রবণতা দীর্ঘদিনের।
বর্তমান পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধের ধরন ও মূল কারণগুলো চিহ্নিত করে তা দমনে আধুনিক ও অভিনব কৌশল অবলম্বন করেন। তাঁরই নির্দেশনায় থানা পুলিশের কার্যক্রম যেমন শক্তিশালী করা হয়েছে, তেমনি জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) করা হয়েছে আরও বেশি কৌশলী ও গতিশীল।
ছিনতাইকারী ও চোর চক্রের বিরুদ্ধে চিরুনি অভিযান:
ঈদের আগে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ছিনতাইয়ের উপদ্রব রুখতে জেলা গোয়েন্দা শাখা ও শহর কেন্দ্রিক থানাগুলো বিশেষ অভিযানে নামে। পুরো অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অগ্রণী ভূমিকা পালন করে ৪৬ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করে। এছাড়াও কোতোয়ালি থানা ৩৮ জন, সদর দক্ষিণ থানা ২০ জন, ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ১৭ জন এবং বুড়িচং থানা ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল এবং চোর চক্রের একাধিক সদস্যসহ একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সীমান্তবর্তী এলাকায় মাদক উদ্ধার অভিযান:
অপরাধ দমনের পাশাপাশি পবিত্র উৎসবের প্রাক্কালে মাদক চোরাচালান রোধে জেলা গোয়েন্দা শাখা ও সীমান্তবর্তী থানাগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিবির বিশেষ কৌশলী অভিযানের ফলে সীমান্ত গলিয়ে আসা বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ইস্কাফ, ফেয়ারডিল, বিদেশি মদ এবং বিয়ার উদ্ধার করা হয়েছে।
এই বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, মহাসড়কে পশুবাহী গাড়ি ও যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সব ধরনের অপরাধের মূল উৎপাটন করতে জেলা পুলিশের এই বিশেষ ও আধুনিক কৌশলগত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধমুক্ত ও নিরাপদ কুমিল্লা গঠনে জেলা পুলিশ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছে।