সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ২ জন বহিষ্কার : ব্যক্তি আক্রোশের বহিঃপ্রকাশের অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৫, ২০২৬
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির সহ সভাপতি জালাল উদ্দিন ভুইয়া ও বলরামপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মনিরুজ্জামান ভুইয়াকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার আদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। এই ২টি বহিষ্কার আদেশে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওসমান গনি ভুইয়া ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভুইয়া।

এই বহিষ্কারাদেশ প্রচারের পর উপজেলা বিএনপির সহসভাপতি জালাল উদ্দিন ভুইয়া ও বলরামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান ভুইয়া তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় প্রতিবেদককে জানান, আমাদের এই বহিষ্কার আদেশ কার্যকর হবে না। এটা অসাংবিধানিকভাবে ব্যক্তি আক্রোশে করা হয়েছে। এই বহিষ্কার আদেশ দলের গঠনতন্ত্রের কোন ধারাই অনুসরণ করে করা হয় নাই।

তারা বলেন, আমরা দলের নিবেদিত ও পরীক্ষীত কর্মী। তারা কোন দলীয় শৃঙ্খলা ভঙ্গের সাথে জড়িত না বলেও জানান উভয়ে। বহিষ্কার আদেশে যদিও সুনির্দিষ্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারন উল্লেখ নাই।

অনুসন্ধানে জানা যায়, গত ১৯ মে জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২৬ উপলক্ষে ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়। যা ছিল ইউনিয়ন পর্যায়ে বলরামপুর ইউনিয়নের আয়োজনে উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারি অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান, বিশেষ অতিথি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ ।

সভাপতিত্ব করেন, স্কুলের সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির উপদেষ্টা তিতাস উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ জালাল উদ্দিন ভুইয়া।

উল্লেখ্য যে, অত্র আসনের কুমিল্লা ২ – এর সংসদ সদস্য অনুষ্ঠানের দিন ১৯ মে দেশের বাহিরে অবস্থান করছিলেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুলত রাজনৈতিক প্রতিহিংসা এবং দলীয় কোন্দলে জালাল উদ্দীন ভুইয়া ও মনিরুজ্জামান ভুইয়াকে অনিয়মতান্ত্রিকভাবে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণত সম্পাদক একটি বহিষ্কার আদেশের চিঠি দেন। যা কোনভাবেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের সাথে তারা জড়িত নয় বলে প্রতিয়মান। এমন স্বেচ্ছাচারীতা ও অগঠনতান্ত্রিক সিদ্ধান্তের কারনে এখন তিতাসবাসী রাজনৈতিক সচেতন মহলে তীব্র সমালোচনার ঝড় বইছে।

নেতাকর্মীরা মনে করেন, একজন শিক্ষা সংগঠনের উপদেষ্টা যদি শিক্ষা উন্নয়নমূলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তাহলে সেটি কিভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়? আর যদি শুধুমাত্র এমন একটি অনুষ্ঠানকে কেন্দ্র করেই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়, তাহলে বিষয়টি রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই সাংগঠনিক সিদ্ধান্তের চেয়ে ব্যক্তিগত বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব হিসেবেই বেশি আলোচিত হবে।

তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভুইয়ার কাছে এই আলোচিত বহিষ্কার আদেশে অভিযুক্ত সহ সভাপতি জালাল উদ্দিন ভুইয়ার দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘন্টা খানেক পর এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে প্রতিবেদককে জানান। কিন্তু পরবর্তীতে এ বিষয়ে তার সাথে আর কথা বলা সম্ভব হয়নি।