মানবপাচারের শিকার হয়ে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে বাংলাদেশি যুবক
ডেস্ক রিপোর্ট:
সাইপ্রাসে যাওয়ার স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিলেন জাফর হোসেন। কিন্তু মানব পাচারকারীদের ফাঁদে পড়ে তিনি এখন ইউক্রেনে আটকে রয়েছেন। রাশিয়ার পক্ষে যুদ্ধ করছেন কিয়েভ বাহিনীর বিরুদ্ধে। পাচারের শিকার হয়ে তাকে এই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। জাফর হোসেন যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের সরদারপাড়ার বাসিন্দা।
সম্প্রতি মোবাইল ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে জাফর তার পাচার হওয়া এবং বর্তমান অবস্থার কথা জানিয়েছেন। যুদ্ধের ময়দানে মৃত্যুর ভয়ে তিনি এখন বাড়ি ফিরে আসার আকুতি জানিয়েছেন। জাফর ওই এলাকার খায়রুল সরদারের ছেলে এবং দুই সন্তানের বাবা। তার এই পরিণতিতে পরিবারের সবাই চরম দুশ্চিন্তায় রয়েছেন।
জাফরের বাবা খায়রুল সরদার জানান, পাঁচ মাস আগে ঢাকার একটি এজেন্সির মাধ্যমে সাইপ্রাসে যাওয়ার জন্য বাড়ি ছাড়েন জাফর। এজন্য ওই এজেন্সিকে ৯ লাখ টাকা দেওয়া হয়। দালালচক্র প্রথমে জাফরকে সৌদি আরবে নিয়ে যায়। সেখানে দুই মাস রাখার পর তাকে দুবাই পাঠানো হয়। সেখান থেকে তাকে বিক্রি করে দেওয়া হয়।
বর্তমানে জাফর রাশিয়ায় আটকা পড়েছেন। সেখানে যাওয়ার পর তাকে বলা হয়েছিল যে তাকে আর্মিদের কাপড় পরিষ্কারের কাজ করতে হবে। কিন্তু বাস্তবে তাকে যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের ময়দানে পাঠানো হয়েছে।
খায়রুল সরদার বলেন, “জাফর কান্নাকাটি করছে। সে জানিয়েছে, যুদ্ধ করতে গিয়ে একজন বাংলাদেশি মারা গেছে। আরেকজন আহত হয়েছে। জাফর এখন দেশে ফিরে আসতে চাইছে। না হলে তার মৃত্যু হবে বলে সে জানিয়েছে।”
এদিকে, স্বামীর চিন্তায় জাফরের স্ত্রী খাদিজা খাতুন দিনের পর দিন কাঁদছেন। তিনি বলেন, “আমার স্বামী অনেক কষ্টে আছে। আমি তাকে ফিরে পেতে চাই। কয়েকদিন আগে তার সঙ্গে আমার কথা হয়েছে। সে বলেছে, আমার সন্তানদের তুমি দেখে রেখ।”
জাফরের মা-বাবা জানান, মামাতো ভাই মাহাবুবুর রহমানের মাধ্যমে ঢাকার এজেন্সির সঙ্গে তাদের যোগাযোগ হয়েছিল। তবে মাহাবুবুর রহমান এই বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, “ঢাকার হাজি ক্যাম্প এলাকার তামান্না নামে এক মহিলার মাধ্যমে বনানীর ৪ নাম্বার রোডের হাসান এজেন্সির সাহায্যে জাফর বিদেশে গেছে।”
মাহাবুবুর আরও বলেন, “এজেন্সিতে জাফরের পাসপোর্ট প্রথমে সাইপ্রাসে যাওয়ার জন্য জমা দেওয়া হয়। সাইপ্রাসের ভিসা না হওয়ায় দুই বছর পর তারা বলে, রাশিয়ায় লোক যাচ্ছে, সেখানে পাঠাবে। আমরা বলি, রাশিয়া তো যুদ্ধের দেশ, ওই জায়গায় নিরাপদ নেই। তারা (এজেন্সি) বলে, নিরাপদ আছে, ওই জায়গায় ক্লিনারের কাজ করবে। যুদ্ধের কাহিনী ওরা দেখতে পারবে না, জানবেও না। এভাবে নিয়ে যাওয়ার পর এখন বিপদে পড়েছে। তারা এখন অস্ত্র হাতে ট্রেনিং দিয়েছে। জাফর মাটির নিচে বাংকারে আছে। এখন সে জীবিত আছে নাকি মৃত, তার কোনো খোঁজখবর পাচ্ছি না।”
জাফরকে ফিরিয়ে আনতে তার পরিবারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন মাহাবুবুর রহমান।