,

দাউদকান্দিতে দুই মাসে তিন কোটি টাকার মাদক-অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২৮৬

আজকের কুমিল্লা ডট কম :
September 6, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে গত দুই মাসে তিন কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে। এসব অভিযানে অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলায় ২৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম।

তিনি জানান, গত দুই মাসে দাউদকান্দি মডেল থানা পুলিশ ১ লাখ ২৪ হাজার ৯৬৬ পিস ইয়াবা, ৭২৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৫৭৫ বোতল ফেয়ারডিল, ১ হাজার ২০১ বোতল স্কার্ফ সিরাপ এবং ছয় বোতল বোটকা উদ্ধার করেছে। এসব মাদকের আনুমানিক বাজার মূল্য তিন কোটি টাকা হতে পারে। অভিযানে দুটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।

এ ছাড়া মাদক মামলায় ৫৮ জন, গ্রেফতারি পরোয়ানামূলে ৯৪ জন, ডাকাতির মামলায় ৫৬ জন এবং ছিনতাইকারী ও চোর হিসেবে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে আরও ৭৫ জনকে। সব মিলিয়ে দুই মাসে মোট ২৮৬ জনকে গ্রেফতার করা হয়।

ওসি বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, মেঘনা, গোমতী নদীসহ ভৌগলিক নানা কারণে দাউদকান্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি থানা। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক ও অস্ত্রের উদ্ধারে আমাদের তৎপরতা চলছে। মাদক, অস্ত্র, ডাকাতি, ছিনতাই ও চুরিসহ অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।