,

শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল, পলকের স্বীকারোক্তি

আজকের কুমিল্লা ডট কম :
December 19, 2024
news-image

শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল, পলকের স্বীকারোক্তি

আজকের কুমিল্লা ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জুলাই গণঅভ্যুত্থানের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে স্বীকার করেছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাকে এক দিনের জন্য জিজ্ঞাসাবাদ করে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ তথ্য সাংবাদিকদের জানান প্রধান প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের সময় পলক ট্রাইব্যুনালকে স্বীকার করেছেন যে, আন্দোলনের সময় গণহত্যার তথ্য বিশ্বের কাছে আড়াল করতে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল।

প্রসিকিউটর আরও জানান, আন্দোলনের সময় পলক দাবি করেছিলেন, ডেটা সেন্টারে আগুন এবং সাবমেরিন কেবলের তার ক্ষতিগ্রস্ত হওয়ায় ইন্টারনেট বন্ধ হয়ে যায়। তবে, তদন্তে তার এই দাবিগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে।

এর আগে ১৩ আগস্ট ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনের সময় পুরো দেশ ইন্টারনেটবিহীন করে রেখেছিল বিগত সরকার।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডেটা সেন্টার পুড়ে যাওয়ার কথা বলে মিথ্যা গল্প তৈরি করেন। বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি। পলক, বিটিআরসি এবং এনটিএমসি ইন্টারনেট বন্ধে সরাসরি জড়িত ছিলেন। তিনি ডেটা সেন্টারের ভুয়া তথ্য প্রচার করে জাতির সঙ্গে প্রতারণা করেছেন।