শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হানিমুনে গিয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের কবলে নবদম্পতি

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১০, ২০২৪
news-image

হানিমুনে গিয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের কবলে নবদম্পতি

ডেস্ক রিপোর্ট:

ব্রিটিশ নবদম্পতি সদ্য বিয়ে করে হানিমুনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যকে বেছে নেন। কিন্তু বিয়ের ব্যস্ততার মধ্যে তাঁরা কোনো ধরনের আবহাওয়ার খবর রাখতে পারেননি। তাঁদের জানা ছিল না যে ফ্লোরিডায় এই সময়ে ভয়ংকর দুটি ঘূর্ণিঝড় আঘাত হানতে চলেছে। সেখানে পৌঁছে নবদম্পতি দুটি প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের কবলে পড়েন। প্রথমে হারিকেন হেলেন, আর এখন চলছে মিল্টনের তাণ্ডব।

নববধূ জেনি ফ্লিন তাঁদের এই অভিজ্ঞতা শেয়ার করেছেন বিবিসির সঙ্গে। তিনি জানান, এটি তাঁর হানিমুনের সময় ফ্লোরিডায় দ্বিতীয় ঘূর্ণিঝড়। জেনি বলেন, “হারিকেন হেলেনের সময় আমাদের ক্লিয়ারওয়াটার থেকে সরিয়ে নেয়া হয়েছিল। এখন আমরা দ্বিতীয় ঘূর্ণিঝড়ের মুখোমুখি হচ্ছি।”

জেনি ও তাঁর স্বামী সাফোক থেকে ২৩ সেপ্টেম্বর ফ্লোরিডায় যান। তবে সেখানে পৌঁছানোর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই হারিকেন হেলেনের কারণে তাঁদের সরে যাওয়ার প্রস্তুতি নিতে হয়।

জেনি আরও বলেন, “আমরা বিয়ের প্রস্তুতিতে এতটাই ব্যস্ত ছিলাম যে ফ্লোরিডার আবহাওয়া নিয়ে ভাবার সুযোগ পাইনি। আমি প্রতিবন্ধী, তাই দ্রুত সরে যাওয়া আমাদের জন্য কঠিন ছিল। যদি আবহাওয়া খুব খারাপ হয়, ধ্বংসাবশেষের মধ্য দিয়ে চলাফেরা করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়বে। আমি হয়তো আটকে যেতে পারি।”

এদিকে, তাঁদের দেশে ফেরার ফ্লাইটও বাতিল হয়ে গেছে। জেনি জানান, ভ্রমণ বিমা থাকা সত্ত্বেও হোটেলে অতিরিক্ত রাত কাটানোর খরচ তাঁদের অগ্রিম দিতে হয়েছে। এমনকি তাঁদের রুম লকডাউনে রাখা হতে পারে বলেও জানানো হয়েছে।

স্থানীয় সময় ৯ অক্টোবর বুধবার ফ্লোরিডার পশ্চিম উপকূলে আঘাত হানে হারিকেন মিল্টন। ভারী বৃষ্টিপাত, প্রবল ঝোড়ো বাতাস এবং প্রাণঘাতী জলোচ্ছ্বাসের সতর্কতার মধ্যেই ঘূর্ণিঝড়টি উপকূলীয় এলাকায় আঘাত করে।

এর মাত্র দুই সপ্তাহ আগে হারিকেন হেলেন দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালায়। ২০০৫ সালে আঘাত হানা হারিকেন ক্যাটরিনার পর থেকে এটি মার্কিন মূল ভূখণ্ডের সবচেয়ে প্রাণঘাতী ঝড় হিসেবে ধরা হয়েছে। এতে অন্তত ২২৫ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন। ফ্লোরিডায় শুধুমাত্র ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।