,

চান্দিনায় প্রেমিক যুগলের নগ্ন ভিডিও ধারণ; ইউপি সদস্য আটক

আজকের কুমিল্লা ডট কম :
May 23, 2019
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনা ঃ
কুমিল্লার চান্দিনায় প্রেমিক যুগলের নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা আদায়ের অভিযোগে আনোয়ার হোসেন নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ মে) দিনগত রাতে অভিযান চালিয়ে চান্দিনা পশ্চিম বাজার এলাকা থেকে তাকে আটক করে চান্দিনা থানা পুলিশ।

আটক আনোয়ার চান্দিনা উপজেলার দোবারিয়া গ্রামের আলী আকবর এর ছেলে এবং বাড়েরা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য।

ভূক্তভোগিদের অভিযোগ, একই গ্রামের এক কলেজ পড়ুয়া প্রেমিক যুবকের সাথে পূর্ব শত্রুতার জের ধরে গত বছরের ১০ অক্টোবর রাতে তাকে বাড়ি থেকে ডেকে এনে এবং একই কৌশলে স্কুল পড়ুয়া প্রেমিকাকে ডেকে এনে উভয়কে নগ্ন করে ভিডিও ধারণ করে ওই ইউপি সদস্য আনোয়ার সহ সাত জন।
ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে হুমকি দিয়ে পরদিন তাদের উভয়ের পরিবারের কাছ থেকে ৮০ হাজার টাকা চাঁদা নেয় ওই ইউপি সদস্য।

বিষয়টি দীর্ঘদিন ধামাচাপা পড়ে থাকার পর সম্প্রতি আবারও ওই দুই পরিবারের কাছে চাঁদাদাবী করে তারা। তাদেরকে চাঁদা না দেওয়ায় ভিডিওটি ছড়াতে শুরু করে চক্রটি।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল জানান, ধারণকৃত ওই ভিডিও সহ ভূক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে পর্ণগ্রাফি আইনে ওই ওয়ার্ড মেম্বার সহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।