বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

টাকা ফেরত চাওয়ায় প্রেমিকের গায়ে আগুন দিল প্রেমিকা!

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৩, ২০১৯
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

এবার ঘটল উল্টো ঘটনা। ধারের টাকা ফেরত চাওয়ায় প্রেমিকের গায়ে আগুন দিল প্রেমিকা।ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার গোপালনগরে।

গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। ইতোমধ্যেই অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, আহত শাহজাহান বিবাহিত। তার একটি সন্তান রয়েছে। অভিযুক্ত হালিমা বিবি তার প্রতিবেশী। বছর দশেক আগে ইসলামপুরের রাজবর মণ্ডলের সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর। এরপরই শাহাজাহানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন হালিমা। তবে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে অশান্তি চলছিল।

জানা গেছে, শনিবার রাতে হালিমা বিবির বাড়িতে যান শাহজাহান। অভিযোগ, সেই সময় দরজা বন্ধ করে যুবকের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন হালিমা। অগ্নিদগ্ধ অবস্থায় কোনওক্রমে সেখান থেকে বেড়িয়ে নিজের বাড়িতে যান ওই যুবক। এরপর পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই সেখান থেকে তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই যুবক।

শাহাজাহানের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর ধরে শাহজাহান মালয়েশিয়া কাজ করে। সেই সময় থেকেই হালিমার সঙ্গে সম্পর্ক ছিল শাহাজাহানের। হালিমা ওই যুবকের থেকে প্রচুর টাকাও নিয়েছিল ধার হিসেবে। শনিবার সেই টাকা চাইতে যান শাহাজাহান। তখনই তাকে পুড়িয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ।